সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫০ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২), আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন (২৭) এবং আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব (২৭)।
দেলোয়ার হোসেন দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ১২টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনে জনবল ও প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের পুরোনো ঠিকাদারি সিন্ডিকেট অপসারণের জন্য এবং বিগত সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে সচেতন নাগরিক সমাজ একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করে ২৪ ঘণ্টার মধ্যে দুই ঠিকাদারকে অপসারণের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে, বিক্ষোভ মিছিলের পর হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব দাবি উত্থাপন করা হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল। তিনি উল্লেখ করেন, "বিগত সরকারের আমলে যারা অনৈতিক সুবিধা নিয়েছে, তারা এখনো হাসপাতালের কার্যক্রমে সক্রিয় এবং বহাল তবিয়তে রয়েছে।" তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে একই গোষ্ঠী হাসপাতালের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। ক্ষমতার পরিবর্তন হলেও তারা তাদের ব্যবসা অব্যাহত রেখেছে এবং এখান থেকে অর্জিত অর্থ বর্তমানে অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যয় করছে।
সমাবেশে যুবদল নেতা নুর আলম হক খোকন ও মাসুদ রানা সহ অন্যান্য বক্তাগণও বক্তব্য দেন।
এর আগে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাসপাতালের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : কোস্ট গার্ড সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের সাথে বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গতকাল বিকেল ৫টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর এবং ১০টি শাপলাপাতা মাছসহ প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়, পাশাপাশি ২০ জন জেলেকে আটক করা হয়।
পরে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল, কক্সবাজারের উপস্থিতিতে আটককৃত বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয় এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।
জব্দকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, কোস্ট গার্ড সামুদ্রিক পরিবেশ ও বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধান, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে।
আজ সোমবার দুপুরে, উত্তর যাত্রাবাড়ীতে কুতুবখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ-সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী) পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করা হবে। আগামী দুই মাসের মধ্যে খাল থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (স্লাজ) অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষার জন্য খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে।
ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে, জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।’
স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন পুনরায় পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।’
বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই; সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবান, ২৩ নভেম্বর ২০২৬ : বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় আয়োজনের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে।
আজ সকালে বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের সূচনা ঘটে ভোর ৫টায়, যখন বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্র পাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয় এবং পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতরাশের আয়োজন করা হয়।
সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে বিহারে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর উৎসর্গ ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মীয় দেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ মহা সংঘ নায়ক ভদন্ত আসাবা মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ রাজনিকায় সংঘ নায়ক ভদন্ত পামোক্ষা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞ্চানন্দ মহাথের, মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।
কঠিন চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং, পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং মারমাসহ বিহারের দায়ক-দায়িকা ও বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা এবং কাপড় বুননের মাধ্যমে চীবর প্রস্তুত করে ভিক্ষু সংঘকে দান করা হয়। এই বিশেষ দানের মাধ্যমে দানকারীরা কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য অর্জন করেন। বৌদ্ধ শাস্ত্রে এই দানকে শ্রেষ্ঠ দান বা কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়েছে।
প্রবারণা পূর্ণিমার পর এক মাস ধরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সম্মিলিতভাবে চীবর তৈরি করে ভিক্ষুসংঘের উদ্দেশে উৎসর্গ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দানের মাধ্যমে সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ