ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কপিলমুনি বাজারে সওজের উচ্ছেদ অভিযান, স্থানীয়দের ক্ষোভ


কপিলমুনি বাজারে সওজের উচ্ছেদ অভিযান, স্থানীয়দের ক্ষোভ

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার এলাকায় সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

রোববার (৭ জুন) সকালে কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদরাসা সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে কয়েকটি দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উল্লেখ্য, প্রায় ছয় মাস বিরতির পর ফের এ অভিযান শুরু হলো।

সওজ সূত্রে জানা গেছে, বেতগ্রাম–তালা–কপিলমুনি–পাইকগাছা–কয়রা আঞ্চলিক সড়কটি উন্নীতকরণ ও প্রশস্ত করার একটি প্রকল্পের আওতায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে দুই লেনে উন্নীত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণের পরিকল্পনা রয়েছে। এজন্য সড়কের বিভিন্ন অংশে ভূমি অধিগ্রহণ ও স্থাপনা অপসারণের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রায় ৩৩৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি একাধিক দফায় সময় ও ব্যয় বৃদ্ধি পেয়ে বাস্তবায়নাধীন রয়েছে।

আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন

এদিকে উচ্ছেদের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। তাদের অভিযোগ, সড়ক সরলীকরণের মূল নকশা বাস্তবায়নের পরিবর্তে পরিবর্তিত নকশা অনুযায়ী কাজ করা হচ্ছে। এজন্য বাজার এলাকার গুরুত্বপূর্ণ অংশে অনাকাঙ্ক্ষিত বাঁক তৈরি হবে এবং ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাবে। একটি বিশেষ পক্ষের স্থাপনা রক্ষা করতে গিয়ে জনস্বার্থ উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, এবং সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এর আগেই, গত বছরের ডিসেম্বর মাসে একই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয়দের প্রতিরোধ ও আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানিও অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয়রা মূল নকশা অনুযায়ী সড়ক উন্নয়নের দাবি জানান। ওই সময় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘ বিরতির পর পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে, উচ্ছেদ ও সড়ক প্রশস্তকরণের বিষয়ে সওজের প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সড়কটি উন্নীতকরণের কাজ চলমান রয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণের জন্যেই নির্ধারিত স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ঢাকার মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজধানী ঢাকার মতিঝিলে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৭ জুন) বেলা তিনটার দিকে শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ছিনতাইকারীদের গুলিতে মো. লোকমান নামের ‘মানি এক্সচেঞ্জ’ (মুদ্রা বিনিময়) ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুজন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করা হয়। তখন আশপাশে থাকা লোকজন ভয়ে দৌঁড়ে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে ব্যাগ নিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায় ওই দুই ছিনতাইকারী। ওই ব্যাগে কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল ছিল। কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতিঝিল থানা-পুলিশের একটি সূত্র বলছে, লোকমানকে আগে থেকেই অনুসরণ করছিল ছিনতাইকারী চক্রটি। জনতা ব্যাংকের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে দুজন গিয়ে লোকমানের গতি রোধ করে। এরপর তাকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তবে, ওই ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিম সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত, হারলেন মিতু ও আমজাদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


তামিম সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত, হারলেন মিতু ও আমজাদ

আজ (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলেছিল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন ভোটাররা।

বিকেল চারটায় ভোটগ্রহণের সমাপ্তির পরে ফল গননা শুরু হয় এবং সন্ধ্যায় ছয়টায় তা সম্পন্ন হয়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী লড়াই করেছিলেন। পরিচালকের পদে নির্বাচিত হয়েছেন ১২ জন। যারা হেরে গেছেন তাদের মধ্যে রয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ।

তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট এসেছে সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরুর দখলে। মাসুদুজ্জামান ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়েছেন। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম জনপ্রতি ৬৬ ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪ ভোট পেয়েছেন, এবং মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।

হেরে যাওয়া চারজন প্রার্থীর প্রাপ্ত মোট ভোট হলো- বোরহানুল পাপ্পু ৪০, আমজাদ হোসেন ৩২, ফরজুর মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট পেয়ে নির্বাচনে অংশগ্রহণ শেষ করেছেন।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

মরুভূমির দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের জন্য বালি যেন সবচেয়ে সহজলভ্য একটি জিনিস হওয়াই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা কিন্তু ঠিক উল্টো।

দেশটি প্রতিবছর বিপুল পরিমাণ বালু বিদেশ থেকে আমদানি করে, যা অনেকের কাছে অবাক করার মতো একটি বিষয়।

এর পেছনে মূল কারণটি প্রাকৃতিক নয়, বরং বৈজ্ঞানিক। বিশেষজ্ঞদের মতে, মরুভূমিতে থাকা বালুর কণা দীর্ঘ সময় ধরে বাতাসের ঘর্ষণে ঘষে ঘষে অনেকটা গোল ও মসৃণ হয়ে যায়। এই কারণে সেই বালি নির্মাণকাজে ব্যবহার করা যাবে না।

নির্মাণশিল্পে যে বালু প্রয়োজন, তা মূলত ভিন্ন ধরনের। সেখানে দরকার হয় খসখসে ও কোণাযুক্ত কণা, যা একে অপরের সঙ্গে ভালোভাবে আটকে থাকে। সাধারণত নদী, হ্রদ বা প্রবাহমান পানির নিচে এই ধরনের বালি তৈরি হয়। পানির স্রোত ও পাথরের সঙ্গে ঘর্ষণের কারণে কণাগুলো ভাঙা ও রুক্ষ হয়, যা সিমেন্টের সঙ্গে মিশে শক্ত কাঠামো তৈরি করতে সাহায্য করে।

এই কারণেই সৌদি আরবের মতো মরুভূমিনির্ভর দেশগুলোকে নির্মাণকাজের জন্য বিদেশ থেকে বালির ওপর নির্ভর করতে হয়। ২০২৩ সালে সৌদি আরব অস্ট্রেলিয়া থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার ডলারের বালি আমদানি করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার সমান।

দেশটির বড় বড় অবকাঠামো প্রকল্প, বিশেষ করে নতুন শহর 'নিয়োম' গড়ার কাজে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রীর প্রয়োজন হচ্ছে। এই চাহিদা পূরণ করতে গিয়ে বিদেশি বালির ওপর নির্ভরতা আরো বাড়ছে।

শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য বেশ কয়েকটি দেশও অস্ট্রেলিয়া থেকে বালি আমদানি করছে।

অস্ট্রেলিয়ার নদী ও হিমবাহ অঞ্চলে তৈরি হওয়া বালি এসব দেশের নির্মাণখাতের প্রধান উৎস হয়ে উঠেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টন বালি নদীখাত থেকে উত্তোলন করা হয়। ১৯৭৬ সালের পর থেকে এই ব্যবহার প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে। পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ এখন বালি।

গত পাঁচ দশকে বালির বৈশ্বিক চাহিদা বছরে গড়ে প্রায় ৩.২ শতাংশ হারে বেড়েছে। এই বিশাল ব্যবহার এতটাই বেশি যে, যদি সব বালি একত্র করা হতো, তাহলে তা দিয়ে পৃথিবীর চারপাশে ২৭ মিটার উঁচু ও ২৭ মিটার পুরু বিশাল একটি দেয়াল তৈরি করা সম্ভব হতো বলে ধারণা করা হয়।

তবে এই চাহিদার বিপরীতে প্রাকৃতিক সরবরাহ সীমিত। ফলে বিশ্বের বিভিন্ন দেশে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের হার বেড়ে গেছে। এতে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে। নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে, ভাঙন বাড়ছে এবং কিছু এলাকায় বন্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এমনকি উপকূলীয় ছোট দ্বীপও বিলীন হওয়ার ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

এই সংকট মোকাবিলায় বিকল্প উপায় খোঁজা হচ্ছে। কোথাও পাথর ভেঙে কৃত্রিম বালি তৈরি করা হচ্ছে, আবার পুরনো ভবন ও অবকাঠামো পুনর্ব্যবহার করেও সমাধানের চেষ্টা চলছে। তবে এখনো কার্যকর ও টেকসই সমাধান না আসায় বালির চাহিদা ও সংকট- উভয়ই বিশ্বজুড়ে বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় পুলিশ পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা, ২ জনকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


নেত্রকোনায় পুলিশ পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা, ২ জনকে আটক

নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা চালানোর সময় পুলিশ পরিচয় দিয়েই ২ জন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা এবং পুলিশে সোপর্দ করেছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সুজাত মিয়া এবং সিজন মিয়া। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং এক জোড়া হ্যান্ডকাফ (হ্যান্ডকাপ) জব্দ করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সুজাত ও সিজনসহ আরও কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন থেকে এক ব্যক্তিকে 'আসামি' হিসেবে তুলে নিয়ে যান। পরে, তারা কলমাকান্দার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় পৌঁছালে, তাদের আচরণ এবং পরিচয় নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ সৃষ্টি হয়।

একপর্যায়ে স্থানীয় লোকজন খোঁজখবর নিয়ে দুপুরের দিকে ওই দুজনকে আটকে ফেলেন। তারা তাদের হেফাজতে থাকা অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেন। এ সময় বেগতিক দেখে পুলিশ পরিচয় দেওয়া তাদের অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে কলমাকান্দা থানা-পুলিশ দ্রুত আমবাড়ী বাজার এলাকায় পৌঁছে জনতার হাতে আটক ২ জন ভুয়া পুলিশ সদস্য এবং অপহৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেল ও হ্যান্ডকাফের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%