বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৫ এম
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এই পদক্ষেপের ফলে ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রিটেনের এই সিদ্ধান্ত এবং একই সঙ্গে আরও ১১টি দেশের নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অবনতির ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাজ্য ইসরায়েলের ক্ষোভের মূল লক্ষ্য হলেও, ১২টি দেশ একযোগে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। লন্ডন পূর্ব থেকেই জানত যে, ইসরায়েল-ফিলিস্তিন নীতিতে এমন বড় পরিবর্তন তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। তবে ইসরায়েলের প্রতিক্রিয়ার গতি ও তীব্রতা ব্রিটিশ কর্মকর্তাদের জন্যও বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলের পাল্টা পদক্ষেপের মধ্যে রয়েছে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া। এই কনস্যুলেট পশ্চিম তীরের বিষয়াদি নিয়ে কাজ করে এবং রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। পাশাপাশি গাজা উপত্যকায় স্থিতিশীলতা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার থেকেও ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে।
ইসরায়েলের এই পদক্ষেপগুলো থেকে বোঝা যাচ্ছে, যুক্তরাজ্যসহ ১২ দেশের মঙ্গলবারের সিদ্ধান্তকে দেশটি কতটা গুরুতর হিসেবে দেখছে। ওই দেশগুলোর মধ্যে ফ্রান্স, স্পেন ও কানাডাও রয়েছে।
ইসরায়েল থেকে রপ্তানি হওয়া পণ্যের তুলনায় বসতিতে উৎপাদিত পণ্যের পরিমাণ হয়তো খুব বেশি নয়। তবে এসব পণ্যকে আলাদাভাবে নিষেধাজ্ঞার আওতায় আনার রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যসহ বিভিন্ন পশ্চিমা সরকার
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করে এলেও
সেখান থেকে উৎপাদিত বা চাষ করা পণ্যের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেনি।
এবার ব্রিটেন সেই অবস্থানে বড় পরিবর্তন এনেছে। ২০২৪ সালের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের সঙ্গে যুক্তরাজ্য একমত বলে ঘোষণা করার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, দখলদারত্বকে কেন্দ্র করে ব্রিটেনের অর্থনৈতিক সম্পর্কেও সেই অবস্থানের প্রতিফলন থাকা উচিত।
এর ফলে শুধু বসতিতে উৎপাদিত পণ্য নয়, বসতিগুলোর নির্মাণ, অবকাঠামো উন্নয়ন বা অর্থায়নের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পাশাপাশি এমন অস্ত্র বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা ‘দখলদারত্বে বস্তুগতভাবে অবদান রাখে’। প্রত্যাশার তুলনায় এসব পদক্ষেপ অনেক বেশি কঠোর বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এডওয়ার্ড মিলিব্যান্ড বলেছেন,
। একই সঙ্গে ইসরায়েলি সরকার এসব কর্মকাণ্ডের দিকে চোখ ফিরিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
মিলিব্যান্ড ব্রিটিশ নীতির এই পরিবর্তনকে ‘রিসেট’ বা নতুন করে সাজানোর উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তবে এর ব্যাপ্তি দেখে এটিকে কেবল নীতির পুনর্বিন্যাস নয়, বরং বড় ধরনের পুনর্বিবেচনা হিসেবেও দেখা হচ্ছে। এর ফলে ব্রিটেন-ইসরায়েল সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছেছে।
ইসরায়েলে আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের কঠোর প্রতিক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে দেশটির অধিকাংশ মানুষও ব্রিটেনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের অনেক নাগরিক কিছু বসতিস্থাপনকারীর সহিংস ও ধর্মীয় উগ্র মতাদর্শকে সমস্যা মনে করেন। এমনকি কেউ কেউ তাদের দেশের জন্য বিব্রতকর বলেও মনে করেন। কিন্তু এর অর্থ এই নয় যে তারা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে দখল করা ভূখণ্ডে গড়ে ওঠা বসতিগুলোকে অবৈধ বলে মনে করেন।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গত বছর বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। এমন বক্তব্যের সঙ্গে অধিকাংশ ইসরায়েলি একমত নাও হতে পারেন। তবে আন্তর্জাতিক চাপ যে ক্রমেই বাড়ছে, তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।
ইউরোভিশন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলবিরোধী প্রতিবাদ, দেশটির নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা এবং এবার বসতিতে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের পরিধি বাড়ছে। এতে দেশটির মানুষের মধ্যে উদ্বেগ ও আত্মরক্ষামূলক মনোভাব আরও জোরালো হচ্ছে।
ফিলিস্তিনিদের দৃষ্টিতে অবশ্য পরিস্থিতিটি ভিন্ন। তারা ১২ দেশের নেওয়া পদক্ষেপকে অগ্রগতি হিসেবে দেখছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোকে স্বাগত জানালেও ইসরায়েলের ‘অবৈধ বসতি স্থাপন কার্যক্রম’ বন্ধে আরও ‘জরুরি ও বাস্তব পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।
লন্ডনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ড. হুসাম জোমলট ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে যুক্তরাজ্য-ফিলিস্তিন সম্পর্কের ‘একটি গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ব্রিটেনের ‘সাহসী পদক্ষেপ’ ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করতে সহায়তা করবে।
তবে জোমলটও জানেন, ইসরায়েলের ৫৯ বছরের দখলদারত্ব এই সিদ্ধান্তের ফলে শেষ হয়ে যায়নি, এমনকি এতে পরিস্থিতির মৌলিক পরিবর্তনও ঘটেনি। কার্যকর ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা এখনও অত্যন্ত ক্ষীণ। ১২ দেশের সম্মিলিত পদক্ষেপে পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ থামবে—এমন তাৎক্ষণিক কোনো লক্ষণও নেই।
এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ১৯৯১ সালে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং তার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়িৎসহাক শামিরের সরকারকে ১০ বিলিয়ন ডলারের ঋণ নিশ্চয়তা বন্ধের হুমকি দিয়েছিলেন। অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপনে ওই অর্থ ব্যবহার করা হবে না—এমন নিশ্চয়তা দিতে শামির অস্বীকৃতি জানালে ওয়াশিংটন এই চাপ প্রয়োগ করেছিল।
কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত নেতানিয়াহুর বসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ন্ত্রণে আনার কোনো আগ্রহ দেখাননি। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (ম্যাগা) আন্দোলনের কিছু অংশ সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সমালোচনা করলেও ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একজন দৃঢ় খ্রিস্টান জায়নবাদী। তিনি পশ্চিম তীরকে ইহুদিদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি হিসেবে দেখার ইসরায়েলি অবস্থানের সঙ্গে একমত।
ফলে যুক্তরাজ্য ও তার অংশীদার ১১ দেশের মঙ্গলবারের পদক্ষেপ শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয়, বরং ওয়াশিংটনে ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গেও এক ধরনের সংঘাত তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পশ্চিম তীরে ইসরায়েলের চলমান বসতি সম্প্রসারণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সম্পূর্ণ বেআইনি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ২৭টি দেশের সমন্বয়ে গঠিত এই শীর্ষ জোটের সকল সদস্য রাষ্ট্র একমত হয়ে জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন বসতি স্থাপনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্যসহ বিশ্বমঞ্চের ১২টি দেশ পশ্চিম তীরের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের যৌথ প্রস্তাব দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব থেকে এই ঘোষণা এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কাল্লাস জোটের অভিন্ন অবস্থান প্রকাশ করেন। তিনি বলেন, "পশ্চিম তীরে ইসরায়েল সরকারের ক্রমাগত বসতি সম্প্রসারণের আগ্রাসী নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান’ অর্জনের সব সম্ভাবনা ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ধ্বংস করছে।" তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের এই একপেশে ও উসকানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পরিবেশ বিনির্মাণে বড় বাধা তৈরি করছে।
চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইইউর এই শীর্ষ কূটনীতিক জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গাজা এবং পশ্চিম তীরে সবচেয়ে বেশি মানবিক সাহায্য ও ত্রাণসহায়তা প্রদানকারী একক সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করতে ইইউর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাত নিরসনে মধ্যপ্রাচ্যনীতির চূড়ান্ত রূপরেখা তুলে ধরে কায়া কাল্লাস জানান, ইউরোপীয় ইউনিয়ন একটি দীর্ঘস্থায়ী, ন্যায়সংগত ও সামগ্রিক শান্তির বিষয়ে পূর্ণাঙ্গভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "এই কাঙ্ক্ষিত শান্তি কেবল তখনই সম্ভব, যখন দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিন—দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারবে।"
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ তরুণ ও সাহসী সাংবাদিক, অন্যায়-অপশক্তির বিরুদ্ধে সোচ্চার কলমযোদ্ধা মো. জিয়াউল হক আকনের শুভ জন্মদিন। জন্মদিনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশে সংবাদমাধ্যমের সংখ্যা বাড়লেও বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা নিয়ে নানা সময়ে প্রশ্ন ওঠে। এমন প্রতিকূল পরিবেশেও সাধারণ মানুষের দুর্ভোগ, বঞ্চনা, অনিয়ম-দুর্নীতি এবং নির্যাতিত মানুষের না-বলা কথা তুলে ধরতে সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন সাংবাদিক জিয়াউল হক আকন।
তিনি বর্তমানে দৈনিক জনকণ্ঠ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক ভোরের চেতনা, সরেজমিন ও একুশে সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিজয় টিভি ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় বরিশাল জেলার দায়িত্বেও রয়েছেন।
সাংবাদিকতা জীবনে জিয়াউল হক আকন বিভিন্ন জনদুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। তার প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে উপজেলার অনেক গৃহহীন পরিবার আশ্রয়ের ব্যবস্থা পেয়েছে বলে জানা গেছে। অসহায় ও দরিদ্র মানুষের ঘর নির্মাণ, নির্যাতিত মানুষের আইনি সহায়তা এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি ভূমিকা রেখে চলেছেন।
সহকর্মীদের মতে, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলাই সাংবাদিক জিয়াউল হক আকনের সাংবাদিকতার অন্যতম বৈশিষ্ট্য। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তার সাহসী অবস্থান এবং অনুসন্ধানী সংবাদ প্রকাশের প্রচেষ্টা তাকে স্থানীয় সাংবাদিকতায় আলাদা পরিচিতি এনে দিয়েছে।
তরুণ এই কলমযোদ্ধার জন্মদিনে সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও তিনি যেন সত্য, ন্যায় ও সাধারণ মানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যেতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে, সঙ্গে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের সময় হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া সড়কের পাশে হেবু শেখের মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
দেলোয়ার হোসেন সদর উপজেলার ভিটি হোগলাকান্দি এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ