০৬:৩০ পি.এম
আওয়ামী লীগের স্বভাব হচ্ছে মিথ্যা কথা বলা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মন্তব্য করেছেন যে, একাত্তর সাল থেকে তারা মিথ্যা কথা বলে আসছে। তিনি বলেন, “ক্ষমতায় থাকাকালে তারা দেশে-বিদেশে গুজব ছড়াত যে, বিএনপি সরকারের আমলে নাকি হিন্দু ধর্মের মানুষরা ভালো থাকে না। এটা ডাহা মিথ্যা কথা।”
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “বিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের ভূমিকার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।”
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত
শামা ওবায়েদ বলেন, “মা-বোনেরা ও ছেলে-মেয়েরা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে যাতে শারদীয় উৎসব পালন করতে পারে, সে জন্য আমরা কাজ করছি। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রশাসন ও আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি পাড়া-মহল্লায় মন্দির পাহারা দেওয়ার জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি উল্লেখ করেন, “আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। পূজায় আমরা আনন্দ ভাগাভাগি করে নিই। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না। গুজব থেকে সবাইকে দূরে থাকতে হবে। স্বৈরাচারের কোনো দোসর যাতে দুর্গাপূজায় ব্যাঘাত ঘটাতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভোটারদের হাতের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির সফল বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের সততা, দায়িত্বশীলতা ও নির্ভুল তথ্য উপস্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তাগিদ সেতু সচিবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন