বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৫:৪৬ পি.এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দেশব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬-২০২৭’-এর উদ্বোধন ভার্চুয়ালি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘নজরুল বর্ষ-২০২৬-২০২৭’-এর।
এই উপলক্ষে, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, পৌর প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিল্পীরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ-২০২৬-২০২৭’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উপলক্ষে বছরের পর বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনাও জানানো হয়।
শেষে, স্থানীয় শিল্পীবৃন্দের মাঝে সম্মাননা চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকালকে আরো তিন বছর বাড়ানোর উদ্যোগকে বিলম্ব হিসেবে না দেখে এটি টেকসই ও সুশৃঙ্খল উত্তরণের অংশ হিসেবে দেখতে হবে, এমনই আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘উত্তরণের এই অতিরিক্ত সময় আমরা বিলম্বের জন্য চাই না; বরং একটি টেকসই, স্থিতিশীল ও কার্যকর অর্থনৈতিক রূপান্তরের জন্য চাই।’
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘Bangladesh’s Preparedness for LDC Graduation and the Rationale for Extension of the Preparatory Period’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছিল।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরো তিন বছর বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। এ প্রেক্ষিতে সিডিপি ইতিবাচক সাড়া দিয়ে তাদের মূল্যায়ন প্রতিবেদন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) জমা দিয়েছে।
ইকোসক বিষয়টি পর্যালোচনা করে জাতিসংঘ সাধারণ পরিষদে সুপারিশ পাঠাবে বলে আশা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সরকার প্রস্তুতিকাল বাড়ানোর আবেদন জানিয়েছে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা, ভূরাজনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্নসহ নানা চ্যালেঞ্জের কারণে সামষ্টিক অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা এবং টেকসই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করা।
জাতিসংঘের ওএইচআরএলএলএসের গ্র্যাজুয়েশন প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি নির্ধারিত সময়সীমার মধ্যে এলডিসি উত্তরণের জন্য পুরোপুরি অনুকূল নয়। এ কারণেই অতিরিক্ত প্রস্তুতিমূলক সময় প্রয়োজন।
তিনি জানান, সরকার ইতোমধ্যে ২৫টি অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচির একটি রোডম্যাপ গ্রহণ করেছে। এতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বিনিয়োগ সংস্কার, ডিরেগুলেশন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্যবসা সহজীকরণের বিষয়ে তিনি বলেন, ‘ব্যবসা শুরু করার সময় এক বছর থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে, যাতে ১৫তম দিনে প্রতিষ্ঠানটি এলসি খুলে যন্ত্রপাতি আমদানি করতে পারে।’
তিনি আরো বলেন, ব্যবসা নিবন্ধন ও লাইসেন্সিং ব্যবস্থার জটিলতা ও অপ্রয়োজনীয় ওভারল্যাপ দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উদ্যোক্তাদের সময় ও ব্যয় কমে আসে।
সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার নাজুক অর্থনীতি ও দুর্বল আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতি পুনরুদ্ধার ও প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ করছে। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতার মেয়াদ বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারদের সহায়তা প্রয়োজন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। তিনি বাংলাদেশের অর্থনৈতিক, কাঠামোগত ও আন্তর্জাতিক ঝুঁকি-চ্যালেঞ্জ তুলে ধরেন এবং টেকসই উত্তরণের জন্য সময়াবদ্ধ রোডম্যাপ উপস্থাপন করেন।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক বাণিজ্য পরিবেশ দ্রুত পরিবর্তনশীল। এ অবস্থায় সংস্কারের গতি বজায় রাখা জরুরি। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করে বাজার উন্মুক্তকরণ ও প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন অংশীদার ও বিশেষজ্ঞরা রপ্তানি বহুমুখীকরণ, আর্থিক খাত সংস্কার এবং করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গৌরীপুরে পিকআপচালককে পিটিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক টেরা সোয়েব মুন্সিকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনবিরোধী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোয়েব মুন্সিকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে আরো বলা হয়েছে, বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুন রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের সতীশা এলাকায় বাসস্ট্যান্ডে বসা ছিলেন স্থানীয় আজিজুল ইসলামের ছেলে পিকআপচালক মানিক মিয়া (৪৪)। সেই সময় তাকে অস্ত্রের মুখে উঠিয়ে নেয় সোয়েব মুন্সি। পরে সড়কের পাশেই একটি জায়গায় নিয়ে রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। পরে মানিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মানিক মারা যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে ছোট একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তারা জানায়, বিমানটির ৬৬ বছর বয়সী পাইলট অতীতে আত্মহত্যার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় দুই আসনের একটি সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা বিমান বিশ্বের অন্যতম কঠোর বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা এড়িয়ে ১০৯ তলা ও ৫২৮ মিটার উঁচু সিটিক টাওয়ারে আঘাত হানে। এতে পাইলট নিহত হন এবং আরও ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চাওইয়াং জেলা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, লিউ নামের ওই পাইলট শুক্রবার বিকেলে উত্তর পূর্ব বেইজিংয়ের একটি সাধারণ বিমানবন্দর থেকে প্রথমে একজন সঙ্গীকে নিয়ে উড্ডয়ন করেন। পরে তিনি একাই বিমান চালিয়ে নির্ধারিত ফ্লাইটপথ থেকে সরে যান। বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর রাজধানীর কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় অবস্থিত সিটিক টাওয়ারে বিমানটি আঘাত করে।
২০২১ সালে পাইলটের লাইসেন্স পাওয়া লিউ ছিলেন স্বনিযুক্ত, তালাকপ্রাপ্ত এবং একাকী জীবনযাপনকারী। তদন্তে তাঁর ব্যক্তিগত ডায়েরিতে একাধিকবার জীবন শেষ করার ইচ্ছার উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনিদ্রা ও উদ্বেগজনিত সমস্যায় ভুগছিলেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত কারণেই তিনি এমন কাজ করেছেন, যা জননিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করেছে।
দুর্ঘটনার সময় ভবন থেকে কাচের টুকরো এবং বিমানের ধ্বংসাবশেষ নিচের সড়কে ছিটকে পড়ে। এতে সাপ্তাহিক ছুটির আগে অফিস ত্যাগ করা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বেইজিংয়ের আকাশ প্রতিরক্ষা ও বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।
এদিকে ঘটনার পরপরই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ সংক্রান্ত ভিডিও এবং বিভিন্ন পোস্ট সরিয়ে ফেলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমও প্রথমদিকে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। পরে প্রায় এক দিন পর আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার তথ্য প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মহড়ার ঘটনা নিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের মধ্যে আরো আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট গ্রেপ্তারকৃতদের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এই তথ্য জানায়।
গ্রেপ্তার হওয়া আটজন ব্যক্তির নাম হল রিয়াজ (ওরফে রাজন), জাহাঙ্গীর শেখ, জহির, বায়েজিদ, রাজিব, হোসাইন, রাসেল ও সাগর। এর আগে একই মামলায় উল্লেখ করা হয়েছে মানোয়ার হোসেন, কাজী তৌহিদুল ইসলাম সজিব এবং রনি খাককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ জুন টঙ্গীর শিল্পাঞ্চলের পাগার এলাকায় একটি ঝুট ব্যবসার পালা কেন্দ্র করে কয়েকশ মোটরসাইকেলের বহর নিয়ে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছিল।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তার বাহিনীকে আটক করা হয়েছে, মামলাটির আওতায় ৭০ থেকে ৮০ জনের নামে অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ আছে যে, পাগার এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা থেকে মালামাল বের করার সময় অভিযুক্তরা মোটরসাইকেল নিয়ে এসে কারখানাকে ঘিরে ফেলে। তারপর তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অনুমতি ছাড়া ঝুট বিক্রি না করার জন্য হুমকি দেয়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহীন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চলাকালে চারজনকে আটক করা হয়েছে। অস্ত্র প্রদর্শনকারী কিশোরসহ অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, কয়েকশ মোটরসাইকেলের বহর কারখানার সামনে অবস্থান নিয়েছে। একটি মোটরসাইকেলের পেছনে বসা এক কিশোরকে দেশীয় লম্বা অস্ত্র হাতে প্রদর্শন করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ