সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৩ পি.এম
পাবনার ঈশ্বরদী আদিবাসী পল্লীতে একটি সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। যেখানে পাঠদানের পাশাপাশি নিজস্ব ভাষার চর্চা করা হতো। তবে, সেটি এক দশক আগে বন্ধ হয়ে গেছে। পুরানো স্কুলের ভবন, বেঞ্চ, চেয়ার, টেবিল ও খেলার মাঠ সবই আগের মতোই রয়েছে। কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীদের অভাব রয়েছে। স্কুলের দরজায় তালা ঝুলছে। যে স্কুল চত্বর এক সময় শিশুদের কলকাকলিতে মুখরিত ছিল, সেখানে এখন নীরবতা বিরাজ করছে। এই এলাকার আদিবাসী শিশুরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক অভাব, অনটন, সামাজিক বৈষম্য, অসচেতনতা ও কুসংস্কারের বেড়াজালে বন্দি হয়ে পড়েছে।
জানা যায়, এ উপজেলায় পাঁচ হাজার আদিবাসী বসবাস করেন। এদের মধ্যে দাশুড়িয়া ইউনিয়নের মারমী গ্রামে মাল পাহাড়িয়া সম্প্রদায়ের সদস্যরা বেশি বসবাস করে। এই পল্লীর শিশুদের জন্য কোনো নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাদের নিজস্ব মালপাহাড়ি ভাষার শিক্ষা ও চর্চার ব্যবস্থা নেই। শিশুদের পার্শ্ববর্তী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যেতে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে যেতে হয়। অনেক শিশু দূরের পথ পাড়ি দিতে চায় না, ফলে তারা শিক্ষাবিমুখ হয়ে পড়ছে। মারমী আদিবাসী পল্লীতে ১৯৩২ সালে শিশু শিক্ষাকেন্দ্রটি স্থানীয়দের সহায়তায় নির্মিত হয়। পরবর্তীতে এখানে পাকা অবকাঠামো নির্মাণ করা হয়। তবে, ২০১৬ সালে আর্থিক সংকটের কারণে এটি বন্ধ হয়ে যায়।
আদিবাসী পল্লীর বাসিন্দারা জানান, স্কুলটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিল। এখানে পাঠদানের পাশাপাশি আদিবাসীদের নিজস্ব ভাষা মালপাহাড়ির চর্চা হতো। বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় পরিচালিত হলেও অর্থাভাবে ২০১৬ সালে তা বন্ধ হয়ে যায়। এখন আদিবাসী পল্লীর অনেক শিশু স্কুলে যায় না, তারা বাবা-মায়ের সঙ্গে মাঠে কাজ করে। কিছু ছেলে-মেয়ে হেঁটে এক-দেড় কিলোমিটার দূরের স্কুলে গেলেও তাদের কষ্টের শেষ নেই।
মারমী গ্রামের আদিবাসী অমিত বিশ্বাস বলেন, "এক সময় আমি ও আমার বোন এ স্কুলে পড়াশোনা করেছি। আর্থিক সংকটে এটি এখন বন্ধ। আমাদের এলাকার শিশুরা এক থেকে দেড় কিলোমিটার দূরে পাশের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। শিশুরা অনেকেই দূরের স্কুলে যেতে চায় না। তারা মা-বাবার সঙ্গে কৃষিকাজে যাচ্ছে।"
ঈশ্বরদী সরকারি কলেজ থেকে অনার্স পাস করেছেন মারমী আদিবাসী পল্লীর সঞ্জিত দাস। তিনি বলেন, "আমিসহ এ পল্লীর শিশুরা এক সময় নিজ এলাকার স্কুলে পড়তাম। পরবর্তীতে আর্থিক সংকটের কারণে এটি বন্ধ হয়ে গেছে। এখন পাশের গ্রামের স্কুলে এ এলাকার কিছু শিশু পড়াশোনা করে।"
মারমী আদিবাসী পল্লীর যুবক সমর বিশ্বাস বর্তমানে ঈশ্বরদী প্রাণী সম্পদ অধিদপ্তরে মাঠ সমন্বয়কের চাকরি করছেন। তিনি বলেন, "আদিবাসী পল্লীর এ শিশু শিক্ষাকেন্দ্রে পড়াশোনার হাতেখড়ি হয়েছিল। এরপর বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করে বিএসএস পাস করেছি।"
তিনি আরও বলেন, "শিশু শিক্ষাকেন্দ্রটি আদিবাসী পল্লীতে ছিল বলেই আমরা পড়াশোনার সুযোগ পেয়েছিলাম। এখান থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে পরে আরও শিক্ষার সুযোগ হয়েছিল। কিন্তু এ শিশুশিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা শঙ্কিত। কারণ এখনো আমাদের সম্প্রদায়ের মধ্যে শিক্ষা নেওয়ার হার অত্যন্ত কম। নিজ পল্লীতে স্কুল থাকায় বেশির ভাগ শিশুই স্কুলে আসতো। কিন্তু এখন দূরের স্কুলে সবাই যেতে চায় না। অভিভাবকরাও শিশুদের দূরের স্কুলে না পাঠিয়ে সঙ্গে করে কাজে নিয়ে যাচ্ছে। আগামীতে এভাবে চলতে থাকলে শিশুরা লেখাপড়া থেকে পুরোপুরি বঞ্চিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলায় সিঁড়ি থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূর নাম উম্মে সাফি (৫২)। তিনি আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আফজাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত রবিবার দুপুরে গৃহবধূটি নিজ বাড়ির সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত গৃহবধূ ও তার স্বামীর মধ্যে কিছুদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার ফলেই তার মৃত্যু হতে পারে।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানিয়েছেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘নজরুল বর্ষ’ উপলক্ষে পাবনার চাটমোহরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়। এই দিন দুপুরে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, যেখানে কবিতা আবৃত্তি, নৃত্য, একক অভিনয়, সঙ্গীতসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরুস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণি, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, জাসাস উপজেলা সভাপতি অধ্যাপক আলী আহমেদ, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা, প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোনালী আঁশ আবারও সোনালী স্বপ্নের আলো দেখাতে শুরু করেছে। পাটের সুদিন ফিরে এসেছে। কৃষকরা পাটের বাম্পার ফলন এবং ভালো দামের জন্য খুশি। হাট-বাজারে পাট সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। কৃষকদের আশা, সোনালী আঁশ তাদের ভাগ্য পরিবর্তন করবে।
চাটমোহরসহ চলনবিল অঞ্চলের হাট-বাজারে পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৪০০ টাকা মণ। গত বছরের সর্বোচ্চ দাম ছিল ৩ হাজার ৬০০ টাকা। চাটমোহরের হাট-বাজারে নতুন পাটের জমজমাট বেচাকেনা চলছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার অমৃতকুন্ডা হাটে পাট বিক্রি হয়েছে ৪৪০০ টাকা মণ দরে।
চাটমোহর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে এবারে। লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৯০০ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ৮ হাজার ৯৬০ হেক্টর। বিঘাপ্রতি ফলনও ভালো। হাট-বাজারে নতুন পাটের দামও বেশি।
পাটচাষি আব্দুল মতিন প্রাংয়ের সাথে কথা হলে তিনি জানান, “আমন ধান রোপনের টাকার জন্য পাট বিক্রি করতে হচ্ছে। দাম ভালো পেয়েছি। কিছুটা ভেজা থাকায় ৪২০০ টাকা মণ বিক্রি করেছি। অনেক বছর পর পাটের ভালো দাম পেলাম।”
উপজেলার আরেক পাটচাষি এজাবত আলী বলেন, পাটের দাম বেশি হলেও কামলার (কৃষিশ্রমিক) মজুরী দ্বিগুণ হয়ে গেছে। তাও পাওয়া যাচ্ছে না। ৯০০ থেকে ১০০০ টাকা প্রতিদিনের মজুরী। এছাড়া ভরা মৌসুমে পর্যাপ্ত পানি ছিল না।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, পাটে জাগ দেওয়ার জন্য পানির সংকট কিছুটা ছিল। তবে পাটের ভালো ফলন ও দাম হওয়া নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মিনারুল ইসলাম প্রামাণিক (৩২) নামের এক মাছ শিকারী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পদ্মা নদীর খানপুর নিচ পলাশি এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মিনারুল ইসলাম প্রামাণিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ মিনারুল ইসলাম প্রামাণিক খানপুর নিচপলাশি চরের মৃত জামাত আলী প্রামাণিকের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে খানপুর নিচপলাশি চরের পদ্মা নদীর রাজুর ঘাটে কাকন বাহিনির সদস্যরা স্পিডবোটে এসে এলোপাতাড়িভাবে গুলি ছোড়ে। তারা ঘাটে বেধে রাখা মোমতাজ বাহিনির স্পিডবোট নিয়ে যায়। মাছ ধরার সময় তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মিনারুল ইসলাম প্রামাণিক। তার পিঠে গুলি লাগে। তিনি সকালে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, "দুস্কৃতিকারীরা আতঙ্গ ছড়ানোর জন্য গুলি ছোড়ে। এতে মিনারুল নামের একজন আহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।" পিঠে গুলি লাগা মিনারুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছে তার স্বজনরা। এই ঘটনার পর ভুক্তভোগিরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ