বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩৮ পি.এম
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এস এম আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন এবং বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের মূলঘর এলাকার মেহেদী হাসান রাসেল (২৬)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে এস এম আমির হামজা সাতিলের দোতলা বাড়ির দিকে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে শামীমের হেফাজত থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন এবং রাসেলের হেফাজত থেকে বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। তিনি উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য এবং তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। ডিম প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। ডিম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও শত্রুতার কারণে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেবকে হত্যা মামলায় আদালত ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে প্রত্যেক আসামির উপর ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, যা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডে পরিণত হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন ৫ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এ সময় ২ আসামি পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।
মামলার বিবরণ অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনার পর ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন, যার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, আদালত এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নবী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ