বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:০৯ এম
রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, যদি ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই হুঁশিয়ারি প্রদান করেন।
তিনি উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। তিনি বলেন, “হয়ত তাদের উড়িয়ে দিতে হবে।”
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে— ইরানের সঙ্গে একটি চুক্তি হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে। তার মতে, “সময় এসে গেছে” এবং বিষয়টির নিষ্পত্তি খুব শিগগিরই হতে পারে।
ট্রাম্পের এই বক্তব্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। তবে তিনি সম্ভাব্য চুক্তির শর্ত বা সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি। সূত্র: টাইমস অব ইসরায়েল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অবকাঠামোকে সাইবার আক্রমণ, অন্তর্ঘাত এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা থেকে সুরক্ষিত করার লক্ষ্যে মার্কিন যুদ্ধ বিভাগ (পেন্টাগন) ‘ফোর্ট্রেস আমেরিকা’ নামে একটি নতুন জাতীয় নিরাপত্তা উদ্যোগের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (৩০ সেপ্টেম্বর) এই নির্দেশিকা প্রকাশ করেন এবং একে যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় বীমা পলিসি’ হিসেবে উল্লেখ করেন।
এই নতুন কাঠামোর আওতায় জাতীয় জরুরি অবস্থা বা শত্রুপক্ষের আক্রমণের সময় দেশের সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পিট হেগসেথ জানান, যেকোনো পরিস্থিতিতে বেসামরিক বিদ্যুৎ গ্রিড অচল হয়ে পড়লেও মার্কিন সামরিক ঘাঁটিগুলো যেন নিজেদের বিদ্যুৎ উৎপাদনে সক্ষম থাকে। এর ফলে সাইবার হামলার কারণে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়লেও ঘাঁটিগুলোতে আলো থাকবে, কমান্ড সেন্টার কার্যকর থাকবে এবং যুদ্ধবিমান উড্ডয়ন অব্যাহত থাকবে।
‘ফোর্ট্রেস’ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জরুরি প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলে বিদেশি নির্ভরতা কমানো। বিরল মৃত্তিকা, সেমিকন্ডাক্টর, বিশেষ ধাতু এবং গুরুত্বপূর্ণ প্রোপেল্যান্টের মতো উপাদান যুক্তরাষ্ট্রের ভেতরেই খনন, পরিশোধন এবং উৎপাদন নিশ্চিত করা হবে। যুদ্ধের মতো পরিস্থিতিতে কার্যক্রম সচল রাখতে স্যাটেলাইট, স্পেকট্রাম এবং যোগাযোগের প্রযুক্তিগত অবকাঠামো সুরক্ষার পাশাপাশি কৌশলগত রিজার্ভ মজুদের ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র।
এছাড়া, প্রতিরক্ষা কাঠামোর উন্নতির পাশাপাশি পেন্টাগনে একটি নতুন ‘ধর্মীয় বিষয়ক দপ্তর’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন হেগসেথ। তিনি জানান, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে এই দপ্তরটি সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট করবে। এটি মূলত বাহিনীর চ্যাপলিনদের সহায়তা করা, ধর্মীয় বাজেট সুরক্ষা এবং সেনা সদস্যদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁয় ছিনতাইয়ের উদ্দেশ্যে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাদের আটক করে, যখন তারা এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার দুপুরের দিকে শহরের রুবীর মোড় এলাকায় ছিনতাই করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)।
পুলিশ সুপার জানান, বুধবার শাহানাজ আক্তার শিরিন নামের এক নারী শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। রুবীর মোড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী ভুক্তভোগী ওই নারীকে ঘিরে ধরে চাকু দিয়ে খুন-জখমের হুমকি দেয়। এরপর তারা ওই নারীর কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের জনগণ এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে। একই সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে জনগণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ চাকুসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় স্থানীয় জনগণ ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সর্বাত্মক সহযোগিতা করায় পুলিশ সুপার তাঁদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় প্রকাশিত হবে।
দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২৮ সেপ্টেম্বর। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানাচ্ছে, ১ অক্টোবর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা নির্বাচন নিশ্চিত করতে পারবেন। যদি কোনো শিক্ষার্থী এই সময়ের মধ্যে নিশ্চিত না হন, তাহলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এছাড়া, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ৪ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ