ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি


ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি

মধ্যপ্রাচ্যে ২৬টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে উঠে এসেছে এমন তথ্য।

এপি জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর দাবি করা ১১৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সামরিক স্থাপনার বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, ইরান শুরুতে মার্কিন ঘাঁটির আগাম সতর্কতাব্যবস্থা, রাডার ও বিমান প্রতিরক্ষা-সংশ্লিষ্ট সরঞ্জামকে লক্ষ্যবস্তু করে। এসব ব্যবস্থা অকার্যকর করার পর বিমান রাখার হ্যাঙ্গার, গুদাম, সেনাদের আবাসন ও অন্যান্য স্থাপনায় হামলা চালানো হয়।

আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায়

কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে। এতে অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গারসহ একাধিক গুদাম ও ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই দেশের ক্যাম্প বুয়েরিং ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে সেনাদের জিমনেসিয়াম, দোকান, খাবারঘর ও গাড়ি রাখার স্থাপনা হামলার শিকার হয়েছে।

এছাড়া বাহরাইন, ইরাক, জর্ডান, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনাগুলোতেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় মার্কিন ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান এবং একাধিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে ওই অঞ্চলে ১৫টি মার্কিন সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে।

এপির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের হামলায় মার্কিন বাহিনীর আগাম সতর্কতা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বহু বিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যোগাযোগ সরঞ্জাম সরিয়ে নিয়েছে বলেও জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে, মধ্যপ্রাচ্যে তাদের সেনা ও সামরিক ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে এবং প্রয়োজনীয় সক্ষমতা বজায় আছে।

আরও পড়ুন: মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বিক্ষোভ অব্যাহত

বিশ্লেষকদের মতে, সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহারের ফলে স্থায়ী সামরিক ঘাঁটিগুলো এখন বড় ধরনের ঝুঁকির মুখে। র‍্যান্ড করপোরেশনের বিশ্লেষক রাফায়েল কোহেনের মতে, ভবিষ্যতের যুদ্ধে এ ধরনের হামলা মোকাবিলা করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো আরও বড় ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে। ফলে যুদ্ধ শেষে ওই অঞ্চলে আগের মতো সামরিক উপস্থিতি পুনর্গঠন করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরএ

আরও পড়ুন: ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৪ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ার স্কুলের প্রবেশপথে ময়লা-আবর্জনা, শিক্ষার্থীদের নাক চেপে ঢুকতে হয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ব্রাহ্মণপাড়ার স্কুলের প্রবেশপথে ময়লা-আবর্জনা, শিক্ষার্থীদের নাক চেপে ঢুকতে হয়

কুমিল্লার ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশপথে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। কয়েক মাস আগে টানা বৃষ্টির ফলে পাশের পুকুরের পানি উপচে বিদ্যালয়ের প্রবেশপথ ডুবে যায়। পানি সরে গেলেও পানির সঙ্গে ভেসে আসা বর্জ্য এখনো অপসারিত হয়নি। ফলে প্রতিদিন শিশুশিক্ষার্থীদের এসব ময়লা মাড়িয়েই বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকলেও বর্জ্য অপসারণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, অপরিচ্ছন্ন পরিবেশে চলাচলের কারণে শিশুরা জীবাণুর সংস্পর্শে এসে অসুস্থ হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ভারী বৃষ্টির কারণে বিদ্যালয়সংলগ্ন ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরের পানি উপচে পড়ে। এর ফলে ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ পানিতে তলিয়ে যায়।

পুকুরে ফেলা আশপাশের বাসাবাড়ির বর্জ্য এবং পুকুরের পাড়সংলগ্ন ব্রাহ্মণপাড়া সদর বাজারের ময়লা-আবর্জনাও পানির সঙ্গে ভেসে বিদ্যালয়ের প্রবেশপথে জমা হয়। পানি নেমে গেলেও বর্জ্যগুলো রয়ে যায় পথের ওপর ও আশপাশে। দীর্ঘদিন ধরে সেগুলো পরিষ্কার না করায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয়টিতে প্রতিদিন অসংখ্য শিশু পড়তে আসে। বিদ্যালয়ে প্রবেশের সময় তাদের ময়লা-আবর্জনার ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে পোশাক ও জুতা নোংরা হওয়ার পাশাপাশি জীবাণুর সংস্পর্শে আসার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ালে তা শিশুদের স্বাস্থ্যের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

অভিভাবকদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ এমন অপরিচ্ছন্ন থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা।

এক অভিভাবক বলেন, "রাস্তার ওপর পড়ে থাকা ময়লা মাড়িয়েই ছোট ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে।" কেউ কেউ এ পথ এড়িয়ে কিছুটা ঘুরে বণিক বাড়ির ওপর দিয়ে স্কুলে যাচ্ছে। আবার অনেকে নিরুপায় হয়ে ময়লার ওপর দিয়েই চলাচল করছে। এসব বর্জ্যে জীবাণু থাকলে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত স্কুলের প্রবেশপথ পরিষ্কার করা প্রয়োজন।

আরেক অভিভাবক কামাল হোসেন বলেন, "বিদ্যালয়ের মতো একটি জায়গার প্রবেশপথে দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে পারে না।" অনেক শিক্ষার্থীকে বিকল্প পথ ধরে ঘুরে বিদ্যালয়ে যেতে হচ্ছে। দ্রুত ময়লা পরিষ্কার করে প্রধান প্রবেশপথটি চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং শিশুদের নিরাপদ ও সুস্থ পরিবেশে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আশা করছি, খুব শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন বলেন, বিদ্যালয়সংলগ্ন পুকুরটি ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের। ভারী বৃষ্টি হলেই পুকুরটি পানিতে পূর্ণ হয়ে উপচে পড়ে। এতে ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, সমস্যাটি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। বৃষ্টির পানি নেমে যাওয়ার পর বিদ্যালয়ের প্রধান প্রবেশপথে ময়লা-আবর্জনা জমে থাকার বিষয়টিও তাঁকে জানানো হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, বিষয়টি তার জানা আছে। পুকুরের পানি উপচে বারবার জলাবদ্ধতা তৈরির সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিগগির সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে পরামর্শ করা হবে।

তিনি বলেন, প্রথমে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এরপর বিদ্যালয়ের প্রধান প্রবেশপথে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা গেলে বিদ্যালয়ের প্রবেশপথে বারবার ময়লা জমার সমস্যাও দূর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুফতি তাকি উসমানি ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


মুফতি তাকি উসমানি ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশ সফরে আসছেন। তিনি আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন। সফর শেষে ২৮ নভেম্বর তিনি পাকিস্তানে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

রোববার, রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরকালে তিনি আরো কয়েকটি সম্মেলনে অংশগ্রহণ করবেন।

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীর। তিনি খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক। তিনি ইসলামি ফিকহ, হাদিস এবং ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। এছাড়া, তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন ড. শামীমা সুলতানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন ড. শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

রোববার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তার শপথবাক্য পাঠ করান।

এর আগে, গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. শামীমা সুলতানাকে পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন। তবে, শর্ত অনুযায়ী তাকে অন্য যেকোনো পেশা বা প্রাতিষ্ঠানিক কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি থাকাকালীন গত বছরের ১ আগস্ট তিনি নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন 'জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম'-এর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে কোনো কমিটিতে নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর ও নাশকতার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১১ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

রোববার (১ নভেম্বর) মিরপুর বিভাগের অভিযানে তাদের আটক করা হয়। এর আগে দুপুরের দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানিয়েছেন, বেলা ১২টার দিকে মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে (মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে) পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার কারণে মিরপুর-১০ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রোববার সকাল থেকেই মিরপুর-১০ নম্বর গোল চত্বরে দ্বিতীয় দিনের মতো জড়ো হতে থাকে। সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ শুরু করে। বেলা ১১টার পর পুলিশ তাদের সরে যেতে বললে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে।

পুলিশের ধারণা, শ্রমিকদের এই আন্দোলনের সুযোগ নিয়ে গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং এলাকায় নাশকতা ও ভাঙচুর ঘটিয়েছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক মো. কামাল গাজী (৩২), যিনি মিছিলে লোক সংগ্রহ এবং ভাঙচুরের নেতৃত্ব দেন। এছাড়াও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাহিদ হাসান (১৮), মো. নাহিদ হাসান (১৮) (একই নামের দুজন), আরিফ আকন্দ (২৯), জায়েদ করিম রিয়াজ (২৪), মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ, জুবায়েদ ইসলাম জিসান (২২) এবং মো. মাহিম মোল্লা (১৯) গ্রেফতার হয়েছেন।

এছাড়াও যুবদলের সক্রিয় কর্মী মো. রমজান সরকার (১৮) এবং অপর দুই সক্রিয় সদস্য মো. ওলিউল্লাহ অনিক (২০) ও আলিফ হোসেন ইমন (২৬)কেও ডিবি গ্রেফতার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%