সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৩ পি.এম
বান্দরবান, ২৩ নভেম্বর ২০২৬ : বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় আয়োজনের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে।
আজ সকালে বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের সূচনা ঘটে ভোর ৫টায়, যখন বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্র পাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয় এবং পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতরাশের আয়োজন করা হয়।
সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে বিহারে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর উৎসর্গ ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মীয় দেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ মহা সংঘ নায়ক ভদন্ত আসাবা মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ রাজনিকায় সংঘ নায়ক ভদন্ত পামোক্ষা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞ্চানন্দ মহাথের, মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।
কঠিন চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং, পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং মারমাসহ বিহারের দায়ক-দায়িকা ও বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা এবং কাপড় বুননের মাধ্যমে চীবর প্রস্তুত করে ভিক্ষু সংঘকে দান করা হয়। এই বিশেষ দানের মাধ্যমে দানকারীরা কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য অর্জন করেন। বৌদ্ধ শাস্ত্রে এই দানকে শ্রেষ্ঠ দান বা কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়েছে।
প্রবারণা পূর্ণিমার পর এক মাস ধরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সম্মিলিতভাবে চীবর তৈরি করে ভিক্ষুসংঘের উদ্দেশে উৎসর্গ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দানের মাধ্যমে সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী, ২৩ নভেম্বর ২০২৬ : গত দশকের মধ্যে নীলফামারী জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর জাতীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় আজ এই তথ্য জানানো হয়। দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের হালনাগাদ চিত্র তুলে ধরার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাজেদুল ইসলাম জাতীয় ও জেলা পর্যায়ের প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নীলফামারী জেলায় বর্তমানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৪৩টি। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ১০২টি। গত এক দশকে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ১৯ দশমিক ৫৬ শতাংশ। বর্তমানে অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে স্থায়ী ইউনিট ৮০ হাজার ৯০২টি, অস্থায়ী ইউনিট ৭ হাজার ৫৪৯টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৬৯ হাজার ৪৯২টি।
এতে আরও বলা হয়, জেলার এসব অর্থনৈতিক ইউনিটে বর্তমানে কর্মরত আছেন ৩ লাখ ৪৭ হাজার ১৮০ জন। এর মধ্যে স্থায়ী জনবল ২ লাখ ৪৯ হাজার ৭৮৪ জন, অস্থায়ী ১০ হাজার ৪০২ জন এবং অর্থনৈতিক খানার সঙ্গে যুক্ত জনবল ৮৬ হাজার ৯৯৪ জন।
জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২০২৪ সালে দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। দুই শুমারির ব্যবধানে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।
জাতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনবলও বেড়েছে। ২০২৪ সালে মোট জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। এই সময়ে জনবল বেড়েছে ২৫ দশমিক ৩ শতাংশ। জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী নীলফামারী জেলায় বৃহৎ শিল্প ৭০টি, মাঝারি শিল্প ৩৮২টি, ক্ষুদ্র শিল্প ৪ হাজার ৭০২টি, মাইক্রো শিল্প ৮৭ হাজার ২৪০টি এবং কুটির শিল্প ৬৫ হাজার ৫৪৯টি।
কর্মশালায় জানানো হয়, দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতের নির্ভরযোগ্য পরিসংখ্যানের অন্যতম উৎস অর্থনৈতিক শুমারি। এই শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, কাঠামোগত বৈশিষ্ট্য এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবার তথ্য পাওয়া যায়। এসব তথ্য শিল্প ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতি নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুতের লক্ষ্যে ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই শুমারিতে তথ্য সংগ্রহে কম্পিউটারভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি ও জিআইএস ম্যাপিং ব্যবহার করা হয়।
বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় শুমারি হয় ২০০১ ও ২০০৩ সালে দুই পর্যায়ে। তৃতীয় শুমারি অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।
শুমারিতে সারা দেশে ৮৭ হাজার ৪১৯টি গণনা এলাকা গঠন করা হয়। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ৮৭ হাজার ৪১৯ জন গণনাকারী, ১৬ হাজার ৯৩৪ জন সুপারভাইজার, ২ হাজার ৫৭৭ জন জোনাল অফিসার এবং ২ হাজার ৫৭৭ জন আইসিটি সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
কর্মশালায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়িত স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রার (এসবিআর) জরিপের পটভূমি, ক্রমবিকাশ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং জাতীয় ও জেলা পর্যায়ের অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদ এবং ব্যবসা-প্রতিষ্ঠানের গতি-প্রকৃতি পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যে ‘প্যারেন্ট-চাইল্ড রিলেশনশিপ’ চিহ্নিতকরণে চলমান জরিপের জন্য ব্যবসায়িক ফোরাম ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করা হয়।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন নীলফামারী সদর উপজেলা পরিসংখ্যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর বনানী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে এবং তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাহাবুবুল আলম জোবায়ের (৩৭) এবং মোহাম্মদ আলী (৪৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার সন্ধ্যায় বনানী থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরইউ’র ইনভেস্টিগেশন টিম-১ মাহাবুবুল আলম জোবায়েরকে গ্রেফতার করে।
মাহবুব আলম বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সোমবার সকালে তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ আলীকে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার করে এসআরইউ’র ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। তার হেফাজত থেকে দুই গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী এবং উদ্ধারকৃত গাঁজা তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি চোরাই গরুসহ ডালিম (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গত ২২ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে ওই ব্যক্তির নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ডালিম পীরপুর সাহানাপাড়া গ্রামের এমরান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনা এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজীব উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ডালিমের বাড়িতে অভিযান চালান। এ সময় তার হেফাজত থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি চোরাই গাভী গরু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গরু দুটির মধ্যে একটি লাল রঙের গাভী রয়েছে, যার প্রায় আড়াই ইঞ্চি লম্বা দুটি শিং ও আট দাঁত রয়েছে; আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অপরটি কালচে লাল রঙের গাভী, যার প্রায় দুই ইঞ্চি লম্বা দুটি শিং ও দুই দাঁত রয়েছে; এর আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।
নাচোল থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়ে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে বিভিন্ন অনিয়মের কারণে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাসি ও পচা খাবার সংরক্ষণ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যে ব্যবহারের উদ্দেশ্যে শিল্পকারখানার রং বিক্রির।
আজ সোমবার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানের ফলস্বরূপ, ফজল দিন ইকবাল দিন নামক একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
এছাড়া, পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় রান্না করা পচা ও বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে। অভিযানে হোটেলটির ফ্রিজে বাসি সবজি, তরকারি, গ্রিল, বিরিয়ানিসহ বিভিন্ন খাবার পাওয়া যায়। এমনকি অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করতে দেখা যায়। খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের ক্ষেত্রে অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণও পাওয়া যায়।
অন্যদিকে, বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ মন্তব্য করেন, "জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।"
অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ