প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ৩০ দিন ধরে জ্বলছে। এতে স্থানীয় কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে। তবে দীর্ঘ পর্যবেক্ষণ ও প্রস্তুতির পর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযানে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মূল অপারেশন শুরু হওয়ার কথা রয়েছে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই অভিযান সফল হলে খরচ হবে মাত্র এক থেকে দুই কোটি টাকা। অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিলে খরচ হতে পারে ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মূল অভিযান শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুতসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করে বাপেক্সের দল। গত ১৩ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি দল কাজ করছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রস্তুতি চলেছে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে কূপের কেন্দ্র থেকে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরানো হবে। এরপর প্রায় এক হাজার ফুট গভীরে বেন্টোনাইট মিশ্রিত ঘন মাড উচ্চচাপে পাম্প করা হবে। কূপের ভেতরে গ্যাসের চাপ আনুমানিক ৪০০ থেকে ৫০০ পিএসআই। বিপরীতে প্রায় ৬০০ পিএসআই চাপ প্রয়োগ করে গ্যাসের প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হবে।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান বলেন, “প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি মিটিংয়ের পর মূল অপারেশন শুরু করা হবে। বেন্টোনাইট একধরনের কাদামাটি। এটি পানির সঙ্গে মিশিয়ে ঘন মাড তৈরি করে কূপের ভেতরে পাম্প করা হবে। এতে গ্যাসের চাপ নিয়ন্ত্রণে এনে প্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। সফল হলে বৃহস্পতিবারই আগুন নেভানো সম্ভব।”
গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এলে সিমেন্টিংয়ের মাধ্যমে কূপটি স্থায়ীভাবে বন্ধ করা হবে। তবে শুধু আগুন নেভানো নয়, ওই এলাকায় গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগও নিয়েছে বাপেক্স। আগামী ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক (থ্রিডি) জরিপ শুরুর পরিকল্পনা রয়েছে। এ জন্য একটি সার্ভে দল কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান জানান, “কূপের গ্যাসের চাপ এখনো ৪০০ থেকে ৫০০ পিএসআইয়ের মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের তুলনায় চাপে বড় কোনো পরিবর্তন হয়নি। এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত থাকতে পারে। তবে প্রকৃত মজুত ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা জানতে জরিপের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।”
বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে নিজস্ব জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালনা করছে বাপেক্স, জানান সংস্থাটির সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিনিধি দলের প্রধান হাওলাদার অহিদুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন