ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হিটলারের পক্ষে সাফাই দিলেন টাকার কার্লসন, ব্রিটেনের যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন


হিটলারের পক্ষে সাফাই দিলেন টাকার কার্লসন, ব্রিটেনের যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন উল্লেখ করেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশগ্রহণের পক্ষে কোনো যৌক্তিক কারণ ছিল না। তিনি পোল্যান্ডে নাৎসি জার্মানির আগ্রাসনের পক্ষে অ্যাডলফ হিটলারের কিছু যুক্তিও তুলে ধরেন।

গত শুক্রবার সাবেক ব্রিটিশ ব্যবসামন্ত্রী স্যার জ্যাকব রিস-মগের সঙ্গে এক ঘণ্টার সাক্ষাৎকারে কার্লসন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউরোপের সংঘাতে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কেন লড়াই করা উচিত ছিল, তা আমি কখনো বুঝতে পারিনি।" তার দাবি, নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করার সময় ব্রিটেনের সঙ্গে দেশটির সরাসরি কোনো সম্পর্ক ছিল না। তাই পোল্যান্ডকে রক্ষায় ব্রিটেনের যুদ্ধে জড়ানো উচিত হয়নি।

আরও পড়ুন: পাঞ্জাবে শিখ-হিন্দু-মুসলিমের সহযোগিতায় মসজিদ পুনর্নির্মাণ

কার্লসন আরও বলেন, "হিটলারের দাবি ছিল, পোল্যান্ডের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড একসময় জার্মানির অংশ ছিল এবং ভার্সাই চুক্তির মাধ্যমে তা পোল্যান্ডকে দেওয়া হয়েছিল।" তিনি দাবি করেন যে ওই অঞ্চলে জার্মান জনগোষ্ঠী বসবাস করত।

তবে কার্লসন স্পষ্ট করেন যে, এসব বক্তব্যের মাধ্যমে তিনি হিটলারের পক্ষ নিচ্ছেন না।

ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের সমালোচনা করে তিনি বলেন, "যুদ্ধের কারণে ব্রিটেন তার সাম্রাজ্য ও দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।" তিনি মন্তব্য করেন যে, ব্রিটেন এখনো ওই যুদ্ধে অংশ নেওয়াকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করে।

কার্লসন আরও বলেন, "হিটলার হঠাৎ করে পোল্যান্ডে ঢুকে পড়েছিলেন- এমন ধারণা মিথ্যা।" তার দাবি, হিটলার বারবার বলেছিলেন যে তিনি ব্রিটেনের সঙ্গে যুদ্ধে যেতে চান না।

আরও পড়ুন: ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের রাজনৈতিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই

রিস-মগ কার্লসনের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, "কার্লসন যেন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন।"

জবাবে কার্লসন ব্যঙ্গ করে বলেন, "হ্যাঁ, মনে হয় আমি গোপন নাৎসি।" এরপর তিনি বলেন, তিনি কোনোভাবেই নাৎসি নন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনে অনলাইন জালিয়াতি দমনে ২৪৪ বিদেশি কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ এম


ফিলিপাইনে অনলাইন জালিয়াতি দমনে ২৪৪ বিদেশি কর্মী আটক

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের সবচেয়ে বড় অভিযানে ফিলিপাইন কর্তৃপক্ষ ২৪৪ জন বিদেশি কর্মীকে আটক করেছে, যারা অবৈধ অনলাইন জুয়া ও জালিয়াতি কার্যক্রমের সাথে জড়িত। আটককৃতদের অধিকাংশ চীনা নাগরিক বলে জানিয়েছে ফিলিপাইনের অভিবাসন ব্যুরো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মানবপাচার, অর্থপাচার, অনলাইন প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধের সঙ্গে জড়িত চক্রগুলো অবৈধ অনলাইন গেমিং প্রতিষ্ঠানকে আড়াল হিসেবে ব্যবহার করছে—এমন অভিযোগের ভিত্তিতে ফিলিপাইন সরকার ২০২৪ সালে দেশটিতে পরিচালিত অনলাইন গেমিং অপারেটর বা পিওজিও নিষিদ্ধ করেছে।

শুক্রবার, দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের দুটি স্থাপনায় সামরিক বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অভিযান পরিচালনা করে।

অভিবাসন ব্যুরো শনিবার রাতে একটি বিবৃতিতে জানায়, প্রথম স্থানে অভিযান চালিয়ে ১১০ জন চীনা নাগরিক, দুইজন কম্বোডীয় এবং হংকংয়ের এক নাগরিককে আটক করা হয়েছে।

দ্বিতীয় স্থানে আরও ১৩১ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই চীনা নাগরিক। এছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও আটক হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন, ল্যাপটপ ও সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন ব্যুরো।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারের সাথে সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তদন্ত চলছে। বাকিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর প্রধান জোয়েল ভিয়াদো একটি বিবৃতিতে বলেন, ‘আমরা ফিলিপাইনে অবস্থানের শর্ত লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ অব্যাহত রাখব। একই সঙ্গে নিশ্চিত করব, ফিলিপাইন যেন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়।’

অভিবাসন ব্যুরো অভিযানটিকে ২০২৬ সালে পিওজিওবিরোধী সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছে।

এ বিষয়ে জানতে ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা আলমগীর হোসেন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ এম


ফেনীর চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা আলমগীর হোসেন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী এলাকায় সন্দেহভাজন যানবাহনে তল্লাশির সময় ট্রাকের ধাক্কায় মো. আলমগীর হোসেন (৫৫) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত ট্রাকচালক সজীব (৩০) বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মো. আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আলমগীর হোসেন ২০২৫ সালের ৩০ এপ্রিল র‍্যাবে যোগদান করেন। চলতি বছরের ১৭ মে তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এসআরবি ফেনী ক্যাম্প ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এসআরবির একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের এক পাশে গিয়ে থামে।

গুরুতর আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এসআরবি সদস্য শরীফ বলেন, "চেকপোস্টে আমরা ১৫ থেকে ১৬ জন ছিলাম। স্যার সড়কের পাশে ছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের এক পাশে গিয়ে থামে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, রাত ১টার দিকে এসআরবির ওই কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। তার কোমর থেকে নিচের অংশ থেঁতলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, "চেকপোস্টে আমিও ছিলাম। আমার থেকে কিছুটা দূরে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি এসে মুহূর্তের মধ্যে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমাদের একজন সহকর্মীর এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত।"

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত এসআরবি কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক সজীব আহত অবস্থায় এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। মহাসড়কে দুর্ঘটনা ঘটার পর হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচার দোকানে ঢুকে গেল ট্রাক, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ এম


নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচার দোকানে ঢুকে গেল ট্রাক, নিহত ১

নারায়ণগঞ্জের বন্দরের একটি ফার্নিচার দোকানে ঢুকে পড়া মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর ফলে একজন নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে ১০টায় উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের মতে, দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এই ঘটনায় দোকানে থাকা একজন ব্যক্তি এবং আশপাশের কিছু লোক নিচে চাপা পড়েন। এর ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে এবং চারজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন।

বন্দর থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ এম


বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের সময় অমানবিক আচরণের অভিযোগ; তদন্ত কমিটি, দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের সময় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের মুক্তির দাবিতে সরব হয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং গ্রেপ্তারের সময় কথিত অমানবিক আচরণের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

বৈঠকে সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা হেনস্তা ও অমানবিক আচরণের অভিযোগ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। অভিযোগটি তদন্তে বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে আরও উঠে আসে, একটি ভূমি-সংক্রান্ত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে আসাদ সবুজ চাঁদাবাজির মামলায় জড়িয়েছেন—এমন দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দেন পুলিশ সুপার।
’

বৈঠক শেষে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের নামে তার সঙ্গে কোনো ধরনের অমানবিক আচরণ হয়ে থাকলে তার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসাদ সবুজকে মুক্তি না দিলে সাংবাদিক সমাজ দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি স্বাধীন গণমাধ্যম। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন ও মামলা দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে তার প্রভাব শুধু সাংবাদিকদের ওপর নয়, সামগ্রিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর পড়ে।

তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত ও বিচার হবে—এতে আপত্তি নেই। তবে সাংবাদিকতার কারণে কাউকে হয়রানি বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠলে তারও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে পরিচালনা করবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের।

আগামীকাল রোববার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক আসাদ সবুজের জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান ও আমির হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, জামাল হোসেন খান, দানিসুর রহমান লিমন, বেতাগী শাখার সভাপতি হাসান সিকদার, দুমকি শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মামুন, বরগুনা জেলা শাখার সদস্য আসাদ তালুকদার ও রাসেল সিকদার এবং প্রেস ক্লাবের সদস্য কাশেম হাওলাদারসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%