মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
১২:২৪ পি.এম
রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবীসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
৮ জুন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ডেভিল হান্ট, জুয়া, কিশোর গ্যাং কার্যক্রম এবং মাদকসেবনের সঙ্গে জড়িত সন্দেহে ২১ জনকে আটক করা হয়। অভিযানে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৬ দফা দাবি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন।
একই দাবিতে ট্রেইনি চিকিৎসকরাও তাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, বেলা ১১টায় হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আন্দোলনরত চিকিৎসকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করা, যা ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন গত ৩ জুন এসব দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। পরে ৪ জুন ও ৬ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
দাবি পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় রোববার (৭ জুন) থেকে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বর্তমানে আজ সোমবার তাদের কর্মসূচির দ্বিতীয় দিন চলছে।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত আলোচনায় বসে তবে সংকট সমাধান সম্ভব। তা না হলে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
তবে রোগীদের জরুরি চিকিৎসাসেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সচল রাখা হচ্ছে, বলে সংশ্লিষ্ট সূত্র জানা জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রখ্যাত শিল্পপতি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব আবারও ফিরে পেয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার্স তালিকার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে তার মোট সম্পদের পরিমাণে ব্যাপক বৃদ্ধি ঘটেছে।
ফোর্বসের প্রতিবেদনের তথ্য অনুসারে, শুক্রবার (৫ জুন) আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধির কারণে একদিনেই গৌতম আদানির সম্পদ প্রায় ২৫০ কোটি (২.৫ বিলিয়ন) ডলার বাড়ে। এর ফলস্বরূপ, তার মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২০ কোটি (৮৯.২ বিলিয়ন) ডলারে। এভাবে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (৮ হাজার ৮০০ কোটি ডলার) এবং সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সনকে (৮ হাজার ৭০০ কোটি ডলার) পিছনে ফেলে এশিয়ার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন।
আদানি গ্রুপের কয়েকটি কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধির কারণেই আদানির সম্পদ বৃদ্ধি ঘটেছে। ফোর্বস জানিয়েছে, এই তালিকায় রয়েছে আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রিন এনার্জি ও আদানি এনার্জি সলিউশনস। এর মধ্যে আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম ৬.৯ শতাংশ এবং আদানি এনার্জি সলিউশনসের শেয়ারের দাম ৩.৮ শতাংশ বেড়েছে। শুক্রবার পর্যন্ত আদানি গ্রুপের প্রধান ছয়টি কোম্পানির সম্মিলিত বাজারমূল্য ছিল প্রায় ১৯ হাজার ১০০ কোটি (১৯১ বিলিয়ন) ডলার।
আদানির এই শীর্ষস্থানে ফিরে আসা গৌতম আদানি এবং তার প্রতিষ্ঠানটির জন্য একটি বড় ধরনের প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। মার্কিন বিচার বিভাগ আদানি গ্রুপের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ খারিজ করে দেওয়ার পর থেকেই এই ধনকুবেরের ভাগ্য ফিরতে শুরু করে। অভিযোগ খারিজের পর গত এক মাসে তার সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার বৃদ্ধি পেয়েছে। তবে শুরু থেকেই গৌতম আদানি এবং তার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই জালিয়াতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সম্পৃক্ত করা হয়। এই উদ্যোগ সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানিয়েছেন, বিজিবির সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।
মো. আশিকউজ্জামান জানান, বিজিবির সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পুশ ইন ঠেকাতে ১১ জেলায়—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি—উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যাদের ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করেছে। তারা এখন থেকে ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতন পাবেন।
অর্থ বিভাগ থেকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এর পূর্বে ৩১ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে মতামত জানতে চেয়েছিল।
অর্থ বিভাগ চিঠিতে উল্লেখ করে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই বেতনের সাথে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- মূল বেতন নির্ধারিত হয়েছে। তবে কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি প্রযোজ্য হবে। তবে তারা কোনো প্রকার পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধাদি পাবেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ