বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৩৯ পি.এম
পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জাতীয় সরকার গঠনের প্রস্তাবে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইয়ের প্রস্তাব তাদের দলের অবস্থান নয়।
বুধবার (২৫ নভেম্বর) পিটিআইয়ের জাতীয় পরিষদ ও সিনেটের সংসদীয় দলের যৌথ বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত এক সদস্য ডনকে জানান, আচাকজাইয়ের সাম্প্রতিক জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশ সদস্যই এ উদ্যোগের বিরোধিতা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য আরও বলেন, বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে যে, এ প্রস্তাব আচাকজাইয়ের দল পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির। পিটিআই এ ধরনের কোনো উদ্যোগে সমর্থন দেবে না।
এর আগে, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের এক বহুদলীয় সম্মেলনে জাতীয় সরকার গঠন ও সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছিলেন আচাকজাই।
বৈঠকে নতুন প্রদেশ গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে, এ বিষয়ে সরকারের প্রস্তাবিত খসড়া প্রকাশের আগে দলের কোনো সদস্যকে নীতিগত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সংসদীয় দলের অভ্যন্তরীণ আলোচনা মাধ্যমে এ বিষয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে।
বৈঠকে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা ও সিনেটে দলের সংসদীয় নেতা ব্যারিস্টার আলী জাফরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও ঘটে। সূত্র জানায়, রাজা বলেন, "দলের কিছু সদস্য কী করছেন, তা তিনি জানেন; তবে তাঁদের নাম বলতে চান না।" জাফর তখন তাঁকে নাম প্রকাশের চ্যালেঞ্জ জানান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। পরে আমির দোগার ও ফয়সাল গান্ডাপুরসহ কয়েকজন হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
রাজা নাম উল্লেখ না করে বলেন, "দলের কয়েকজন সদস্য এমনকি নীতিগত বিবৃতিও পড়েন না।" তিনি আরও বলেন, "আত্মগোপনে থাকা অবস্থায়ও দলের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম নিয়মিত নীতিগত বক্তব্য ও দলের অবস্থান পাঠান, কিন্তু অনেকে সেগুলো পড়েন না।"
বৈঠকে পিটিআইয়ের নেতা সরদার লতিফ খোসা আদিয়ালা কারাগারে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে সদস্যদের অবহিত করেন। সূত্রের বরাতে ডন জানায়, খোসা বলেছেন, নতুন প্রদেশ গঠনের বিষয়টি সংসদীয় দলের বৈঠকে আলোচনার নির্দেশ দিয়েছেন ইমরান খান।
এদিকে, ডনকে শেখ ওয়াকাস আকরাম বলেন, নতুন প্রদেশ গঠনে সরকারের খসড়া পর্যালোচনার পর পিটিআই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে। জাতীয় পরিষদ, সিনেট ও প্রাদেশিক সংসদীয় দলগুলোর প্রতিনিধিরা এ কমিটিতে থাকবেন।
ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য দলের সদস্যদের একটি তালিকা আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে পিটিআই। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীরা এবং বৃহস্পতিবার পিটিআই নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি মন্তব্য করেছেন যে, "সততা ও আন্তরিকতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে।" তিনি উল্লেখ করেছেন যে, একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন হয়। সরকারের পক্ষ থেকে গোখাদ্যের দাম কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অতীতে শুধুমাত্র আদর্শ কৃষক বা গৃহস্থরা বাড়িতে গরু-ছাগল পালন করতেন; কিন্তু বর্তমানে স্বল্প আয়ের মানুষও গবাদিপশু পালন করে স্বাবলম্বী হচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের ইছামতী হলরুমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে হুইপের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুণ্ডু, ভেটেরিনারি সার্জন ডা. আরিফা পারভীন এবং অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গরু-ছাগলসহ বিভিন্ন গবাদিপশুর খামারিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘আটক’ করে পুলিশে হস্তান্তর করেছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নয়ন ওই ছাত্রলীগ নেতার উদ্দেশ্যে বলেন, ‘আপা আইবো না, আপা নাই’। তার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
পরে জানা যায়, নয়ন ওই যুবককে পুলিশের কাছে তুলে দেন। তবে ছাত্রলীগ নেতার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন এবং তার অনুসারীরা একাধিক নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের পুলিশে সোপর্দ করতে দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ৩০ দিন ধরে জ্বলছে। এতে স্থানীয় কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে। তবে দীর্ঘ পর্যবেক্ষণ ও প্রস্তুতির পর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযানে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মূল অপারেশন শুরু হওয়ার কথা রয়েছে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই অভিযান সফল হলে খরচ হবে মাত্র এক থেকে দুই কোটি টাকা। অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিলে খরচ হতে পারে ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মূল অভিযান শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুতসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করে বাপেক্সের দল। গত ১৩ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি দল কাজ করছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রস্তুতি চলেছে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে কূপের কেন্দ্র থেকে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরানো হবে। এরপর প্রায় এক হাজার ফুট গভীরে বেন্টোনাইট মিশ্রিত ঘন মাড উচ্চচাপে পাম্প করা হবে। কূপের ভেতরে গ্যাসের চাপ আনুমানিক ৪০০ থেকে ৫০০ পিএসআই। বিপরীতে প্রায় ৬০০ পিএসআই চাপ প্রয়োগ করে গ্যাসের প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হবে।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান বলেন, “প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি মিটিংয়ের পর মূল অপারেশন শুরু করা হবে। বেন্টোনাইট একধরনের কাদামাটি। এটি পানির সঙ্গে মিশিয়ে ঘন মাড তৈরি করে কূপের ভেতরে পাম্প করা হবে। এতে গ্যাসের চাপ নিয়ন্ত্রণে এনে প্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। সফল হলে বৃহস্পতিবারই আগুন নেভানো সম্ভব।”
গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এলে সিমেন্টিংয়ের মাধ্যমে কূপটি স্থায়ীভাবে বন্ধ করা হবে। তবে শুধু আগুন নেভানো নয়, ওই এলাকায় গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগও নিয়েছে বাপেক্স। আগামী ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক (থ্রিডি) জরিপ শুরুর পরিকল্পনা রয়েছে। এ জন্য একটি সার্ভে দল কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান জানান, “কূপের গ্যাসের চাপ এখনো ৪০০ থেকে ৫০০ পিএসআইয়ের মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের তুলনায় চাপে বড় কোনো পরিবর্তন হয়নি। এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত থাকতে পারে। তবে প্রকৃত মজুত ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা জানতে জরিপের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।”
বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে নিজস্ব জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালনা করছে বাপেক্স, জানান সংস্থাটির সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিনিধি দলের প্রধান হাওলাদার অহিদুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দেশব্যাপী এ সপ্তাহ উদযাপিত হচ্ছে।
খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের ক্রমবর্ধমান জনগণের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও গুরুত্বপূর্ণ।
তিনি জানান, মানিকগঞ্জের প্রান্তিক জনগণের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টির চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম ভূমিকা রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।
মন্ত্রী বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।
খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। তিনি এ সময় মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ