মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
০১:৫০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সোহেল উপজেলার কালিউতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কালিউতা ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের ভাতিজা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে তিলপাড়া, ছাতিয়াইন, রতনপুর ও আদাঐর সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত। তাকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে বলেও দাবি স্থানীয়দের।
সর্বশেষ যে মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে, ওই মামলার বাদী উপজেলার গুতমা গ্রামের জামাত আলী। অভিযোগ রয়েছে, ডাকাতির সময় জামাত আলীকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং তার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। জামাত আলী দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, সোহেলের সঙ্গে তার এক আত্মীয়ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কালিউতা গ্রামের পশ্চিম দিকে নদীর পাড়সংলগ্ন একটি নির্জন এলাকায় সোহেলের বাড়ি হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ওই এলাকায় অপরাধীদের আনাগোনা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও দাবি তাদের।
এলাকাবাসী জানান, অতীতেও ওই এলাকা থেকে গরুসহ ডাকাত গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত একটি মামলা এখনও চলমান রয়েছে বলেও তারা জানান।
স্থানীয়দের দাবি, শুধু গ্রেপ্তার নয়, তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে প্রকৃতভাবে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১১ আগস্ট) নৌযান শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য ও উপাত্ত অপরিহার্য। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং কার্যকর পরিকল্পনা গ্রহণের জন্য সঠিক পরিসংখ্যানে বিকল্প নেই।
তিনি বলেন, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহে কোনো ধরনের গড়মিল, অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার নৌপথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় পণ্য পরিবহনে নৌপথের গুরুত্ব অনেক বেশি। নৌপথের কার্যকর ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পেশাদারিত্ব ও সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেছেন।
নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬ পরিচালনা করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এ শুমারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদফতর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌযান শুমারি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এবং ভারত সিরিজ খেলার জন্য চলতি মাসেই বাংলাদেশে আসার কথা ভারতের। দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সূচি অনুযায়ী, সিরিজটি শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর। তবে, দ্বিপক্ষীয় সিরিজটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে, আগামী ২৮ আগস্ট ভারত আসবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়নের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে, সিরিজ নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয় নিয়ে কথা বলেছেন। সম্প্রতি ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনা অনুযায়ী, সিরিজের বিষয়টি সেখানে ছিল।
আমিনুল বলেন, 'ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে এবং তাঁরাও খুব আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করতে পারব। আমি এখন পর্যন্ত আশাবাদী আছি। বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা মাধ্যমে সমাধান হবে।'
আমিনুল মনে করেন স্পোর্টসের মাধ্যমেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। তিনি আরও বলেছেন, 'আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আশা করি স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারব। যে দোটানা তৈরি হয়েছে তা স্মুথলি রান করতে চাই। আজ আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম। তিনিও অত্যন্ত আশাবাদী। ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি। তিনি খুব ইতিবাচকভাবে বলেছেন, 'আমরা দ্রুতই ভারত-বাংলাদেশ সিরিজ, কীভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি।'
অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যেতে পারায় পুনরায় সমালোচনা করেছেন আমিনুল। তিনি বলেন, 'গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি এটি মেনে নিতে পারি না। এটা ঠিক হয়নি। এই কারণেই পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে দোটানা সৃষ্টি হয়েছে... আমি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পকেটে এক কুঁড়ে টাকা ছিল না, ভবিষ্যৎও অন্ধকার ছিল। তার দিনে আয় ছিল একদমই মাত্র ৩৬ রুপি, যা বাংলাদেশি টাকায় ৪৬ টাকার সমান।
এই কঠিন সময় পেরিয়ে এখন তিনি কোটি টাকার সম্পত্তির অধিকারী, ভারতীয় অভিনেতা গুরমিত চৌধুরী।
এ সম্পর্কে জানা গেছে, তার বাড়ির মূল্য প্রায় ১৬ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ২০ কোটি ৭৩ লাখের বেশি। এটি ছাড়াও, নিজের স্বপ্নের ফার্মহাউস তৈরির পরিকল্পনা রয়েছে অভিনেতার।
কিন্তু গুরমিতের এই সাফল্য একদিনে আসেনি। অভিনেতা হওয়ার আগে তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। অর্থের সংকটকালীন সময়ে লড়াই করে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেছেন।
গুরমিতের জনপ্রিয়তা মূলত টেলিভিশনে শুরু হয়। ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।
এরপর ‘গীত হুই সবসে পরায়ি’ এবং ‘পুনর্বিবাহ’ এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।
অভিনয়ের পাশাপাশি, গুরমিত নাচেও নিজের প্রতিভা দেখিয়েছে। তিনি জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-য় অংশ নিয়ে শিরোপা জিতেছিলেন। এর পর তিনি বলিউডে পা রাখেন। ‘খামোশিয়াঁ’, ‘মিস্টার এক্স’ এবং ‘ওয়াজাহ্ তুম হো’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।
ব্যক্তিগত জীবনেও গুরমিত সুখী সংসারী হওয়ার সুখ পেয়ে গেছেন। তিনি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। নিজেদের সংসারের নানা মুহূর্ত মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা।
বর্তমানে, প্রায় ২১ কোটি টাকার বাড়ির মালিক হলেও, গুরমিতের স্বপ্নের আকার আরও বড়। তার উদ্দেশ্য হলো, নিজের একটি ফার্মহাউস তৈরি করা। একটি সময় যেখানে প্রতিদিনের জীবন নির্বাহ করা ছিল বড় চ্যালেঞ্জ, আজ সেখানে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন তিনি।
গুরমিতের জীবন শুধু বিপুল অর্থ ও সম্পত্তির মালিক হওয়ার কাহিনি নয়, বরং অভাব ও অনিশ্চয়তার মাঝে ওঠে এসে নিজের পরিচয় তৈরি করার এক দীর্ঘ সংগ্রামের গল্প।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কোনো ‘গুপ্ত মন্ত্রণালয়’ কাটছাঁট করে প্রকাশ করেছে। তিনি গুজব ছড়িয়ে যারা মিছিল করছেন তাদের প্রতি সতর্কবার্তা পাঠান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষক নিয়োগ সম্পর্কিত গুজব ছড়ানোর অভিযোগে শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএ’র কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নেয়ার সিদ্ধান্ত হয়নি। গুজব ছড়ানো হয়েছে এবং এটি চিলে কান নেয়ার মতো। মূল বিষয়টি না জেনে সমালোচনা ও গুজব ছড়ানো হয়েছে এবং শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কাটছাঁট করে প্রকাশ করেছে কোনো গুপ্ত মন্ত্রণালয়।
এছাড়া, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, গত বছরের তুলনায় পাসের হার ৬ দশমিক ২ শতাংশ কম এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২২ হাজার ৩৫৬ জন কম। এই বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে রিভার্স গিয়ারে নিয়ে গেছে। বর্তমানে যে রেজাল্ট এসেছে, তা স্বচ্ছ। এসএসসির রেজাল্টের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। অনেকে বলছেন, রেজাল্ট ড্রপ করেছে এবং এটি মিস ইনফরমেশন। জোর করে পাস কিংবা ফেল করানো সম্ভব নয়। এসএসসি রেজাল্ট প্রভাবিত করার জন্য বোর্ডের প্রতি সরকার কোনো চাপ প্রয়োগের মানসিকতা নেই। এছাড়াও, শতভাগ ফেল করা ৩১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। প্রয়োজনে পূর্বের মতো বন্ধ করে দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী এ ছাড়াও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বেশি কাজ করছেন। এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। তাই এটি নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। ভবিষ্যতে শিক্ষাব্যবস্থায় গবেষণায় সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ