ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, দুই শিশুকে জীবিত উদ্ধার


তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, দুই শিশুকে জীবিত উদ্ধার

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পুলিশ ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। একই সময়ে একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তাঁর দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ইসরাতের স্বামী কাউসার আহাম্মেদ শাওন (৩৫) পলাতক রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকালে শেখের ভিটা এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ফ্ল্যাটের জানালা দিয়ে দুটি শিশু বারবার পানি চাইতে শুরু করে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের লোকজনের সন্দেহ হলে বিষয়টি ভবনের মালিককে জানানো হয়। পরে দেখা যায়, ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। একপর্যায়ে স্থানীয়রা সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর তারা ফ্ল্যাটের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত ইসরাত জাহান ও কাউসার আহাম্মেদ শাওন দম্পতির দুই সন্তান রয়েছে। তাদের মেয়ে স্নেহার বয়স ১০ বছর এবং ছেলে মমিন শাহরিয়ারের বয়স ৫ বছর।

আরও পড়ুন: দুমকিতে ভুয়া ফেসবুক আইডি খুলে অশালীন মন্তব্য ও ছবি পোস্টের অভিযোগ

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা দিয়ে বাচ্চা দুটি পানি চাইলে স্থানীয়রা সেখানে গিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে তাদের উদ্ধার করেন। এর পরেই ভেতরে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুরিয়ারে মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগ, ম্যানেজার আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


কুরিয়ারে মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগ, ম্যানেজার আটক

মাদক কারবারের অর্থ লেনদেন সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ শহরের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় অবৈধ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।

এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার নূর মো. মঞ্জুকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) বিকেল বেলায় শহরের বিসিক ব্রিজ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযানটি পরিচালনা করা হয়। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়।

সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানিয়েছেন, কক্সবাজার থেকে গোপালগঞ্জ এবং এর আশেপাশের বিভিন্ন এলাকায় আসা মাদকের অর্থ লেনদেন হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযানটি করা হয়েছে। এ অভিযানে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত কাগজপত্রেও হাত পড়েছে।

একইসঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


সাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টায় ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর প্রান্তে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদে চলাচল করতে সতর্কবার্তায় নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ কারণে বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও দেখা দিতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরের সৌন্দর্যবর্ধনে ৬১৫ ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


নগরের সৌন্দর্যবর্ধনে ৬১৫ ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা এবং নগরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ৬১৫টি ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে, এমনটি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে এসব পোল স্থাপনের কাজ শুরু হবে।

রবিবার বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, নগরের সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের চলাচলের সুবিধার উদ্দেশে ৬১৫টি ডেকোরেটিভ পোল স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন চলছে। এর ফলে নগরের সৌন্দর্য আরও উন্নত হবে।

ডিএনসিসির প্রশাসক আরও জানান, এই প্রকল্পে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকল্প পরিচালক, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রফিকসহ যে সকল ব্যক্তিরা জড়িত রয়েছেন, তাদের পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে নগরের সৌন্দর্যবর্ধনে কাজ করেছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

শফিকুল ইসলাম বলেন, শহরকে আলোকিত ও আধুনিক করার জন্য নির্দেশনা রয়েছে। জনগণের করের অর্থে এই প্রকল্প কার্যকর হবে। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন গ্রহণ করবে। তবে, এই কাজে নগরবাসী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে। সকলের সহযোগিতায় এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত এবং বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আগৈলঝাড়ায় ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


বরিশালে আগৈলঝাড়ায় ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্তের দাবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষদের হয়রানি করা, অর্থ আদায় করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু সদস্যের বিরুদ্ধে। অভিযোগগুলো সম্পর্কে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

গত রোববার (১১ আগস্ট) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ উত্থাপন করেন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর হাওলাদার এবং একই এলাকার বাসিন্দা বাদশা হাওলাদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাফর হাওলাদার অভিযোগ করেন যে, আগৈলঝাড়ার মোল্লাপাড়া গ্রামে জেলা ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু সদস্য প্রায়শই সাদা পোশাকে অভিযান পরিচালনা করেন। তার দাবি, তারা এই সময় স্থানীয় নয়ন ঢালী ও গৈলা ইউনিয়নের ভদ্রপাড়ার শাহিন সরদারকে সোর্স হিসেবে ব্যবহার করে স্বচ্ছল পরিবারের উঠতি বয়সী কিশোর-তরুণদের আটক করেন।

জাফর হাওলাদার আরো অভিযোগ করেন যে, আটকের পর তাদের মাদক দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়। কেউ টাকা দিতে না পারলে, কিংবা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

জাফর হাওলাদার আরও বলেন, গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টা নাগাদ তার ছেলে নাদিম, প্রতিবেশী বাদশা হাওলাদারের ছেলে কলেজশিক্ষার্থী সাব্বির এবং শহিদুল হাওলাদারের ছেলে শিক্ষার্থী সোহাগকে বাড়ির সামনে থেকে আটক করা হয়।

তার অভিযোগ, জেলা ডিবির এএসআই রাজিব চন্দ্র পাল, এসআই আবজাল হোসাইনসহ কয়েকজন সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। একই সঙ্গে কথিত সোর্স নয়ন ঢালী ও শাহিন সরদারও সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

জাফর হাওলাদার জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসলেও তার বুঝে ওঠার আগেই ডিবি সদস্যরা নাদিম, সাব্বির ও সোহাগকে নিয়ে চলে যান। তার দাবি, পরে গভীর রাতে সাব্বির ও সোহাগের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার পর তাদের ছাড়িয়ে দেওয়া হয়। তবে ডিবির কথিত হয়রানির প্রতিবাদ করায় তার ছেলে নাদিমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাফর হাওলাদারের ভাষ্য, গৌরনদী থানায় দায়ের করা একটি মামলায় নাদিমের কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে। এজাহারে ঘটনাস্থল হিসেবে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারসংলগ্ন ছয়গ্রামগামী সড়কের মুখ দেখানো হলেও, ওই ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করেন তিনি।

এ ছাড়া মামলার এজাহারে যাদের সাক্ষী করা হয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না বলেও অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত লালমিয়া হাওলাদার।

সংবাদ সম্মেলনে জাফর হাওলাদার আরও অভিযোগ করেন, কিছুদিন আগে রত্নপুর ইউনিয়নের বরিয়াল বারহাজার গ্রামের কাওসার নামের এক মাছচাষি ও খামার ব্যবসায়ীর মুরগির খামারে সাদা পোশাকে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

তার দাবি, খামারে কোনো মাদকদ্রব্য না পাওয়ার পরও কাওসারকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার কাছ থেকেও আদায় করা হয় অর্থ। একের পর এক ঘটনার পর কাওসারের মত অনেকেই ভয়ের কারণে এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে পারছেন না বলে অভিযোগ করেন জাফর হাওলাদার।

তিনি অভিযোগ করেন, এর আগেও এলাকায় জেলা ডিবির এএসআই রাজিব চন্দ্র পাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের বিরুদ্ধে ধরপাকড়ের নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সরকারী কর্মকর্তাদের দ্বারা হুমকি দেওয়ার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।

জাফর হাওলাদার বলেন, তিনি তার ছেলে নাদিমকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এসে বাদশা হাওলাদার বলেন, তার ছেলে সাব্বির ও প্রতিবেশী সোহাগকে আটকের পর ৩০ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে আনার দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত লালমিয়া হাওলাদার নিজেকে ডিবি পুলিশের করা মামলার প্রথম সাক্ষী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ওই ঘটনার বিষয়ে কিছুই জানেন না। কীভাবে তাকে মামলার সাক্ষী করা হয়েছে, সে বিষয়েও তিনি অবগত নয়েন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনের শেষ দিকে উপস্থিত হন জেলা গোয়েন্দা পুলিশের এএসআই রাজিব চন্দ্র পালের কথিত সোর্স হিসেবে পরিচিত নয়ন ঢালী। তিনি দাবি করেন, ১১ আগস্ট রাতের ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার সামনেই পুরো ঘটনা ঘটে।

নয়ন ঢালীর দাবি, ওই রাতে আটক নাদিম, সাব্বির ও সোহাগের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। নাদিমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবজাল হোসাইনের সঙ্গে যখন মুঠোফোনে যোগাযোগ করা হলে, সংবাদকর্মীর পরিচয় জানার পর তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত রয়েছেন বলে জানান এবং ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে জেলা ডিবি পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%