১১:১৯ এম
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টায় বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ইতিহাসের অন্যতম আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’। ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডের গেমাররা প্রথমে গেমটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
গেমটির মুক্তির আগেই গেমারদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি হয়েছে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মুক্তির পূর্বে প্রায় ১ কোটি ২০ লাখ প্রি-অর্ডারের মাধ্যমে গেমটি ১.১৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
প্রাথমিকভাবে গেমটি শুধুমাত্র প্লেস্টেশন ৫ (পিএস৫) এবং এক্সবক্স সিরিজ কনসোলে খেলার জন্য উপলব্ধ হবে। মুক্তির প্রথম দিনে এর কোনো পিসি সংস্করণ আসছে না। যুক্তরাষ্ট্রে গেমটির স্ট্যান্ডার্ড এডিশনের দাম ৭৯.৯৯ ডলার এবং আল্টিমেট এডিশনের দাম ৯৯.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: গবেষকদের জন্য এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস দিচ্ছে ওপেন এআই
গেমটির সাইজ বিশাল হওয়ায় প্রি-লোড করার সময় কনসোলে প্রায় ২১২ জিবি খালি জায়গা রাখতে হবে। প্রথম দিনে এটি শুধুমাত্র সিঙ্গেল-প্লেয়ার স্টোরি মোড নিয়ে বাজারে আসছে, যেখানে মাল্টিপ্লেয়ার বা অনলাইন মোড ২০২৭ সালে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জিটিএ ৬-এর উন্মাদনা এতটাই তীব্র যে বিশ্বজুড়ে লাখ লাখ কর্মী গেমটি খেলার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন। যুক্তরাজ্যের এইচআর সফটওয়্যার কোম্পানি ব্রাইটএইচআর জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে গেমটির জন্য প্রায় ৮৩ হাজার দিন ছুটি নেওয়া হয়েছে। এমনকি মার্কিন সেনাবাহিনীর একটি ডিভিশন সেনাসদস্যদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে চার দিনের ছুটির ব্যবস্থা করেছে।
অন্যদিকে, সময়ের আগেই গেমটি খেলার জন্য অনেকে কনসোলের লোকেশন পরিবর্তন করে নিউজিল্যান্ড দেখানোর অভিনব কৌশল বা ‘নিউজিল্যান্ড ট্রিক’ ব্যবহার করছেন। মূলত ইন্টারনেটে স্পয়লার (গল্পের মূল চমক) এড়াতে এই কৌশল অবলম্বন করছেন গেমাররা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি কাল্পনিক রাজ্য ‘লিওনিডা’ এবং এর জনপ্রিয় শহর ‘ভাইস সিটি’-র প্রেক্ষাপটে এবারের গেমটি তৈরি হয়েছে। এবারের গেমে প্রথমবারের মতো একজন নারী কেন্দ্রীয় চরিত্র লুসিয়া এবং তার পুরুষ সঙ্গী জেসন-এর অপরাধ জগতের রোমাঞ্চকর গল্প দেখা যাবে।
আরও পড়ুন: ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে অতিরিক্ত ফেসবুক প্রোফাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন