শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫৮ এম
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন তার প্রথম বিদেশি অতিথির জন্য একটি বিশেষ হালাল মেনু প্রস্তুত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলির জন্য ১০০-র বেশি রকমের খাবার সংরক্ষণ করা হয়েছে। এই খাবারের মধ্যে গরুর নিহারি, ভেড়ার কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেন অন্তর্ভুক্ত রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের ভিত্তিতে, চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার তৈরি করেছে। মহাকাশযাত্রার জন্য পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এসব খাবার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, হালাল খাবার তৈরির মান অনুসরণ করা হয়েছে।
সিজিটিএন জানাচ্ছে, হালাল মেন্যুতে ১০০-র বেশি রকমের খাবার রয়েছে। স্টেশনে অবস্থানরত ছয় নভোচারীর জন্য একটি স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়। নতুন দলটি কক্ষপথে থাকা পূর্ববর্তী সহকর্মীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এ আয়োজন করা হয়।
গবেষকদের পক্ষ থেকে জিশানের পছন্দের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি হলুদ ও কারির মসলা পছন্দ করেন। কয়েক দফা পরীক্ষার পর রান্নার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে এই মেন্যুতে পাকিস্তানি দুধ চা অন্তর্ভুক্ত ছিল। তবে চীনে কয়েক মাসের প্রশিক্ষণের পর জিশানের স্বাদ পরিবর্তিত হয়েছে। তিনি বাড়তি চীনা কালো চা ও ভাতের অনুরোধ করেছেন।
জিশানের আগমনের কথা মাথায় রেখে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার তিনি শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। তিনিই এই স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী।
তিন সদস্যের দলে চীনের কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি রয়েছেন। তারা সবাই চীনের উত্তর-পশ্চিমের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে গমন করেন।
তিয়ানগংয়ে এর আগে নভোচারীরা একত্রে খাবার গ্রহণ করেছেন। একবার স্টেশনের হট-এয়ার ওভেনে বারবিকিউ প্রস্তুত করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের ঘটনা এবং সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পর তেলের বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৬৬ সেন্টে পৌঁছেছে। সপ্তাহের শুরুতে দাম ৯০ ডলারের নিচে নেমে গেলেও পরে তা আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি প্রায় ৮৪ ডলারে লেনদেন হচ্ছিল। আগের দুই কার্যদিবসে এই তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এর আগে, বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, অনুমোদনহীন পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।
এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলা চালিয়েছে। এই স্থাপনা গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের পাশে অবস্থিত এবং হামলার খবর মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বৃদ্ধি করেছে।
এ পরিস্থিতিতে সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টাগুলো এখনও পর্যন্ত সফল হয়নি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না। এই পরিস্থিতির প্রভাব তেলের দামে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের রহস্যময় ‘দুরুপিনার ফরমেশন’ এলাকায় মাটির ৩০ ফুটেরও বেশি গভীর থেকে উদ্ধার হওয়া পোড়া কাঠের দুটি টুকরার ল্যাবরেটরি পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গবেষকরা দাবি করেছেন, কাঠের টুকরাগুলো প্রায় চার হাজার ৩০০ বছর পুরনো—যা ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনায় উল্লিখিত মহাপ্লাবনের সময়ের সঙ্গে মিলে যায়।
সোমবার নূহ (আ.)-এর নৌকা বা ‘নোয়াহস আর্ক’ অনুসন্ধানকারী গবেষক দল এই ল্যাব পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। কাঠের টুকরাগুলো আবিষ্কারকারী তুরস্কের সিভাস কুমহুরিয়েত বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক অধ্যাপক সেনকার আতিলা এই ফলাফলকে ‘গবেষক দলের জন্য এক অসাধারণ ও রোমাঞ্চকর অগ্রগতি’ বলে অভিহিত করেছেন।
প্রকল্পের প্রধান অ্যান্ড্রু জোনস ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, তুরস্ক ও সুইজারল্যান্ডের ল্যাবরেটরিতে আরও কিছু নমুনার পরীক্ষা চলছে। আগামী মাসেই তুরস্কের ল্যাব থেকে ফলাফল পাওয়া যাবে।
তিনি উল্লেখ করেছেন, ‘তুরস্কের ল্যাবে কাঠগুলো কোন প্রজাতির গাছের তা শনাক্ত করার পাশাপাশি এতে আলকাতরা বা বিটুমিনের প্রলেপ আছে কিনা, তাও পরীক্ষা করা হচ্ছে।’
এছাড়া একই সময়ে মার্কিন প্রতিরক্ষা বিজ্ঞানী ড. খসরু বখতারের চূড়ান্ত রাডার প্রতিবেদন এবং ওই এলাকা থেকে সংগৃহীত প্রায় ৪০০টি মাটি ও পাথরের নমুনার প্রাথমিক পরীক্ষার ফলও পাওয়া যাবে।
কার্বন ডেটিংয়ে যা মিলেছে
বৈশ্বিক মহাপ্লাবন চার হাজার ৩০০ বছর আগে ঘটেছিল কিনা, সে বিষয়ে আধুনিক বিজ্ঞানে সর্বসম্মত মত নেই, তবে ধর্মীয় কালপঞ্জি অনুযায়ী ওই সময়ের আশপাশে প্লাবন হয়েছিল বলে ধারণা করা হয়।
ল্যাবরেটরিতে তেজস্ক্রিয় কার্বন পরিমাপের মাধ্যমে দেখা গেছে, উদ্ধার হওয়া প্রথম কাঠের নমুনাটির সম্ভাব্য সময়কাল খ্রিষ্টপূর্ব ২৪১০ থেকে ২২৬৯ অব্দের মধ্যে (সম্ভাবনা ৬০ দশমিক ৬ শতাংশ)। দ্বিতীয় নমুনাটির সময়কাল খ্রিষ্টপূর্ব ২৩৪৯ থেকে ২১৯৩ অব্দের মধ্যে হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ।
গবেষকদের মতে, এই দুটি সময়সীমার মধ্যেই খ্রিষ্টপূর্ব ২৩৪৮ ও ২৩০৪ অব্দ পড়ে—যা ঐতিহ্যগতভাবে নূহ (আ.)-এর মহাপ্লাবনের সময় হিসেবে বিবেচিত। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, এই পরীক্ষায় গাছটি কত বছর আগে বেড়ে উঠেছিল তা জানা যায়, কাঠটি ঠিক কবে পোড়ানো বা ব্যবহৃত হয়েছিল তা নয়।
মানুষের হাতের কাজের ছাপ ও রাডার স্ক্যান
গবেষক দলের দাবি, উদ্ধার হওয়া কাঠের টুকরাগুলোতে মানুষের হাতের কাজের স্পষ্ট চিহ্ন রয়েছে। অধ্যাপক আতিলা বলেন, ‘আমার বিশ্বাস এই কাঠটি মানুষের হাতেই তৈরি। এর আকৃতি ও উপরিভাগের সূক্ষ্ম কারুকাজ দেখে বোঝা যায়, বিশেষ কোনো উদ্দেশ্যেই কেউ এটি তৈরি করেছিলেন।’
এর আগে ৫১৫ ফুট দীর্ঘ নৌকাকৃতির ওই ভূতাত্ত্বিক গঠনের ভেতরে শক্তিশালী রাডার স্ক্যান চালিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ড. খসরু বখতার। স্ক্যানে মাটির নিচে কক্ষ, করিডর ও সুড়ঙ্গের মতো কাঠামোর অস্তিত্ব পাওয়া যায়। গবেষকরা সেখানে তিনটি আলাদা স্তরও শনাক্ত করেছেন, যা ধর্মগ্রন্থে বর্ণিত তিন তলাবিশিষ্ট নৌকার বর্ণনার সঙ্গে মিলে যায়।
অধ্যাপক আতিলা বলেন, ‘আমাদের পবিত্র গ্রন্থগুলোতে নূহ (আ.)-এর নৌকার তিনটি স্তরের কথা বলা হয়েছে; রাডার গবেষণাতেও আমরা তিনটি স্তরের গঠন শনাক্ত করেছি।’
দীর্ঘ ৩০ বছর ধরে এলাকাটি নিয়ে গবেষণা করা অ্যান্ড্রু জোনস জানান, খনন ও রাডার জরিপে সেখানে কোনো চুনাপাথর বা শক্ত শিলাস্তরের অস্তিত্ব মেলেনি। ফলে এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো পাথুরে গঠন—এমন তত্ত্ব টেকসই নয়।
তবে রাডার সংকেত ও কাঠের নমুনাগুলোকে চূড়ান্ত প্রমাণ হিসেবে না দেখে ‘অত্যন্ত জোরালো নতুন সূত্র’ হিসেবেই অভিহিত করেছেন অ্যান্ড্রু জোনস। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তুরস্কের এই দুরুপিনার ফরমেশনের নিচেই নূহ (আ.)-এর ঐতিহাসিক নৌকাটি চাপা পড়ে আছে।
সূত্র: ডেইলি মেইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উপকণ্ঠে রাস্তার পাশে একটি পশুর বাজারে কিউ মিন ফুয়ং তার হারিয়ে যাওয়া বিড়ালকে খুঁজছেন। বিড়ালটির নাম ডম এবং এটি নয় বছর বয়সী। বিড়ালটির গায়ে তিন রঙের ছোপ রয়েছে। বাজারে গাদাগাদি করে রাখা হয়েছে বিড়াল, কুকুর, খরগোশ ও লড়াইয়ের মোরগ। এসব প্রাণী কিছু পোষার জন্য বিক্রি করা হয়, আবার কিছু জবাই করা হয় মাংসের জন্য।
রয়টার্স জানায়, ফুয়ং এই বাজারে এসেছেন ফেসবুকে কয়েকটি ঘটনা পড়ে। তিনি বিভিন্ন গ্রুপে দেখেছেন, অনেকেই এমন বাজার থেকে তাদের হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজে পেয়েছেন। ৪০ বছর বয়সী এই মৃৎশিল্প ব্যবসায়ী বলেন, ‘ডমকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এমন সম্ভাবনাই বেশি।’ তিনি জানান, ছোটবেলা থেকেই বিড়ালটিকে লালন-পালন করেছেন এবং এর আগে কখনো ডম হারিয়ে যায়নি। একই রাতে তার কয়েকজন প্রতিবেশীর পোষা প্রাণীও হারিয়ে গেছে।
ভিয়েতনামের পুলিশ জানিয়েছে, চলতি বছর পোষা প্রাণী চুরির অভিযোগে কয়েক ডজন মানুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার বিড়াল ও কুকুর চুরি করে মাংসের জন্য বিক্রি করার অভিযোগ রয়েছে। দেশটির আইন অনুযায়ী, পোষা প্রাণী চুরি করা সম্পত্তি চুরির অপরাধ হিসেবে গণ্য হয়। তবে বিড়াল ও কুকুরের মাংস কেনাবেচা এবং খাওয়া সেখানে বৈধ। ভিয়েতনামে পোষা প্রাণী চুরির কোনো জাতীয় তথ্যভান্ডার নেই, কিন্তু পুলিশ পরিচালিত সংবাদমাধ্যমে মাঝে মাঝে এ ধরনের ঘটনার খবর প্রকাশিত হয়।
গত মাসে হো চি মিন সিটির পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাংসের ব্যবসায় বিক্রির জন্য ২ হাজার ৭০০টি বিড়াল চুরির অভিযোগ রয়েছে। এর আগে এপ্রিলে হ্যানয় পুলিশ ৩০০টির বেশি বিড়াল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চোরেরা সাধারণত গভীর রাতে মোটরসাইকেল নিয়ে বের হয়। তাদের সঙ্গে থাকে বস্তা, ডাক্ট টেপ ও প্রাণী ধরার বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে হাতে তৈরি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্রও রয়েছে। এসবের মাধ্যমে প্রাণীদের অজ্ঞান বা দুর্বল করে ফেলা হয়। পোষা প্রাণী চুরি ও এ-সংক্রান্ত তথ্য জানতে রয়টার্স হ্যানয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তারা কোনো জবাব দেয়নি।
প্রায় ১০ কোটি মানুষের দেশ ভিয়েতনামে পোষা প্রাণী নিয়ে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আসছে। বিশেষ করে তরুণদের মধ্যে বিড়াল ও কুকুরকে পরিবারের সদস্যের মতো করে পালার প্রবণতা বাড়ছে। একই সময়ে হ্যানয়ের নগর কর্তৃপক্ষ কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা কমানোর চেষ্টা করছে। আন্তর্জাতিকভাবে শহরের ভাবমূর্তি ভালো রাখাও এ উদ্যোগের একটি লক্ষ্য। তবে দেশটির অনেক এলাকায় এখনো খাবারের দোকানে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি হয়। রাজধানীর কিছু এলাকায় রাস্তার পাশে দোকানে আস্ত কুকুর ভেজে বিক্রি করতেও দেখা যায়।
পোষা প্রাণী পালনের প্রবণতা বাড়লেও চোরেরা এসব প্রাণী চুরি করে সহজেই মাংসের বাজারে বিক্রি করতে পারছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এলাকাভেদে প্রাণীর দাম আলাদা হয়। তবে জীবিত কুকুরের প্রতি কেজির দাম প্রায় ১ ডলার ৫০ সেন্ট। আর বিড়ালের প্রতি কেজির দাম প্রায় ৫ ডলার। তুলনায়, ভিয়েতনামে ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি ৬৯ থেকে ৯৯ সেন্ট। হাইফং শহরের ৫০ বছর বয়সী ট্রাকচালক ত্রান থান বলেন, ‘শ্রমজীবী মানুষের কাছে বিড়ালের মাংস খুব পছন্দের খাবার।’
তিনি আরও বলেন, ‘সাধারণত আমার বয়সী বা তার চেয়ে বেশি বয়সী মানুষেরাই এই অভ্যাস ধরে রেখেছেন।’ ত্রান জানান, ছয়জন মিলে প্রায় ২৩ ডলার খরচ করে বিড়ালের মাংস দিয়ে তৈরি গরম ঝোলজাতীয় খাবার খেতে পারেন। তিনি বলেন, ‘শূকর বা মুরগির মাংসের বদলে আমরা বিড়ালের মাংস বেছে নিই। কারণ, চালের মদের সঙ্গে এটি খেতে ভালো লাগে।’ ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার প্রচলন অনেক পুরোনো। দেশটির কিছু মানুষের বিশ্বাস, এসব মাংস খেলে শরীরের শক্তি বাড়ে এবং দুর্ভাগ্য দূর হয়।
তবে এ ব্যবসার আকার নিয়ে সরকারি কোনো হিসাব নেই। প্রাণীকল্যাণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ফোর পজ ইন্টারন্যাশনাল ২০২০ সালের এক প্রতিবেদনে অনুমান করে, ভিয়েতনামে প্রতি বছর ৫০ লাখের বেশি কুকুর ও ১০ লাখ বিড়াল জবাই করা হয়। তবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর কারণে কয়েক বছর ধরে এ ব্যবসা ধীরে ধীরে কমছে। ৭০ বছর বয়সী ত্রান হু থান একসময় কুকুরের মাংসের রেস্তোরাঁ চালাতেন। বিক্রি কমে যাওয়ায় ২০১৯ সালে তিনি ব্যবসা বন্ধ করে দেন। তিনি বলেন, ‘এখনকার তরুণেরা কুকুর ঘরের ভেতরে রাখে। পরিবারের সদস্যের মতো তাদের যত্ন নেয়।’
২০১৮ সালে হ্যানয়ের নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানায়। কর্তৃপক্ষের মতে, এ ধরনের খাবার শহরের ভাবমূর্তি নষ্ট করে এবং জলাতঙ্ক ছড়ানোর ঝুঁকি বাড়ায়। গত বছর কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসায়ীদের অন্য পেশায় যেতে উৎসাহিত করতে একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করে কর্তৃপক্ষ। এর আওতায় তাদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয় পরিচালিত সংবাদমাধ্যম ভিয়েতনাম ইনভেস্টমেন্ট রিভিউ চলতি সপ্তাহে জানিয়েছে, কর্মসূচি শুরুর এক বছরের মধ্যে ২৮টি প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিবর্তন করেছে।
ভিয়েতনামের আইন অনুযায়ী, বিক্রেতাদের কাছে থাকা প্রাণীগুলো কোথা থেকে এসেছে, তার প্রমাণ দেখাতে হয়। তবে হ্যানয়ের বাসিন্দাদের অভিযোগ, আইনটি ঠিকভাবে কার্যকর হচ্ছে না। রয়টার্সের সাংবাদিকেরা শহরের একটি কাঁচাবাজারে পাঁচটি দোকানের মালিকের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে তিনজন জানান, তারা যে প্রাণী বিক্রি করেন, সেগুলো কোথা থেকে আসে তা জানেন না। পাঁচজনের কেউই নিজেদের নাম প্রকাশ করতে চাননি। এ বিষয়ে জানতে হ্যানয় নগর কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কোনো জবাব দেয়নি।
হ্যানয়ে পরিত্যক্ত ও চুরি হওয়া পোষা প্রাণীদের জন্য বড় আশ্রয়কেন্দ্রগুলোর একটি এসএনএনসি ডগ অ্যান্ড ক্যাট রেসকিউ সেন্টার। বিভিন্ন সময় মানুষ এই কেন্দ্রে ফোন করে জানায়, কিছু প্রাণীকে জবাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রটির স্বেচ্ছাসেবক ও যোগাযোগবিষয়ক ব্যবস্থাপক ফান চুং থান বলেন, এ ধরনের খবর পেলে কর্মীরা অনেক সময় সেখানে গিয়ে প্রাণীগুলো কেনার চেষ্টা করেন। মাংস হিসেবে বিক্রি করলে যে দাম পাওয়া যেত, তার চেয়ে বেশি টাকা দিয়ে তাঁরা প্রাণীগুলো কিনে নেন। তবে অর্থের অভাবে কেন্দ্রটিকে এখন উদ্ধারকাজ কমাতে হয়েছে। ফান জানান, বর্তমানে আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার ৪০০টি প্রাণী রয়েছে। এর বেশি প্রাণী রাখার সামর্থ্য তাদের নেই।
এদিকে ডম হারিয়ে যাওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো বিড়ালটির খোঁজ পাননি ফুয়ং। তিনি এখনো ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপে নজর রাখছেন। সেখানে অনেকেই হারিয়ে যাওয়া প্রাণীর ছবি পোস্ট করেন। প্রাণী ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা চান কেউ কেউ। ফুয়ং বলেন, ‘ডম আমার মানসিক ভরসা ছিল। ওকে ছাড়া বাড়িটা একেবারে ফাঁকা লাগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই মাসের হত্যাকাণ্ড, গুম-খুনের অভিযোগ এবং সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। দেশের ভেতরে সহিংসতা ও নাশকতার অভিযোগের পাশাপাশি বিদেশের মাটিতে দলটির নেতাকর্মীদের একের পর এক হামলা-সন্ত্রাসে জড়ানোর পরিপ্রেক্ষিতে এই দাবি সামনে এসেছে। ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকেও ফ্যাসিবাদী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে।
বিরোধী দল এবং জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর কাছ থেকেও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি উঠছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন দলটির বিরুদ্ধে চূড়ান্ত রায়ের আগেই বিদ্যমান আইনি কাঠামোর আওতায় নিষিদ্ধ করার পরামর্শ আসছে। প্রয়োজনে আইন সংস্কারের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম চিরতরে বন্ধের উদ্যোগ নেওয়ার প্রস্তাবও সামনে এসেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়টি সুরাহা হবে।
অন্যদিকে, অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের আসল চরিত্র উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, "আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণ হয়েছে।"
সংশ্লিষ্টরা মনে করেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টসহ দেশে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের লাগাম টানতে তাদের রাজনীতি থেকে পুরোপুরি দূরে রাখা প্রয়োজন। এই মুহূর্তে কাজটি করা সম্ভব হলে দেশে সহিংসতার সঙ্গে জড়িত দলটিকে বড় ধরনের চাপে ফেলা সম্ভব হবে। আইসিটি আইনে কিছুটা দীর্ঘসূত্রতা থাকায় ভিন্ন কোনো আইনের আওতায় এখনই পদক্ষেপ নেওয়া দরকার। না হলে দলটির সহিংসতা আরো বাড়তে পারে, যা দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এ দেশে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ করে জনমতে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের আন্দোলনে উসকানিসহ সরাসরি সম্পৃক্ত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখে। এছাড়া হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা চালায়। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে গত বছরের ১২ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হয়। দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনও সংশোধন করা হয়। ইতোমধ্যে এক মামলায় সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের দলগত দায় তদন্তাধীন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের চোরাগোপ্তা হামলা অতিসম্প্রতি বহুগুণ বেড়েছে। হাসিনার কথিত দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে দলটির নেতারা বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, গাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুনসহ নানা নাশকতা শুরু করেছে। এর সবশেষ উদাহরণ গোপালগঞ্জ। জেলার দুটি থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি জেলাজুড়ে ত্রাস সৃষ্টি করেছে দলটির নেতাকর্মীরা। এই সহিংসতা আশপাশের জেলায়ও ছড়িয়ে পড়ে। এ সময়ে আওয়ামী লীগের হামলায় বিএনপির তিন নেতাসহ অন্তত চারজন নিহত হন। এছাড়া চলতি মাসে আওয়ামী সন্ত্রাসীরা নোবেলজয়ী আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের অন্তত ১০০ কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
দেশের ভেতরে সহিংসতা ছাড়াও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। সম্প্রতি যুক্তরাজ্যে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী দুর্বৃত্তরা হামলা করে। ওই সময় দুদলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর একাধিক ব্রিটিশ এমপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ কেউ হামলার ভিডিও ছড়িয়ে প্রতিক্রিয়া জানান। সহিংসতায় জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার প্রসঙ্গও ওঠে।
এর আগে আওয়ামী নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করে। দলটির নেতাদের হাতে ইতালিতে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা বাংলাদেশি অভিনেত্রী তাজমেরী হক বাঁধন নাজেহাল হন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে দলটির রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বলা হচ্ছে, আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতির দরজা পুরোপুরি বন্ধ করা গেলে দলটির নেতাকর্মীরা বড় ধাক্কা খাবে। বিশেষ করে হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণায় যারা ‘আশা দেখছে’, তারা আশাহত হবে।
গত মঙ্গলবার ফেসবুক পোস্টে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এনসিপি নেতারা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার কথা বলেন। গত শনিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজন হলে সরকার ও বিরোধী দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। দলটির সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে, অন্তর্বর্তী সরকারের নেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সঠিক ছিল।
জাতীয় সংসদে আইন পাস বা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে গত বুধবার রিট করা হয়েছে। কয়েকজন আহত জুলাইযোদ্ধার পক্ষে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির রিটটি করেন।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার রাজধানীতে এক অনুষ্ঠানে সম্প্রতি বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত এক সপ্তাহে যে সহিংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই সমর্থন করতে পারে না ইইউ। ২০২৪ সালের সহিংসতার বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এই কূটনীতিক বলেন, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা তাদের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য সৃষ্ট ঝুঁকি বিবেচনায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বাস্তবসম্মত আইনগত পথ রয়েছে। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সাম্প্রতিক তৎপরতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এক্ষেত্রে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার ক্ষেত্রে কয়েকটি আইনগত পথ বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে রয়েছেÑবিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দলটির সাংগঠনিক ভূমিকার বিচার।
সংবিধান সংশোধন না করেও আইন প্রণয়নের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করার সুযোগ রয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, স্থায়ী নিষেধাজ্ঞার আগে দলটির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ এবং আইনগত ভিত্তি নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত ও বিচার চলাকালে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। চূড়ান্ত বিচারে অপরাধ প্রমাণ হলে তখন স্থায়ীভাবে নিষিদ্ধ করা যাবে।
গণহত্যাকারী ফ্যাসিস্ট গোষ্ঠী বিতাড়িত হলে রাজনীতির সুযোগ পায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার বলেন, জার্মানির নাৎসি বাহিনী কোনোদিন রাজনীতি করতে পারেনি। বিতাড়িত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া গোষ্ঠীও বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না।
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবির বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত চলছে। তদন্ত সম্ভবত শেষপর্যায়ে। তদন্ত শেষে চার্জশিট হবে। তারপর আদালতে বিচার হবে। মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির মতো দলেরও শাস্তির বিধান রয়েছে। এক্ষেত্রে আদালত বিবেচনা করলে স্থায়ীভাবে রাজনীতি নিষিদ্ধ করতে পারে। আবার কিছুদিনের জন্য রাজনীতি নিষিদ্ধ করতে পারে। দলের যে সম্পদ রয়েছে, তা বাজেয়াপ্ত করতে পারে। বিষয়টি আদালত যেভাবে বিবেচনা করবে, সেভাবেই হবে।
গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। ট্রাইব্যুনালের রায়ে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে তদন্তের কাজ এগিয়ে চলছে। তবে তদন্ত শেষ হতে কত দিন সময় লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, সেটা দলীয় পরিচয়েই সংঘটিত হচ্ছে। এ হিসেবে দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সামনে আসছে। নিষিদ্ধ হলে হয়তো একটি ভিন্ন দৃশ্যপট দেখা যেতে পারে।
রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তিনটি বিকল্প হতে পারে উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, আদালতের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সেটা বিচারিক আদালত হতে পারে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে পারে। আবার রাজনৈতিক কর্তৃপক্ষ (সরকার ও বিরোধী দলসহ অপরাপর রাজনৈতিক দল) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে দেশের জনগণÑবর্তমান ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতার আগের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক তারেক ফজল বলেন, জনগণের সিদ্ধান্তের একমাত্র উপায় হচ্ছে গণভোট। দেশের জনগণ নিষিদ্ধ চায় কি নাÑএমন প্রশ্নে গণভোটের আয়োজন করলে জনগণের রায়েই সিদ্ধান্ত চলে আসবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক বলেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি নতুন নয়। চব্বিশের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার ক্ষমতাচ্যুত হলে দেশজুড়ে এ দাবি ওঠে। তখন কিছু রাজনৈতিক শক্তি এর বিপক্ষে অবস্থান নেয়। ফলে বিষয়টি চাপা পড়ে। তবে পরে সরকারের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনের অধীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক নাশকতা করলে বিষয়টি আবার আলোচনায় আসে এবং দাবিটি জোরালো হয়।
স্থায়ীভাবে কোনো দলকে নিষিদ্ধ করা কখনো ভালো ফল দেয় না মন্তব্য করে তিনি বলেন, এটি রাজনৈতিক সংস্কৃতির ভেতরে পড়ে না। কিন্তু দলটি যখন অরাজনৈতিক ও সন্ত্রাসী কাজে জড়ায় কিংবা দেশবিরোধী কাজে যুক্ত থাকে, তখন সরকার তা নিষিদ্ধ না করলে সরকারের জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়ায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ