ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুষ্টিয়ার কুমারখালীতে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে সরকারি কার্যক্রম, নিরাপত্তা নিয়ে উদ্বেগ


কুষ্টিয়ার কুমারখালীতে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে সরকারি কার্যক্রম, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে ২০১৮ সালে পরিত্যক্ত হিসেবে ঘোষিত তিনটি ভবনে গত আট বছর ধরে সরকারি দপ্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল ও মরিচা ধরা রড বেরিয়ে যাওয়ার কারণে কর্মকর্তা-কর্মচারীরা চরম ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে বিপদে পড়ছেন।

উপজেলা পরিষদ চত্বরের ওই তিনটি ভবনে কৃষি সম্প্রসারণ কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন কার্যালয়, সিনিয়র মৎস্য কার্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় এবং দলিল লেখক সমিতির কার্যালয় অবস্থিত। এসব ভবনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও বীর মুক্তিযোদ্ধা নিয়মিত কাজ করছেন। সরেজমিনে দেখা গেছে, ভবনগুলোর বিভিন্ন কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং চারপাশে আগাছা জমে গেছে।

কুমারখালীর সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিকান্ত বিশ্বাস জানান, ভবনের ছাদের অবস্থা অত্যন্ত খারাপ এবং পলেস্তারা খসে পড়ার কারণে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন।

আরও পড়ুন: পিরোজপুরে নৈরাজ্য ও জাসাস নেতা সোহেল রানার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

এদিকে, ভবনগুলোর পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছ নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ঝড়-বৃষ্টির সময় গাছগুলো ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ভবনটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু উপযুক্ত বিকল্প জায়গা না পাওয়ায় তারা স্থানান্তরিত হতে পারেননি। বিভিন্ন সময়ে ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটলেও জীবনের ঝুঁকি নিয়ে তারা সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ভবনগুলোর প্রকৃত চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা পরিষদের একটি কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদী।

দীর্ঘ আট বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সত্ত্বেও সরকারি কার্যক্রম চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবন ও মরা গাছ অপসারণ এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুন: মির্জাগঞ্জ উপজেলা ও সুবিদখালী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকার খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিযোগিতা; লাভবান হবে কারা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


আফ্রিকার খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিযোগিতা; লাভবান হবে কারা?

বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতের জন্য অপরিহার্য কাঁচামাল—কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার আফ্রিকা বর্তমানে বিশ্বশক্তিগুলোর ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) কোবাল্ট খনি থেকে শুরু করে মালির লিথিয়াম এবং নাইজারের ইউরেনিয়াম ভাণ্ডার—এগুলোতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের জন্য লড়াই তীব্র হয়েছে। এই প্রতিযোগিতা শুধুমাত্র খনি উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং খনিজ সম্পদ বৈশ্বিক বাজারে পৌঁছানোর জন্য বন্দর, রেলপথ এবং পরিবহন করিডোরের নিয়ন্ত্রণ নিয়েও চলছে টানাপোড়েন।

এই প্রতিযোগিতায় যুক্ত তিনটি পরাশক্তি আফ্রিকায় নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করছে:

চীন: খনি উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদী বিপুল বিনিয়োগের মাধ্যমে চীন গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলে শক্তিশালী আধিপত্য গড়ে তুলেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে বেইজিং। চীনা কাস্টমস পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্য রেকর্ড ৩৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে চীনকে আরও সুসংহত করেছে।

যুক্তরাষ্ট্র: চীনের সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে কূটনীতি, বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজে প্রবেশাধিকার বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন। মার্কিন শিল্পের জন্য কৌশলগত খনিজের মজুত গড়ে তুলতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ হাজার ২০০ কোটি ডলারের (১২ বিলিয়ন ডলার) ‘প্রজেক্ট ভল্ট’ উদ্যোগ ঘোষণা করেন।

রাশিয়া: অর্থনৈতিক পদচিহ্ন তুলনামূলকভাবে ছোট হলেও সাহেল অঞ্চলসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হওয়া দেশগুলোতে সামরিক সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারিত্বের মাধ্যমে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে মস্কো। ২০২৩ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘আফ্রিকা কোর’ ওয়াগনার গ্রুপের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি রাশিয়ার সম্পৃক্ততায় স্বর্ণও একটি কৌশলগত উপাদান হিসেবে উঠে এসেছে।

কোবাল্টের কেন্দ্রবিন্দু ডিআরসি এবং পরিবহন করিডোরের লড়াই

বিশ্বের শীর্ষ কোবাল্ট উৎপাদনকারী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি), যেখানে ২০২৫ সালে বৈশ্বিক খনিজ কোবাল্ট উৎপাদনের আনুমানিক ৭৩ শতাংশ আসবে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। দেশটির বড় তামা ও কোবাল্ট খনিগুলোতে চীনা কোম্পানির অংশীদারত্ব রয়েছে এবং বৈশ্বিক কোবাল্ট পরিশোধনে বেইজিংয়ের প্রভাব উল্লেখযোগ্য। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ডিআরসি গত বছরের ডিসেম্বরে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তবে ডিআরসির অর্থনীতিমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা ওয়াশিংটনকে কেবল চুক্তিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব বিনিয়োগের মাধ্যমে দেশীয় খনিজ প্রক্রিয়াজাতকরণ, বিদ্যুৎ সুবিধা ও অর্থনৈতিক উন্নয়নে প্রকল্প শেষ করার তাগিদ দিয়েছেন।

খনিজ রপ্তানির পথ সুগম করতে পরিবহন করিডোরও বড় নিয়ামক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও আফ্রিকান অংশীদারদের সমর্থনে এগিয়ে নেওয়া লবিটো করিডোর অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূলকে ডিআরসির তামা ও কোবাল্ট অঞ্চলের সঙ্গে যুক্ত করছে এবং জাম্বিয়া পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে পরিবহন খরচ কমতে পারে, তবে স্থানীয় শিল্প ও জনগণের জন্য কতটা উপকার হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাহেল অঞ্চল ও আফ্রিকার সামনে চ্যালেঞ্জ

মালি ও নাইজারে লিথিয়াম, স্বর্ণ ও ইউরেনিয়ামের বড় মজুত থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বিদেশি বিনিয়োগকে জটিল করেছে। সামরিক অভ্যুত্থান ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পর মালি, নাইজার ও বুরকিনা ফাসো মস্কোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করেছে এবং রাশিয়া আফ্রিকা কোরের সদস্য মোতায়েন করেছে। এর মধ্যেই সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মালিতে লিথিয়াম উত্তোলনে চীনা স্বার্থ ও রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার সহযোগী প্রতিষ্ঠানের অনুসন্ধান লাইসেন্সের পাশাপাশি মার্কিন বাণিজ্যিক স্বার্থও সক্রিয় রয়েছে। আর নাইজারে ২০২৪ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর চলতি বছরের সেপ্টেম্বরে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন কানাডীয় প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাটমিকের ‘দাসা’ ইউরেনিয়াম প্রকল্পে ৪১ কোটি ৪০ লাখ ডলার পর্যন্ত অর্থায়নের অনুমোদন দিয়েছে।

বিশ্লেষকদের মতে, পরাশক্তিগুলোর এই প্রতিযোগিতা আফ্রিকার দেশগুলোর জন্য বিনিয়োগ টানা ও দরকষাকষির সুযোগ তৈরি করলেও বিদেশি মালিকানা ও দুর্বল সুশাসনের কারণে কেবল কাঁচামাল রপ্তানিতে সীমাবদ্ধ থাকার ঝুঁকি রয়েছে। তাই কোন শক্তি প্রতিযোগিতায় এগিয়ে গেল, তার চেয়ে বড় পরীক্ষা হলো আফ্রিকার দেশগুলো নিজেদের খনিজ সম্পদের কতটা মূল্য দেশে ধরে রেখে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে পারে। সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে নৈরাজ্য ও জাসাস নেতা সোহেল রানার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


পিরোজপুরে নৈরাজ্য ও জাসাস নেতা সোহেল রানার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য এবং নড়াইলের কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল রানাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জাসাসের সদস্য সচিব খাইরুল বাশার শামীম, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. ইলিয়াস সিকদার শুভ, সদস্য সচিব সাইয়েদুজ্জামান মুন্না, জিয়ানগর উপজেলা জাসাসের সভাপতি রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, "জাসাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানাতেও এ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত।" তারা নড়াইলের কালিয়ায় জাসাস নেতা সোহেল রানাকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" একই সঙ্গে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, পিরোজপুরে সব দল ও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

মানববন্ধন শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন রিটন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন রিটন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবু, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মুঈদ, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এক্সপোজার ভিজিট, অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালায় অংশ নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহী এসেছেন।

 
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত
 
রাজবাড়ীর গোয়ালন্দে এসবি পরিবহনের একটি বাসের চাপায় জিসান নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
 
রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় করিম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত জিসান খানখানাপুর ব্রাকপাড়া এলাকার মো. জহিরের ছেলে। সে সুরাজ মোহিনী ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
জানা গেছে,জিসান খানখানাপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছেন বাসটির চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%