বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২০ পি.এম
বঙ্গোপসাগর থেকে তীব্র গতিতে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। এটি আগামীকাল শুক্রবার দুপুরের দিকে আঘাত হানতে পারে। যদিও বাংলাদেশে কোনো বিপদ নেই, তবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
এছাড়া, প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই কারণে ঢাকাসহ দেশের ৫টি বিভাগের ওপর দিয়ে আগামী দুই দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মিমির বেশি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব অর্থনীতির সঙ্গে সংগতিপূর্ণভাবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। এই বৃদ্ধি পাচ্ছে এমন বাণিজ্যিক লেনদেনের জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।
বাজারে চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রার সরবরাহ থাকা সত্ত্বেও, গত কয়েক দিন ধরে ডলারের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং টাকার মান কমছে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের প্রথম দিকে ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। তবে চলতি মাসের শুরুতে এটি বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সায়।
বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (১৯ নভেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—
মুদ্রার নাম বাংলাদেশি টাকা
ইউএস ডলার : ১২৪ টাকা ৭৫ পয়সা
ইউরো : ১৩৬ টাকা ৮৮ পয়সা
পাউন্ড : ১৬৪ টাকা
কানাডিয়ান ডলার : ৮৭ টাকা ০৬ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৩ টাকা ৭৯ পয়সা
চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৭০ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৭০ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ৩৩ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ২৩ পয়সা
সৌদি রিয়াল : ৩৩ টাকা ১৬ পয়সা
কাতারি রিয়াল : ৩৪ টাকা ১৫ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৯ টাকা ১৪ পয়সা
আমিরাত দিরহাম : ৩৩ টাকা ৮৮ পয়সা
*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিসিয়াল রেটের মধ্যে ব্যবধান সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে এসেছে।
তবে গত কয়েক দিনে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ফের বাড়তি দামে ডলার বিক্রি হচ্ছে। খোলাবাজারে বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৯-১৩০ টাকায়। এর ফলে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৮০ পয়সা থেকে ১২৫ টাকা দিতে হচ্ছে। অর্থাৎ ব্যাংকের তুলনায় খোলাবাজারে প্রতি ডলার ৪ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহ না বাড়ায় বাজারে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, শিল্পের কাঁচামাল কেনা এবং আমদানি দায় পরিশোধের চাপের কারণে ডলারের চাহিদা বেড়েছে। যদিও রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে, বাজারে ডলারের সরবরাহ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না।
এতে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ডলারের দাম বাড়লে আমদানি ব্যয়ের পাশাপাশি পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ