মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫৫ পি.এম
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে, যার উদ্দেশ্য হলো ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের জন্য অপেক্ষার সময় কমানো। এই পরিকল্পনার আওতায় বিদ্যুৎকেন্দ্র ও বড় ডেটা সেন্টারের সংযোগের অনুমোদন প্রক্রিয়াকে দুই বছর থেকে কমিয়ে ১২ মাসে আনার প্রস্তাব করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার কাছে এই প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছে। তবে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে ডেটা সেন্টার নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ গ্রিডের উন্নয়ন ব্যয়ের একটি বড় অংশ বহন করতে হতে পারে।
পিজেএমের আওতাধীন ১৩টি অঙ্গরাজ্যে ৬ কোটি ৭০ লাখ মানুষ বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টার সম্প্রসারণের ফলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা সরবরাহে সংকট সৃষ্টি করেছে। বর্তমানে প্রায় ৬ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতির আশঙ্কা রয়েছে।
নতুন পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বড় গ্রাহকদের সংযোগের প্রক্রিয়া একসঙ্গে পর্যালোচনা করা হবে। এর ফলে কোথায় গ্রিডের উন্নয়ন প্রয়োজন এবং এর ব্যয় কত হবে, তা নির্ধারণ করা সহজ হবে। ফলে ডেটা সেন্টার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সংশ্লিষ্ট ব্যয় আদায় করা সম্ভব হবে।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাও অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে, একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ আদালত প্রদান করে।
এছাড়া, সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায়, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। কপিলের মতে, কোহলির ফিটনেস ও সামর্থ্য ছিল আরও কয়েক বছর ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলার জন্য। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এক দশক পর কোহলি তার এই সিদ্ধান্তের জন্য আফসোস করতে পারেন।
‘মিড-ডে’তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রশ্ন তুলেছেন, কেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন কোহলি, যখন তার শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে ছিল।
কপিল দেব মন্তব্য করেছেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলি ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১০ বছর পর নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করবেন। তার অবসর নেওয়া উচিত হয়নি। ফিটনেসের দিক থেকে কোহলি অনেক এগিয়ে। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তার ফিটনেস ভালো। এমনকি ফিটনেসের দিক থেকে ২৫ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।’
এ সময় কপিল দেব মহিন্দর অমরনাথের উদাহরণও উল্লেখ করেছেন। তিনি বলেন, সাবেক এই ভারতীয় ব্যাটার জাতীয় দল থেকে বারবার বাদ পড়েও কীভাবে ফিরে এসে নিজেকে প্রমাণ করেছিলেন, সেটি মনে করিয়ে দেন কপিল।
তিনি আরও বলেন, ‘রাগ করে অবসর নেওয়া ঠিক নয়। তাদের মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। তাকে অনেকবার দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরে এসে সমালোচকদের ভুল প্রমাণ করেছিলেন।’
২০২৫ সালের মে মাসে কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর মাধ্যমে তার দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। তার নামের পাশে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। ২০২৫ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির শেষ টেস্টটি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে অপরাধ দমনের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১০ জন চিহ্নিত ছিনতাইকারী। গত ২৪ ঘণ্টায় এই অভিযানটি পরিচালিত হয়, যেখানে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একজন এবং বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানা এলাকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন ছিনতাইকারী হিসেবে চিহ্নিত। বাকি চারজনের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনে এবং তিনজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ আরও উল্লেখ করেছে, ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইনকিলাবকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার মুরাদনগরে নাশকতার অভিযোগে বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান মো. আরমান মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ।
ডিবি পুলিশ জানায়, আরমান মিয়া বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং সরকারবিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার তৎপরতায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
স্থানীয়রা জানান, মো. আরমান মিয়া বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি এলাকায় অবস্থান করে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতায় জড়িত রয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ