০৬:৩৩ পি.এম
টানা কয়েকদিনের বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার জন্য জরুরি পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ১১ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এই জেলাগুলোর মধ্যে বিজিবি উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান করবে বলে জানা গেছে।
রোববার (১২ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি মোতায়েন করা ১১টি জেলার তালিকা হলো- কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর।
আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল ও বন্যা এবং ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধারের পাশাপাশি, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় এই ১১ জেলায় মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যাপ্রবাহের পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেইসঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়া ছাড়াও খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি। এছাড়া, বান্দরবান-রোয়াংছড়ি সড়কের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে, উপরে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণের কার্যক্রমে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এছাড়া, নাইক্ষ্যংছড়িতে ভূমিখসার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন