০৪:৫৫ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ বর্তমানে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে।
সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের সৈয়দ পাড়া এলাকায় হাজী ফোরকান আহমেদের গরুর খামারে এই ভয়াবহ ঘটনা ঘটে।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতাদের গণপিটুনির শিকার হয়েছেন অভিযুক্ত ব্যক্তি মো. ফারুক মোল্লা। পরবর্তীতে পুলিশ প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে রাত ৩টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করতেই সক্ষম হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার সদর থানার বালুচর এলাকার ১১ বছর বয়সী কন্যা ভিকটিম বর্তমানে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দ পাড়া এলাকায় তার পরিবারের সাথে বসবাস করছে। রাতে সে বোনের বাসা থেকে নিজের বাসায় ফেরার পথে প্রতিবেশী অভিযুক্ত মোঃ ফারুক মোল্লা তাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্ভক হাজী ফোরকান আহমেদের গরুর খামারের একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালিয়েছে।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে ঘরের দরজায় ধাক্কাধাক্কি করতে শুরু করে। একপর্যায়ে ফারুক মোল্লা ঘরের দরজা খুলে দিলে শিশু ঐ বের হয়ে আসে। উপস্থিত জনতা তার চিৎকারের কারণ জানতে চাইলে সে বিস্তারিত খুলে সব কথা বলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ফারুক মোল্লাকে গণপিটুনি দেয়।
ঘটনার পর কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা চালালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত আনুমানিক ৩ টায় অভিযুক্ত মোঃ ফারুক মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোঃ ফারুক মোল্লা শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা এবং ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশকে জানিয়েছে।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার
আটককৃত মো. ফারুক মোল্লা পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। সে বর্তমানে গোদনাইলের সৈয়দ পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা ফোরকান আহমেদের বাড়িতে ভাড়া থাকতো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আম খাওয়ানোর কথা বলে খামারের কর্মচারী ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তবে স্থানীয়দের তাৎক্ষণিক ব্যবস্থায় শিশুটি রক্ষা পায় এবং অভিযুক্তকে স্থানীয়রা মারধর করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন