০৯:২৩ পি.এম
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে সে সেরা হলেও, মনের গভীরে তার একটি ছোট্ট আকুতি লুকিয়ে ছিল। গণমাধ্যমকে কিসকু জানিয়েছেন, যদি তার মায়ের কাছে একটি ফোন থাকত, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারত। কিশোরী ফুটবলারের সেই আবেগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ছুঁয়ে যায়। মিরপুরে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন এবং নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সাথে, তিনি তার জন্য স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দেন। গণমাধ্যমে কিসকুর আকুতির কথা জানতে পেরে ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। কিন্তু বিপত্তি ঘটে যখন জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় আসা কিসকুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে কিসকুর মায়ের খোঁজ পাওয়া যায় এবং কিসকুর লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ পায়। কিসকুর মা কাজের সন্ধানে ঢাকায় এলেও এখনো স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই মানবিক বিষয়টি বিবেচনা করে জানান, তারা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে কিসকুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যাতে তিনি একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেকে এবং তার সন্তানকে পারিবারিকভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও একটি বড় সুখবর দেন। গত ২৭শে জুলাই জমকালো সমাপনী ও প্রাণমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস'-এর প্রথম আসর। প্রতিমন্ত্রী জানান, সমাপনীর ঠিক পরের দিনই প্রধানমন্ত্রী কিসকুসহ এই আসরে পুরস্কৃত সকল খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। পুরস্কৃত সকল ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে, বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন