প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে ২০১৮ সালে পরিত্যক্ত হিসেবে ঘোষিত তিনটি ভবনে গত আট বছর ধরে সরকারি দপ্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল ও মরিচা ধরা রড বেরিয়ে যাওয়ার কারণে কর্মকর্তা-কর্মচারীরা চরম ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে বিপদে পড়ছেন।
উপজেলা পরিষদ চত্বরের ওই তিনটি ভবনে কৃষি সম্প্রসারণ কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন কার্যালয়, সিনিয়র মৎস্য কার্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় এবং দলিল লেখক সমিতির কার্যালয় অবস্থিত। এসব ভবনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও বীর মুক্তিযোদ্ধা নিয়মিত কাজ করছেন। সরেজমিনে দেখা গেছে, ভবনগুলোর বিভিন্ন কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং চারপাশে আগাছা জমে গেছে।
কুমারখালীর সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিকান্ত বিশ্বাস জানান, ভবনের ছাদের অবস্থা অত্যন্ত খারাপ এবং পলেস্তারা খসে পড়ার কারণে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন।
এদিকে, ভবনগুলোর পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছ নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ঝড়-বৃষ্টির সময় গাছগুলো ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ভবনটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু উপযুক্ত বিকল্প জায়গা না পাওয়ায় তারা স্থানান্তরিত হতে পারেননি। বিভিন্ন সময়ে ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটলেও জীবনের ঝুঁকি নিয়ে তারা সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ভবনগুলোর প্রকৃত চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা পরিষদের একটি কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদী।
দীর্ঘ আট বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সত্ত্বেও সরকারি কার্যক্রম চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবন ও মরা গাছ অপসারণ এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন