০১:২৮ পি.এম
ফেসবুকে পোস্টের মাধ্যমে দল ত্যাগের ঘোষণা দিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। তিনি তাঁর পোস্টে দল ছাড়ার কারণ উল্লেখ করার পাশাপাশি রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এই ঘোষণা দেন।
মোশারফ হোসেন পোস্টে উল্লেখ করেছেন, ‘নিঃস্বার্থভাবে একটি দল ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। কখনও কোনো পদ-পদবি বা স্বার্থের পেছনে ছুটিনি। তবুও আজ কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ও গভীর অভিমান থেকে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাচ্ছি।’
আরও পড়ুন: ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদুর দাবি
তিনি আরও উল্লেখ করেন, ‘সময়ের প্রয়োজনে ও ব্যক্তিগত সিদ্ধান্তে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। রাজনীতির এই দীর্ঘ পথে যারা আমার সুখে-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন, সবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভকামনা। মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমার কোনো আচরণে কেউ ব্যথিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। দোয়া করবেন।’
পোস্টের শেষে মোশারফ হোসেন লেখেন, ‘ভালো থাকুক প্রিয় সংগঠন। সংগঠনের খারাপ সময়ে আবার প্রয়োজন হলে পাশে থাকব, ইনশাআল্লাহ।’
এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল মন্তব্য করেন, যতদূর জানা গেছে, তিনি মান-অভিমান থেকে ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আমাদের দল সম্প্রতি ক্ষমতায় এসেছে। এখন মান-অভিমানের সময় নয়। তবে আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তার সঙ্গে আলোচনা করব এবং তাকে দলে আবারও সক্রিয় করার চেষ্টা করব।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে জামায়াতের সাবেক নেতা মমিন উদ্দিনের বিএনপিতে যোগদান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন