ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

৩৬ ভিলার মালিক আমলা দম্পতির বিরুদ্ধে তদন্ত শুরু


৩৬ ভিলার মালিক আমলা দম্পতির বিরুদ্ধে তদন্ত শুরু

ভারতের রাজস্থানে এক জ্যেষ্ঠ আমলা ও তার পুলিশ কর্মকর্তা স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, আইএএস কর্মকর্তা শিখর আগরওয়াল সরকারি পদ ব্যবহার করে একটি বেসরকারি হোটেল ও রিসোর্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদান করেছেন। এর বিনিময়ে তিনি এবং তার পরিবারের সদস্যদের নামে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে ৩৬টি রিসোর্ট ভিলা কিনেছেন।

এই ভিলাগুলোর মোট মূল্য প্রায় ৫ কোটি ৫২ লাখ রুপি। রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) এই অভিযোগের তদন্ত করছে। তদন্তে শিখর আগরওয়ালের সঙ্গে গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের পরিচালকদের কথিত যোগসাজশ খতিয়ে দেখা হবে। প্রতিষ্ঠানটি ‘আনন্ত’ ব্র্যান্ডের অধীনে বিভিন্ন হোটেল ও রিসোর্ট পরিচালনা করে।

অভিযোগের মধ্যে রয়েছে, প্রতিষ্ঠানটিকে বিশেষ ছাড় দেওয়া, রিসোর্ট নির্মাণের শর্ত শিথিল করা, প্রয়োজনীয় সনদ যথাযথভাবে যাচাই না করেই অনুমোদন দেওয়া এবং আগরওয়াল ও তার স্বজনদের নামে একাধিক সম্পত্তি কেনা। গত ২৭ অক্টোবর দৈনিক ভাস্করে প্রকাশিত একটি প্রতিবেদন, শিল্প বিভাগের দেওয়া তথ্য এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো প্রাথমিক অনুসন্ধান শুরু করে। রাজ্য সরকার বিস্তারিত তদন্তের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: রাহুলের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে জোর করে দোকানপাট বন্ধের অভিযোগ

এসিবির মহাপরিচালক গোবিন্দ গুপ্ত জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর ১৭এ ধারায় শিখর আগরওয়াল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক এবং এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের প্রাথমিক অনুমোদন সরকার দিয়েছে। এসিবির প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, ওই কর্মকর্তা কোম্পানির পরিচালকদের সঙ্গে যোগসাজশ করে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মাধ্যমে তিনি নিজে এবং বেসরকারি প্রতিষ্ঠানটি অন্যায্য সুবিধা পেয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে রাজ্য সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে থাকতে পারে।

উদয়পুরের জেলা প্রশাসক, রাজস্থান রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান এবং শিল্প বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় আগরওয়ালের কর্মকাণ্ডও তদন্তের আওতায় আনা হয়েছে। এসিবি খতিয়ে দেখছে, এসব দায়িত্বে থাকাকালে নেওয়া কোনো সিদ্ধান্তের মাধ্যমে গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এমন সুবিধা পেয়েছিল কি না, যা সাধারণভাবে প্রতিষ্ঠানটির পাওয়ার কথা ছিল না। একই সঙ্গে ওই সিদ্ধান্তগুলোর সঙ্গে পরবর্তী সময়ে আগরওয়াল ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্টের ভিলা কেনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।

গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেড ‘আনন্ত’ ব্র্যান্ডের অধীনে উদয়পুরের বুজড়া এবং আলওয়ারের আজবগড় এলাকায় হোটেল ও রিসোর্ট পরিচালনা করে। এই দুই এলাকার রিসোর্টেই আগরওয়াল ও তার পরিবারের সদস্যদের নামে ভিলা কেনার অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, উদয়পুরের বুজড়ায় গত মার্চে ২০টি ভিলা কেনা হয়। এর মধ্যে ১০টি আগরওয়ালের নামে এবং বাকি ১০টি তার স্ত্রী পুলিশ কর্মকর্তা প্রশাখা মাথুরের নামে নিবন্ধন করা হয়েছে। প্রতিটি ভিলার ক্রয়মূল্য দেখানো হয়েছে প্রায় ১৫ লাখ রুপি। সে হিসাবে ২০টি ভিলার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপি।

অন্যদিকে, আলওয়ারের আজবগড় এলাকায় আনন্ত রিসোর্টে আরও ১৬টি ভিলা কেনার তথ্য পেয়েছে তদন্তকারীরা। প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, এর মধ্যে আটটি ভিলা আগরওয়াল ও তার স্ত্রীর নামে কেনা হয়েছে। তাদের প্রত্যেকের নামে চারটি করে ভিলা নিবন্ধন করা হয়েছে। এ ছাড়া তাদের দুই ছেলের নামে চারটি এবং আগরওয়ালের শ্বশুর-শাশুড়ির নামে আরও চারটি ভিলা কেনার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ইরান দুই বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে

আজবগড়ের ভিলাগুলোর দাম প্রায় ১৫ লাখ থেকে সাড়ে ১৬ লাখ রুপির মধ্যে। আগরওয়াল ও তার স্ত্রীর নামে কেনা আটটি ভিলার প্রতিটির দাম দেখানো হয়েছে সাড়ে ১৬ লাখ রুপি। দুই ছেলের নামে নিবন্ধিত চারটি ভিলার প্রতিটির দাম প্রায় ১৫ লাখ রুপি। আর শ্বশুর-শাশুড়ির নামে কেনা চারটি ভিলার প্রতিটির দাম দেখানো হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ রুপি।

সব মিলিয়ে উদয়পুরের বুজড়ায় ২০টি এবং আলওয়ারের আজবগড়ে ১৬টিসহ দুই এলাকায় মোট ৩৬টি ভিলা কেনার তথ্য পেয়েছে দুর্নীতি দমন ব্যুরো। উল্লেখিত ক্রয়মূল্য সঠিক হলে এসব সম্পত্তির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৫ কোটি ৫২ লাখ রুপি। এসিবি জানিয়েছে, গত ২৭ মার্চ গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডকে বিশেষ আর্থিক ছাড়ের প্যাকেজ দিয়েছিল রাজস্থানের অর্থ বিভাগ। তদন্তকারীরা আরও তথ্য পেয়েছেন, একই দিনে আগরওয়াল ও তার পরিবারের সদস্যদের নামে ২০টি ভিলা নিবন্ধন করা হয়েছিল। এ দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ৩ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


ঢাকায় ৩ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬

দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। এই প্রদর্শনীর আয়োজন করছে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যা দুই দিনব্যাপী চলবে।

৩ নভেম্বর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখার পরিকল্পনা করেছেন।

রবিবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন এবং বিনিয়োগ বাড়ানোর জন্য ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে সরকার ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করেছে।

এছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেলকে উৎসাহিত করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির প্রসারে সংশ্লিষ্ট পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে এবং এসব পণ্যের মূল্য সংযোজন কর (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ এই প্রতিপাদ্যে আয়োজিত এক্সপোর মূল লক্ষ্য হলো সৌরপ্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ প্রদান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

এক্সপোতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসহ আধুনিক সৌরবিদ্যুৎ সরঞ্জাম প্রদর্শিত হবে। পাশাপাশি প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ এবং কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম তুলে ধরবে।

দুই দিনের এই আয়োজনে সৌরবিদ্যুৎ খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভনা নিয়ে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল ফর বাংলাদেশ’স সোলার রেভল্যুশন’ শীর্ষক মূল আলোচনার আওতায় সেমিনারগুলোতে জাতীয় পর্যায়ে সৌরবিদ্যুতের বিপ্লব, সরকারি খাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ, আবাসিক ও শিল্প খাতে সৌরবিদ্যুতের ব্যবহার এবং বেসরকারি বিনিয়োগ ও কার্বন রাজস্বের মাধ্যমে অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

সেমিনারগুলোতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। এ ছাড়া সৌরবিদ্যুৎ খাতের সেবাদানকারীদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন পর্বের আয়োজনও করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত লে. কর্নেল ফারুখ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত লে. কর্নেল ফারুখ হোসেন

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লে. কর্নেল ফারুখ হোসেন খান ইয়াবা-সংশ্লিষ্টতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। কোর্ট মার্শালের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ঢাকা গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা রোববার আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথমবারের মতো ইয়াবা-সংশ্লিষ্টতার অভিযোগে কোর্ট মার্শাল পর্যন্ত গড়ানোর ঘটনা ঘটেছে।

একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে কোর্ট মার্শালের জন্যও উদ্যোগ নেওয়া হয়। বিচারিক প্রক্রিয়ায় প্রায় অর্ধশত সাক্ষীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ঘন কুয়াশা ও বজ্রবৃষ্টির কারণে ‘রেড ও অরেঞ্জ অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


সৌদি আরবে ঘন কুয়াশা ও বজ্রবৃষ্টির কারণে ‘রেড ও অরেঞ্জ অ্যালার্ট’ জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রদান করা হয়েছে। এই পরিস্থিতির কারণে দেশের কিছু অঞ্চলে রেড এন্ড অরেঞ্জ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

রোববার (১ নভেম্বর) এনসিএমের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। রেড অ্যালার্টের অর্থ হলো গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা, যেখানে অরেঞ্জ অ্যালার্ট নির্দেশ করে সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা।

পূর্বাভাস অনুযায়ী, পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি লাল সতর্কতা জারি করা হয়েছে। একই অঞ্চলের অন্যান্য স্থানে কুয়াশার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে।

এছাড়া, নর্দার্ন বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা এবং জাজান অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানায়, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল এবং নর্দার্ন বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ এবং আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুজড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যেতে পারে। ভারি বৃষ্টির কারণে কিছু স্থানে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় নতুন কড়াকড়ি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় নতুন কড়াকড়ি কার্যকর

ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণগত মান বিশ্বজুড়ে নেতিবাচক পরিচিতি লাভ করেছে। বায়ুমান পর্যালোচনা করলে দেখা যায়, দিল্লির নাম প্রায়শই নেতিবাচক তালিকার শীর্ষে অবস্থান করে। আজ, ১ নভেম্বর, দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি ‘অস্বাস্থ্যকর’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ স্তরে পৌঁছেছে।

আজ সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স বিভিন্ন স্থানে ২৪৮ থেকে ৩৮১-এর মধ্যে পরিবর্তিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় কয়েকগুণ বেশি রেকর্ড করা হয়েছে।

শীতকালে এই পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তাই শীতকালীন বায়ুদূষণ মোকাবেলায় দিল্লি-এনসিআর এলাকায় কঠোর নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আজ ১ নভেম্বর থেকে শুরু করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। কর্তৃপক্ষ আগামী মাসগুলোতে ধোঁয়াশা কমাতে এবং বাতাসের গুণগত মান উন্নত করতে এই কঠোর পদক্ষেপগুলো গ্রহণ করেছে।

বর্তমান আবহাওয়া দিল্লিতে অত্যন্ত শুষ্ক এবং শান্ত। শীতের শুরুতে তাপমাত্রা কমে যাওয়ার ফলে তাপমাত্রার বিপরীতমুখী অবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলে ধোঁয়া, ধূলিকণা এবং গাড়ির ক্ষতিকর গ্যাস বাতাসের ওপরের স্তরে মিশে যেতে না পেরে দিল্লির আকাশকে ঢেকে রেখেছে। বিশেষজ্ঞদের মতে, দিল্লির এই তীব্র দূষণের প্রায় ৪১ শতাংশ অতিরিক্ত যানবাহন নির্গমন থেকে আসে। এছাড়া, ধুলোবালি (২১.৫ শতাংশ), শিল্প-কারখানার ধোঁয়া (১৮.৬ শতাংশ) এবং আশেপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ বা খড় পোড়ানো পরিস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

দূষিত বাতাসের কারণে বাসিন্দাদের চোখ, বুক এবং গলায় জ্বালাপোড়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অ্যাজমা রোগীদের জন্য ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রয়োজন হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, বায়ুমান রক্ষায় দিল্লির মুখমন্ত্রীর কার্যালয় থেকে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরনো গাড়ির চলাচল নিষিদ্ধ করা, বাসা থেকে কাজ করা, নির্মাণকাজ নিয়ন্ত্রণ ইত্যাদি।

দিল্লির বাইরে নিবন্ধিত যেসব যানবাহন ভারত স্টেজ-৬ (বিএস-৬) নির্গমন মানদণ্ড পূরণ করে না, সেগুলোর জাতীয় রাজধানীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদ থেকে আসা আনুমানিক ১০ লাখ পুরোনো পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন ক্ষতিগ্রস্ত হবে। তবে বৈদ্যুতিক যানবাহন, সিএনজিচালিত যানবাহন এবং জরুরি পরিবহন যেমন অ্যাম্বুলেন্স ও দমকলের জন্য এই নিয়মের আওতামুক্ত থাকবে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ধূলিকণা তৈরি করে এমন সব ধরনের ধ্বংসাত্মক কাজ এবং ঘরের বাইরের নির্মাণ কার্যক্রম ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ থাকবে। তবে নির্ধারিত শর্ত সাপেক্ষে কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় জনমুখী অবকাঠামো প্রকল্পের জন্য ব্যতিক্রম থাকবে। ধূলিকণা নিয়ন্ত্রণ মানদণ্ড মেনে ঘরের ভেতরের ফিনিশিং, প্লাম্বিং এবং ইলেকট্রনিক্সের কাজ এই নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হবে না।

সরকারি আদেশ অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিসগুলোকে তাদের অর্ধেক কর্মী সশরীরে অফিসে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

যানজটের চাপ কমাতে বিভিন্ন নাগরিক সংস্থার অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসগুলো সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

অন্যদিকে, দিল্লি সরকারের অফিসগুলো সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, ব্যক্তিগত গাড়ি ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে অনেক পাবলিক লটে পার্কিং ফি দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের মালিকানাধীন ও পরিচালিত পার্কিং সুবিধাগুলো এই ফি বৃদ্ধির আওতামুক্ত থাকবে।

নির্দেশিকা অনুযায়ী, ১ নভেম্বর থেকে দিল্লির পেট্রল পাম্পগুলোতে ‘নো পিইউসি (পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট), নো ফুয়েল’ নীতি কার্যকর হবে। এটি বাস্তবায়নের জন্য দিল্লির ৫০০টি পেট্রল পাম্পে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে, যা গাড়ির নম্বর প্লেট ও তথ্য স্ক্যান করবে। যদি কোনো যানবাহনের পিইউসি সার্টিফিকেট বা দূষণ নিয়ন্ত্রণ সনদ অবৈধ পাওয়া যায়; তবে পাম্প অপারেটর পেট্রল, ডিজেল বা সিএনজি দিতে অস্বীকৃতি জানাবে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নের জন্য বিশেষ এনফোর্সমেন্ট টিম, অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরা এবং একটি এআই-চালিত ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার নিয়োজিত থাকবে। নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ই-চালান ইস্যু করা হবে।

প্রতিবেশী শহর এবং দিল্লির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের তাদের যানবাহনের নির্গমন মানদণ্ড পরীক্ষা করার এবং ভারী জরিমানা বা সীমান্ত চেকপয়েন্ট থেকে ফেরত পাঠানো এড়াতে আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও বাসিন্দাদের এই নিষেধাজ্ঞাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন। নিয়মিত আপডেটের জন্য যাত্রীদের দিল্লি ট্রাফিক পুলিশের অফিশিয়াল হ্যান্ডেলগুলো চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%