১১:৪৭ পি.এম
রাশিয়া, ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করতে যাচ্ছে। এ ছাড়া ইউক্রেনের মাটিতে পিয়ংইয়ংয়ের কিছু ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পাওয়া গেছে। ভয়াবহ এই পরিস্থিতির কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি দক্ষিণ কোরিয়ার কাছে সাহায্য চেয়েছেন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য।
শনিবার এক্সে দেওয়া বার্তায় জেলেনস্কি জানান, রাশিয়ায় ৩০ থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি এই তথ্যের উৎস স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে, তবে সেগুলোর সঠিক অবস্থান গোপন রেখেছেন। তার মতে, উত্তর কোরিয়া এই যুদ্ধের মাধ্যমে আধুনিক রণকৌশলের অভিজ্ঞতা এবং রাশিয়ার সামরিক সরঞ্জাম নিচ্ছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন শুরু হয়েছে। তাদের কাছে ১২০টি ব্যালিস্টিক মিসাইল এবং ৬টি লঞ্চার থাকতে পারে। ইউক্রেনের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে। সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে রাশিয়া কঠিন ব্যালিস্টিক মিসাইল ছুড়ে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
এই সংকট মোকাবিলায় সিউলের সহযোগিতা চেয়ে জেলেনস্কি বলেন, আমাদের যে জায়গায় ঘাটতি রয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার সমর্থন চাই। মূলত আকাশ প্রতিরক্ষা বিষয়টির কথা উল্লেখ করেছেন তিনি। ‘ড্রোন চুক্তি’ এবং অন্যান্য বিষয়ে সিউলের সঙ্গে ইউক্রেনীয় কূটনীতিকরা যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।
২০২৪ সালের জুনে পুতিন এবং কিমের মধ্যে চুক্তির অংশ হিসেবে কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে লাখ লাখ গোলা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এছাড়া ইউক্রেনীয়দের আক্রমণ ঠেকাতে রাশিয়ার কুরস্কে প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন