শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৮ পি.এম
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।
বৈঠকগুলোতে বাংলাদেশ এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। জাতিসংঘের সাধারণ বিতর্কে ২৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।
এছাড়া সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পায়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে দুই দেশের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারির ভূমিকা জোরদার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচিতে এসব দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির সুযোগ তৈরি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় কৃষক পার্টির উপজেলা আহ্বায়ক মাহাতাব উদ্দিনের নেতৃত্বে দলটির কমিটির ২০ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাঁরা এনসিপিতে যোগদান করেন।
এ সময় ভৈরব উপজেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ও সদস্য হুসাইনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান শেষে মাহাতাব উদ্দিন জানান, তাঁরা পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন ‘কৃষক শক্তি’র হয়ে মাঠপর্যায়ে কাজ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভৈরব রেলওয়ে স্টেশন শাখার সহ-সভাপতি মরহুম মো. শাহজাহান মিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভৈরব রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভৈরব রেলওয়ে স্টেশন শাখার উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিয়াম মিয়ার সভাপতিত্বে এবং ভৈরব রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল লতিফ (RPC), পৌর বিএনপির সদস্য ও রিকশা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আদিলুজ্জামান দুলাল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে রেলওয়ে শ্রমিক দলের সহ-সভাপতি মো. মুতি মিয়া, মো. কুদ্দুস মিয়া, ওমর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফালু মিয়া, শ্রম সম্পাদক আল আমিন, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জাবেদ মিয়া, ৩ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি ইউসুফ মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মরহুমের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে মরহুম মো. শাহজাহান মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর জেলা সদরের বিষ্ণুদী এলাকায় পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলার অপরাধে এক খামারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, ভরাটকৃত অংশ পুনর্খনন এবং অপসারিত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের জন্য তাকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক খামারি পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলে আসছিলেন। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া, আগামী সাত দিনের মধ্যে ভরাট করা পুকুরের বর্জ্য সরিয়ে পরিবেশসম্মতভাবে তা ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। মামলায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের উচ্ছেদ ও দণ্ডমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি শ্যামল-সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুর সদরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একটি বিস্তৃত বৃক্ষরোপণ কর্মসূচি। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের সহযোগিতায় ৩৫০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উত্তর মনোহরখাদী এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্থানীয় শিশু-কিশোর, যুবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকায় এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। তিনি বলেন, “দেশব্যাপী পরিবেশ সুরক্ষার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় ধারাবাহিকভাবে আমরা বৃক্ষরোপণ চালিয়ে যাচ্ছি। গাছ আমাদের শুধু অক্সিজেন, ফল কিংবা ছায়াই দেয় না; একটি পূর্ণাঙ্গ গাছ মানুষ ও পশুপাখি উভয়ের বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে। তাই কেবল চারা রোপণ করলেই চলবে না, প্রতিটি গাছের নিবিড় পরিচর্যা ও সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নির্মল পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ইউএনও আরও বলেন, “আজকের রোপণ করা এই ছোট্ট চারাগুলোই আগামী দিনে আমাদের খাদ্য, শীতল ছায়া ও বিশুদ্ধ বাতাসের জোগান দেবে। পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এই সবুজ বিপ্লবে এগিয়ে আসতে হবে।” এ সময় তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের প্রশংসনীয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের সভাপতি কালাম বেপারী বলেন, “উপজেলা প্রশাসনের এমন মহতী উদ্যোগে সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ধরনের সবুজ উদ্যোগ আরও বিস্তার করা প্রয়োজন।” তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং দূর প্রবাসে থেকে সামাজিক কাজে সহযোগিতা পাঠানো প্রবাসী সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় প্রবীণ ও তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এ ধরনের ফলজ গাছ রোপণের ফলে একদিকে যেমন প্রকৃতির খাদ্য শৃঙ্খল ও ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে আগামী প্রজন্ম পাবে একটি সুফলা-সবুজ পরিবেশ। তবে চারাগুলো যেন গবাদিপশু বা অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সবাই মিলে পরিচর্যা করার অঙ্গীকার করেন তারা।
উল্লেখ্য, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় দৃষ্টান্তমূলক কাজ করে আসছে। ইতিপূর্বে সংগঠনটি নিজস্ব উদ্যোগে এলাকার প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়কে সোলার লাইট স্থাপন করে আলোর মুখ দেখিয়েছে। পাশাপাশি শিক্ষা প্রসারে ও সমাজ সচেতনতায় তারা নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, লায়ন্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ