১০:৫৫ এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, বিরোধীদের দমন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার রাজনৈতিক ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ৯৫ পৃষ্ঠার ‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট? মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি দমন-পীড়ন, দুর্নীতি এবং ভোটার তালিকা সংশোধনের ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতের নাগরিকেরা ক্রমেই রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন। এইচআরডব্লিউ অভিযোগ করেছে যে, বিজেপি নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতি উপেক্ষা করছে, রাজনৈতিক বিরোধীদের দমন করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করছে। পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী ন্যায়পাল ও মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠান দুর্বল করার পাশাপাশি বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগও তুলেছে সংস্থাটি।
আরও পড়ুন: ইরান হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেছেন, গত এক দশকে মোদি সরকার ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে দুর্বল করেছে। তিনি উল্লেখ করেছেন যে, এসব প্রতিষ্ঠান নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নাগরিক স্বাধীনতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর অভিযোগ, সরকার আইনের শাসন ক্ষুণ্ন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার সুরক্ষা সংকুচিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মোদি প্রশাসন সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনার নিয়োগে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বাড়িয়ে একটি আইন পাস করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় নেওয়া পদক্ষেপ, সিদ্ধান্ত বা বক্তব্যের জন্য কমিশনারদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়। সংসদের উভয় কক্ষ থেকে পুরো অধিবেশনের জন্য ১০০ জন লোকসভা সদস্য এবং ৪৬ জন রাজ্যসভা সদস্যকে বরখাস্ত রাখার সময় আইনটি পাস করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সাধারণত কোনো বিল আইনে পরিণত হতে সংসদের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হয়। তবে অর্থ বিল হিসেবে উত্থাপিত হলে রাজ্যসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। এই সুযোগ ব্যবহার করে মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলে এমন আইনও অর্থ বিল হিসেবে পাস করানো হয়েছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ।
আরও পড়ুন: তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
এর উদাহরণ হিসেবে ২০১৯ সালে অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। সংস্থাটির দাবি, ওই সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানো হয়। পরে রাজনৈতিক প্রতিপক্ষ, অধিকারকর্মী ও সমালোচকদের লক্ষ্যবস্তু করতে সংস্থাটিকে ব্যবহার করা হয়েছে। অথচ ইডির ক্ষমতা বাড়ানোর বিষয়টি অর্থ বিলের নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়ে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার পরও প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির জ্যেষ্ঠ নেতাদের জবাবদিহির আওতায় আনতে কমিশন বারবার ব্যর্থ হয়েছে। ভোটার তালিকায় কারচুপি, ভোটের তথ্য গোপন, ভোট গণনায় অনিয়ম এবং ভোটযন্ত্রে হস্তক্ষেপের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্তও করা হয়নি বলে দাবি সংস্থাটির।
নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করার সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত, দ্বৈত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে ২০২৫ সালের জুনে শুরু হওয়া ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়ার অভিযোগও তুলেছে সংস্থাটি। এ নিয়ে ২০২৬ সালের অক্টোবরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছে এইচআরডব্লিউ। সরকারি তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচারবিরোধী আইন সংশোধনের পর ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের অধিকাংশই বিরোধী দলের। এর আগে মোদি সরকারের প্রথম দশ বছরে ২৬ জন রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত নেতারা বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে তদন্ত স্থগিত বা অভিযোগ প্রত্যাহারের ঘটনা ঘটেছে বলেও দাবি করেছে সংস্থাটি। এ কারণে বিরোধী দলগুলো বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে অভিহিত করে থাকে।
আরও পড়ুন: পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য
২০১৪ সাল থেকে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আর্থিক আইনের আওতায় মানবাধিকার সংস্থা, আইনজীবী, অধিকারকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ব্যবহার বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, শান্তিপূর্ণ বিক্ষোভকারী, শিক্ষাবিদ ও সমালোচকদের আটক রাখতে সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএর অপব্যবহারের অভিযোগও তুলেছে এইচআরডব্লিউ। অনেককে বিচার ছাড়াই বছরের পর বছর আটক রাখা হচ্ছে বলে দাবি সংস্থাটির।
মৌলিক স্বাধীনতা রক্ষায় ভারতের আদালতগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ভারতের সুপ্রিম কোর্ট অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে তদন্ত সংস্থাগুলোর গ্রেপ্তার, তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা অনুমোদন ও সম্প্রসারণ করেন। আইন বিশেষজ্ঞরা ওই রায়কে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছিলেন।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনগুলোর শুনানি সুপ্রিম কোর্টে চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের মে মাসে ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম বাদ পড়ার পর আদালত বলেন, প্রাপ্ত তথ্য ‘পদ্ধতিগত ভোটাধিকার হরণের’ ইঙ্গিত দেয় না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯০ লাখ নাম বাদ দেওয়ার পরও আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে তালিকায় নাম যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাদ পড়ার সময়ে ভোট দিতে না পারার বিষয়টি গ্রহণযোগ্য বলে আদালত কার্যত মত দিয়েছিলেন। পরে বিক্ষোভের মুখে নভেম্বর নাগাদ নির্বাচন কমিশন নির্বিচারে নাম বাদ দেওয়ার কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করতে শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এইচআরডব্লিউর মতে, গত এক দশকে মোদি প্রশাসনের এসব কর্মকাণ্ড বিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক ব্যর্থতা নয়; বরং এগুলো একটি কর্তৃত্ববাদী কৌশলের অংশ। দুর্বল বিরোধী দলের পক্ষে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো আইন প্রতিরোধের সুযোগ সীমিত হয়ে পড়েছে। রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পরিচালিত মানবাধিকার কমিশনগুলো নাগরিক সমাজের কণ্ঠরোধ ঠেকাতে যথাযথ ভূমিকা রাখছে না। অন্যদিকে আদালত সময়মতো কার্যকর প্রতিকার দিতে ব্যর্থ হওয়ায় এসব অপব্যবহার অব্যাহত রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
আরও পড়ুন: ভারতে মসজিদে বুলডোজার, আদালত অবমাননার মামলা শুনতে অস্বীকৃতি সুপ্রিম কোর্টের
ভারতের মিত্র দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, উচ্চপর্যায়ের বৈঠক, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আলোচনায় ভারতের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবনতি নিয়ে উদ্বেগ জানানো উচিত।
ইলেইন পিয়ারসন বলেন, ভারতের গণতান্ত্রিক অবক্ষয় রোধ করতে হলে সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে সবার অধিকার রক্ষায় এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য ফিরিয়ে আনতে মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন