০৬:৩২ পি.এম
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, ‘৫২-এর ভাষাসৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর ঘটনায় দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার তিনি এক শোকবার্তায় বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ হারালো কীর্তিমান, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো গভীর শূন্যতা। ব্যারিস্টার মরহুম জমির উদ্দিন সরকার তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থাকতেন, সেজন্য তিনি দেশবাসীর কাছে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণীয় থাকবেন।
মির্জা ফখরুল যুক্ত করেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে এদেশে সংসদীয় রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন। বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা দেশবাসী কখনও বিস্মৃত হবে না।
আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
তিনি আরও বলেন, তাঁর সমগ্র রাজনৈতিক জীবনে শেরেবাংলা ফজলুল হক থেকে শুরু করে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সহকর্মী হিসেবে রাষ্ট্র ও সমাজে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তাঁর মৃত্যু দেশের ওপর গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রোববার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন