০৫:৪২ পি.এম
সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু ঘটানোর পর অক্টোবরে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটি ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে গত তিন দিনে (৭২ ঘণ্টা) ডেঙ্গুর কারণে ২৭ জনের মৃত্যু হয়েছে।
এই তথ্য বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩০ জন, খুলনা বিভাগে ৩৭৬ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬ জন, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ জন এবং রাজশাহীতে ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এদিকে, মঙ্গলবারে একদিনে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু ঘটেছে ডেঙ্গুর কারণে। এদিন ১০ জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগটির কারণে। তার আগের দিনও ৯ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের প্রথম ছয় দিনে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।
সব মিলিয়ে, চলতি বছর ডেঙ্গুর কারণে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৪৮ জন মারা গেছেন। অক্টোবরের প্রথম ছয় দিনে ৪৪ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন