বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০০ এম
ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরের ওপর হামলা বৃদ্ধি করেছে। বুধবার, তারা জিজান বন্দরে হামলা চালানোর পাশাপাশি জেদ্দা বন্দরের আকাশে ড্রোন পাঠায়। হুথিরা রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়ে। এসব হামলার বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিরোধের দাবি করেছে। ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি হামলার প্রতিক্রিয়ায় হুথিরা সৌদি আরবের বন্দরের ওপর হামলার হুমকি দেয়, যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় জোটটি।
পরে, জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুথিদের একটি ড্রোন ধ্বংস করেছে তাদের বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক আহত হননি।
জোটের বিবৃতির পর, ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, বলে জানান আলজাজিরার সংবাদদাতা নাবিল আল-ইউসুফি। পরে, সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার, রিয়াদের আর্থিক জেলায় একটি সুউচ্চ ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুথিরা, যার ফলে অন্তত ১১ জন আহত হন। রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এই প্রচেষ্টা দুই পক্ষের মধ্যে সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে।
ইরান-সমর্থিত হুথি এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
হুথি-সংযুক্ত ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে। এর আগে, বুধবার, হুথিরা সতর্ক করেছিল যে, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরের ওপর পাল্টা আঘাত হানা হবে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আলজাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি জানান, ইয়েমেনে আমদানি করা পণ্যের ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে দেশটির মানবিক পরিস্থিতি বিপর্যয়ের মুখে পড়তে পারে।
মাওরি আরও বলেন, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সঙ্গে বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লড়াই চলছে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বুধবার হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।
আলজাজিরার সংবাদদাতা মাহা আলী তাইজ থেকে জানান, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের পশ্চিমে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
মাহা আলী বলেন, প্রায় ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে তীব্র বিমান হামলা চলছে। তাইজের কেন্দ্রীয় অংশের ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জাবাল সাবের পর্বতমালা এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুস। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুথিরা।
অন্যদিকে, হুথিরা দাবি করেছে, বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট সানা ও ইয়েমেনের আরো ১০টি প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠিতে সাবেক এপিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বনি আমিন বাকলাইয়ের চেম্বারে হামলা চালিয়ে নির্দলীয় আইনজীবী মো. আলআমিন হোসেন হাওলাদারকে মারধর করার অভিযোগ উঠেছে।
আহত আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর নেতৃত্বে বিএনপির একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রবেশের পর মিছিলের পেছন দিক থেকে একদল উচ্ছৃঙ্খল যুবক চেম্বারে ঢুকে এই হামলা চালায়।
দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও এই আইনজীবীর ওপর হামলার ঘটনায় সর্বস্তরের আইনজীবীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের সংকেত হিসেবে বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড প্রকাশিত হয়েছে। বিশ্বের গড় তাপমাত্রা, যা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি, টানা ছয় দিন ধরে রেকর্ড অবস্থানে রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দৈনিক বৈশ্বিক ভূপৃষ্ঠের তাপমাত্রা ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণতা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষেবার জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস মন্তব্য করেছেন যে, কয়েক মাস ধরে বিশ্বজুড়ে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দৈনিক তাপমাত্রায় ওঠানামা থাকলেও বর্তমান পরিস্থিতি পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরছে।
২০২৩ সালের নভেম্বর এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুবার বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছিল। কিন্তু বর্তমানে টানা ছয় দিন ধরে এই মাত্রা বজায় রয়েছে।
জলবায়ু গবেষকরা বলছেন, মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর পাশাপাশি শক্তিশালী এল নিনো পরিস্থিতি তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে ইন্দোনেশিয়া ও আমাজনের মতো গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা ও দাবানলের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, খরার কারণে বনাঞ্চলের গাছপালা কম সক্রিয় হয়ে পড়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের ক্ষমতা কমছে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা এবং ২ ডিগ্রির নিচে রাখার অঙ্গীকার করেছিল প্রায় ২০০টি দেশ। তবে সাম্প্রতিক তাপমাত্রার রেকর্ড সেই লক্ষ্য অর্জনে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, কয়েক দিনের তাপমাত্রা বৃদ্ধি দিয়ে প্যারিস চুক্তির দীর্ঘমেয়াদি সীমা অতিক্রম হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
তাপমাত্রা বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে মানুষের জীবন ও অবকাঠামোর ওপর পড়তে শুরু করেছে। চলতি বছরের রেকর্ড গরমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম মোকাবিলায় অবকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থাকে প্রস্তুত করার পাশাপাশি দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে। তা না হলে খাদ্য ও পানির সরবরাহ, মানুষের স্বাস্থ্য এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র আরও বড় ঝুঁকির সম্মুখীন হবে।
সূত্র : দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘মাদক সমাজের অভিশাপ, প্রতিরোধ করাই হোক আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই দক্ষিণ মাঠে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বুধবার রাতে পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জাহেদ তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক কয়েছ আহমেদ, প্রচার সম্পাদক ওলিউর রহমান এবং উপদেষ্টা জুয়েল আহমেদ।
বক্তারা উল্লেখ করেন, শিমুলবাঁকসহ শান্তিগঞ্জে ইয়াবার ব্যবহার দিন দিন বাড়ছে। বেকার যুবকেরা ধীরে ধীরে মাদকে জড়িয়ে পড়ছেন, যা পরিবার ধ্বংস করছে এবং সমাজে চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়াচ্ছে।
তারা আরও বলেন, মাদক বন্ধ করতে শুধু পুলিশ দিয়ে কাজ হবে না। মাদক বিক্রেতাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাদকসেবীদের প্রতি ঘৃণা না করে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ সময় বক্তারা সুনামগঞ্জে সরকারি মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের দাবি জানান।
সভা শেষে সুনামগঞ্জের গীতিকার মনসুর সানির গান পরিবেশন করেন শিল্পী হাসনা হেনা ও মিতালি।
সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও যুবকেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মানির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে ৭৫ বছরের মধ্যে অন্তত ৭৮৩ জন শিশু-কিশোর এবং সুরক্ষার প্রয়োজন এমন প্রাপ্তবয়স্ক যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ঘটনাগুলি সংঘটিত হয়েছে। গবেষকরা ২৫২ জন অভিযুক্তকে শনাক্ত করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গবেষকদের হিসাব অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিদের সংখ্যা কেবল নথিভুক্ত ও প্রকাশ্যে আসা ঘটনার চিত্র তুলে ধরে। যাঁরা নির্যাতনের কথা জানাননি, তাঁদের সংখ্যা অজানা, কারণ ভয়, লজ্জা এবং সামাজিক চাপের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি।
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে ধর্মযাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ, গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েকজন ধর্মযাজক শিশুদের কাছে যাওয়ার সুযোগ নিতে স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিও ব্যবহার করেছেন। অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজেদের বাড়িতে নির্যাতন করা হয়েছে।
গবেষকদের মতে, ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মযাজকদের প্রতি গভীর আস্থা এবং তাঁদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শিশুরা নির্যাতনের কথা প্রকাশ করতে পারেনি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের নিজেদের পরিবারও নীরব থাকার জন্য চাপ দিয়েছে। ফলে বছরের পর বছর এসব ঘটনা আড়ালে থেকে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দিয়েছেন। শনাক্ত হওয়া ৩৫ জনকে একাধিকবার বা গুরুতর নির্যাতনের ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, নথিভুক্ত নির্যাতনের ৫৬ শতাংশের জন্য দায়ী এই গোষ্ঠী।
ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়েছে।
সংগঠনটির দাবি, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই ভুক্তভোগীদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ