০৪:১৭ পি.এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় জনগণের জন্য ‘লভ্যাংশ’ দেওয়ার বিষয়ে ডেটা সেন্টার পরিচালনাকারী কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন।
তিনি বুধবার মন্তব্য করেন যে, এই ধরনের স্থাপনা স্থানীয়দের কাছে জনপ্রিয় করতে এ উদ্যোগ গ্রহণ করা উচিত। পাশাপাশি, ট্রাম্প আরও ডেটা সেন্টার নির্মাণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ডেটা সেন্টার নির্মাণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখার পক্ষে তিনি রয়েছেন। তবে, দেশটির বিভিন্ন অঞ্চলে এসব প্রকল্প স্থানীয়দের বিরোধিতার সম্মুখীন হয়েছে। বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে উদ্বেগই এর প্রধান কারণ।
আরও পড়ুন: ট্রাম্পের কিউবা পরিকল্পনা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘কোম্পানিগুলো যদি তাদের ডেটা সেন্টারকে জনপ্রিয় করতে চায়, তাহলে স্থানীয় জনগণের এবং সেখানকার বাসিন্দাদের ‘লভ্যাংশ’ দিতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমি পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। কোনো এলাকায় যে ডেটা সেন্টারগুলো ব্যাপক অজনপ্রিয় ছিল, আর্থিক সমঝোতা হওয়ার পর সেগুলোই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সমঝোতা করুন, আর এগুলো নির্মাণ করুন!!!’
স্থানীয়দের প্রতিরোধের ওপর নজর রাখা সংস্থা ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্থানীয়দের বিরোধিতার কারণে অন্তত ৭৫টি ডেটা সেন্টার প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় অথবা বিলম্বিত হয়।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা ইসরাইল, দাবি মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের
জনমত জরিপে দেখা গেছে, ডেটা সেন্টার নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেও বিরোধিতা বিদ্যমান। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন