০৮:৪৫ পি.এম
নরসিংদীর মাধবদীতে ট্রাকচালকের মাথায় বিদেশি পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ছিনতাই হওয়া নগদ অর্থ।
মাধবদী থানায় মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান আশিক এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, সোমবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকায় ট্রাকচালককে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাধবদী থানার পাঁচভাগ শ্রীনগর এলাকার মৃত মিজানের ছেলে শুভ (২২) এবং একই এলাকার হালিম মিয়ার ছেলে ফাহিম (২৬)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাসের উদ্বোধন।
পুলিশ জানিয়েছে, তিন ছিনতাইকারী ট্রাকচালকের গতিরোধ করে। এ সময় তাঁরা পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে চালকের কাছ থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশে মাধবদী থানার এসআই (নিরস্ত্র) আবু ইউসুফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করে।
একই সঙ্গে পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, ৭.৬২ মিমি ব্যাসের তিন রাউন্ড তাজা গুলি এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে নগদ দুই টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে মাধবদী থানায় অস্ত্র আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারী দলের অপর সদস্যকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন