ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়


একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়ে জানিয়েছেন, এই হামলাগুলো পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি ডেকে এনেছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক হামলাগুলো একটি বড় বৈপরীত্যকে সামনে নিয়ে এসেছে, যেখানে আন্তর্জাতিকভাবে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টা চলমান থাকলেও সামরিক হামলার মাধ্যমে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ দূষক পদার্থ ছড়িয়ে দেওয়া হচ্ছে। খবর আনাদোলুর।

বুধবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য প্রকাশ করেন।

পেজেশকিয়ান বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহের জ্বালানি স্থাপনায় হামলার ফলে পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, রাজধানী তেহরানের কাছে অবস্থিত জ্বালানি সংরক্ষণাগারে হামলার ফলে বায়ুমণ্ডলে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়েছে।

আরও পড়ুন: জলবায়ু সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

গত ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগার এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহতে গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালায় ইসরাইল।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট।

তিনি বলেন, যখন গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য আন্তর্জাতিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তখন সামরিক হামলার ফলে অবকাঠামো ধ্বংস, ব্যাপক অগ্নিকাণ্ড এবং বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা সেই প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।

এসময় গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও তিনি নিন্দা জানান। পেজেশকিয়ান বলেন, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের ফলে গাজা মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন: ইরানের নিরাপত্তা প্রধানের মার্কিন ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হলে ইউরোপে আঘাত হানার হুমকি

এছাড়া, ইরানের সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশরক্ষীদের কার্যালয়ে হামলার কারণে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিভুক্ত করা উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ এম


সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায়। পরে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকের ঘটনা।’

তিনি আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’

পরে যোগাযোগ করার সময় আসিফ নজরুল ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট ছিল এবং গরমের কারণে তিনি জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনের খুদে বার্তা দেখছিলেন। গাড়ি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা একটি ছেলে ছোঁ মেরে ফোনটা নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নামেন, তবে ছেলেটা দৌড়ে পালিয়ে যায়।

আসিফ নজরুল বলেন, ‘আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ এম


জলবায়ু সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব যতটা অগ্রসর হচ্ছে, সংকট তার চেয়ে দ্রুতগতিতে ভয়াবহ রূপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ না হলে পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে যাবে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) এর উদ্বোধনী অধিবেশনে গুতেরেস এসব কথা বলেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ বিলম্বিত করার জন্য জীবাশ্ম জ্বালানির লবির সমালোচনা করেন তিনি। একই সঙ্গে কয়লা, গ্যাস ও তেলকে জ্বালানির উৎস হিসেবে ব্যবহার বন্ধ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে। তবে এটি নিজে থেকে ঘটবে না। ডাইনোসরদের কোনো শক্তিশালী লবি ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো, জলবায়ু সংকট আমাদের ছাড়িয়ে যাচ্ছে। ২০২৫ সালে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একের পর এক ভাঙছে তাপমাত্রার রেকর্ড।’

জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, গত চার বছর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম সময়। অন্যদিকে, জীবাশ্ম জ্বালানি খাতের স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো বিপুল মুনাফা অর্জন করছে, যার মূল্য দিতে হচ্ছে পৃথিবীকে। জলবায়ুজনিত দুর্যোগ বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিকে বিপর্যস্ত করছে।

এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।

জি৭-ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বৃহস্পতিবার সম্মেলনে বক্তব্য দেবেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনও সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে সম্মেলনে যোগ দিচ্ছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ক্রয়ে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়াতে সংসদে বিল উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ এম


সরকারি ক্রয়ে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়াতে সংসদে বিল উত্থাপন

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ এবং উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্যে জাতীয় সংসদে ‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।

বিলটি উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে, দুই কার্যদিবসের মধ্যে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

মন্ত্রী উত্থাপনের সময় বলেন, প্রস্তাবিত আইনের মাধ্যমে স্থানীয় শিল্পের সুরক্ষা, সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রয়চুক্তির প্রশাসন ও ব্যবস্থাপনার বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

টেকসই ক্রয় কার্যক্রম উৎসাহিত করার জন্য, পণ্য, কার্য এবং ভৌত সেবার মূল্যায়নে অনুপাতভিত্তিক মানদণ্ড বা আন্তর্জাতিকভাবে পরিচিত ‘রেটেড ক্রাইটেরিয়া’ ধারণা অন্তর্ভুক্ত করার বিধান প্রস্তাবিত আইনে রাখা হয়েছে।

এছাড়া, সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ সংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং দেশের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর প্রস্তাবও করা হয়েছে।

অধ্যাদেশ জারির বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান প্রশ্ন করেন, সংসদ কার্যকর থাকা অবস্থায় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করেছেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এর জবাবে বলেন, এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই বিলটি পাস হবে। অধ্যাদেশ জারি সংবিধানের একটি অংশ।

‘সরকারি ক্রয় আইন, ২০০৬’ সরকারি ক্রয়ের প্রধান আইনি কাঠামো হিসেবে বিবেচিত, যা এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে আইনটি সংশোধন করা হয়।

স্থানীয় শিল্প সুরক্ষা এবং ক্রয় কার্যক্রমে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে হালনাগাদ বিধান প্রবর্তনের জন্য অধ্যাদেশটি জারি করা হয়েছিল।

প্রস্তাবিত সংশোধনীতে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সম্পদের আরও সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সম্প্রসারণের প্রস্তাবও রয়েছে।

পেশাগত অসদাচরণ সংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর বিষয়টিও খসড়া আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

এর আগে, গত ৯ নভেম্বর সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের অধীনে জারি করা অধ্যাদেশটি ৯৩(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদে উপস্থাপন করা হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয়।

গত ২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিসভা বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ এম


শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের সমাপ্তি ঘটিয়েছে। এই চমৎকার জয়ের মাধ্যমে লাল-সবুজের প্রতিনিধিরা গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। গোলের খাতায় নাম লিখিয়েছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী এবং রাকিব হোসেন।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। আগের ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার জন্য। কোচ থমাস ডুলির দল মাঠে তিনটি পরিবর্তন নিয়ে নামায়।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। গোলের জন্য অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের আট মিনিটে অধিনায়ক হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি একটি ডিফেন্ডারের গায়ে লেগে শমিত সোমের কাছে চলে যায়। প্রথম প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি চেষ্টায় বলটি জালে পাঠান এই ডিফেন্ডার।

২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর একটি সুযোগ পায় বাংলাদেশ। রাকিবের দারুণ পাস থেকে বল পান হামজা। তবে সামনে শ্রীলঙ্কার ডিফেন্ডার আসায় তিনি ব্যাক হিলে গোলের চেষ্টা করেন। কিন্তু বলটি লক্ষ্যে রাখতে পারেননি।

প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক হামজা চৌধুরী ব্যবধান দ্বিগুণ করেন। ৪৩ মিনিটে ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে গতি ও দক্ষতায় শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন। এরপর হামজার শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে জড়ায়। ফলে বিরতিতে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়।

বিরতির পরও স্বাগতিকরা আক্রমণের ধার কমায়নি। ম্যাচের ৫৩ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে ব্যবধান ৩-০ করেন ফারহান আলী। বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান তিনি। একে একে তিন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান ফারহান।

এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৮৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান আরও বাড়িয়ে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%