ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ব্যাংককে ধেয়ে আসছে বন্যার সর্বনাশা বিপর্যয়: আইএমএফ ও বিশ্বব্যাংক সম্মেলন ঘিরে চরম বিশৃঙ্খলা


ব্যাংককে ধেয়ে আসছে বন্যার সর্বনাশা বিপর্যয়: আইএমএফ ও বিশ্বব্যাংক সম্মেলন ঘিরে চরম বিশৃঙ্খলা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসন্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বহুল প্রত্যাশিত যৌথ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দেশের প্রধান নদী চাও ফ্রায়ার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা উত্তর ও মধ্য থাইল্যান্ড থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অবিরাম মৌসুমি বর্ষণের ফলস্বরূপ ঘটছে।

রাজধানী ব্যাংককের নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ার উপক্রম হওয়ায় নতুন করে তীব্র বিশৃঙ্খলা ও নাগরিক ভোগান্তির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন দুর্যোগপূর্ণ আবহে বৈশ্বিক অর্থনৈতিক নীতি-নির্ধারকদের এই মেগা সম্মেলন সফলভাবে আয়োজন করা নিয়ে থাই প্রশাসন চরম চাপে পড়েছে।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, নদীর পানির স্তর বৃদ্ধি এবং সম্ভাব্য সামুদ্রিক জোয়ারের কারণে নদীর তীরবর্তী বাণিজ্যিক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি প্রবেশের চরম ঝুঁকি তৈরি হয়েছে। শহর রক্ষা বাঁধগুলোকে সুরক্ষিত রাখতে জরুরি ভিত্তিতে লাখ লাখ বালুর বস্তা ফেলা হচ্ছে। অতিরিক্ত পানি অপসারণে বড় বড় পাম্প স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। তবুও তীব্র ঢল সামাল দেওয়া কঠিন হয়ে পড়ায় বিভিন্ন এলাকার জনজীবনে চরম স্থবিরতা নেমে এসেছে।

আরও পড়ুন: মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

সম্মেলনে অংশ নিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন রাখা থাই কর্তৃপক্ষের জন্য এখন এক অগ্নিপরীক্ষায় পরিণত হয়েছে। শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে ব্যাংককজুড়ে কড়া সতর্কতা জারি করা হলেও প্রাকৃতিক দুর্যোগ ও নগর ব্যবস্থাপনার দুর্বলতায় তৈরি হওয়া এই অচলাবস্থা সরকারের কূটনৈতিক ও প্রশাসনিক সক্ষমতাকে আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চতুর্থ শ্রেণি থেকে শিক্ষাক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত হবে: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


চতুর্থ শ্রেণি থেকে শিক্ষাক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত হবে: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থার সঙ্গে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত করার এই উদ্যোগের ফলে দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তারা একদিন বিশ্বজয় করতে সক্ষম হবে।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের মূল লক্ষ্য দেশের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সামগ্রিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে খেলাধুলা ও ক্রীড়াচর্চাকে গভীরভাবে সম্পৃক্ত করা। এ লক্ষ্যেই আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি জানান, খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে শিক্ষাব্যবস্থার অনিবার্য অনুষঙ্গ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে এবং বাংলাদেশকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে নিতে সক্ষম হবে।

এবার দেশব্যাপী বৃহৎ পরিসরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানিয়ে মাহ্দী আমিন বলেন, খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। তিনি জানান, দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি—এই চারটি খেলায় নিজ নিজ পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে সারা দেশ থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিষ্ঠান, উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন ধাপ অতিক্রম করেই তারা জাতীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে।

শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও দলগত চেতনা গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মাহ্দী আমিন বলেন, খেলাধুলা শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি চরিত্র গঠনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। খেলার মাঠ শিক্ষার্থীদের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে শেখায়। একই সঙ্গে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং প্রতিপক্ষকে সম্মান করার মানসিকতা তৈরি করে। এসব গুণ ভবিষ্যতে তাদের ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

বিভিন্ন খেলার আলাদা গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দাবা শিক্ষার্থীদের কৌশল, দূরদৃষ্টি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায়। হ্যান্ডবল দলগত শক্তি বা টিমওয়ার্কের শিক্ষা দেয়। সাঁতার প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে। আর কাবাডি জাতীয় ঐতিহ্য ও দেশপ্রেমের পাশাপাশি সাহস ও ক্ষিপ্রতার শিক্ষা দেয়।

মাহ্দী আমিন বলেন, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই ইতোমধ্যে বিজয়ী। কারণ প্রতিষ্ঠান থেকে শুরু করে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার কঠিন ধাপ পেরিয়ে তারা জাতীয় পর্যায়ে উঠে এসেছে। প্রতিযোগিতার চূড়ান্ত ফল যা-ই হোক, জাতীয় পর্যায়ে অংশগ্রহণই তাদের সক্ষমতার প্রমাণ।

শিক্ষার্থীদের ক্রীড়াচর্চার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘প্রাইম মিনিস্টার ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন। দেশে নতুন ধারার ক্রীড়াচর্চা ও শারীরিক শিক্ষার যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া হবে।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মাহ্দী আমিন। তিনি স্কুল, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা প্রতিযোগীদের অভিনন্দন জানান। তিনি বলেন, উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের এই অর্জন আগামী দিনের বাংলাদেশ গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে নিয়মানুবর্তিতা, নৈতিকতা, শৃঙ্খলা ও দলগত চেতনা তৈরি হচ্ছে, তা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে নতুন সম্ভাবনা তৈরি করছে।

প্রতিযোগিতার সার্বিক আয়োজনের প্রশংসা করে মাহ্দী আমিন শিক্ষা মন্ত্রণালয়, ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, কুমিল্লায় এই আয়োজন তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইমদাদুল বারী আবু, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচনা গঙ্গা চুক্তি ও তারেক রহমানের সফর নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


আলোচনা গঙ্গা চুক্তি ও তারেক রহমানের সফর নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে একটি অনির্ধারিত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় নিয়ে ঢাকার বর্তমান অবস্থান ঠিক কী, সেই বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তার দিল্লিতে যাত্রা।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান। তবে, তার এই সফর সম্পর্কে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক কারণে নিয়োগ দেওয়া হয়েছে (‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’) এবং তার নিয়োগ প্রধানমন্ত্রীর অফিসের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। ফলে, দিল্লিতে গেলে তিনি সাধারণত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন, অন্য কেরিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম ঘটেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেকদূর এগোলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লির কাছে ঝুলে রয়েছে –এটি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি প্রবল অস্বস্তির উপাদান হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের মধ্যে আলোচনা কোনো অগ্রগতি লাভ করেনি– ৩০ বছর মেয়াদি এই গুরুত্বপূর্ণ জল ভাগাভাগির চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়া থেকে অপহৃত ৮ বছরের শিশু ময়মনসিংহে অক্ষত উদ্ধার, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


আশুলিয়া থেকে অপহৃত ৮ বছরের শিশু ময়মনসিংহে অক্ষত উদ্ধার, গ্রেপ্তার ২

আশুলিয়ার স্কুল ছুটির পর গেটের সামনে থেকে ৮ বছরের শিশু সাইমকে অপহরণ করা হয়েছে, অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে, যারা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। শিশুটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হলেও, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় কথিত অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া গোচারটেক এলাকায় আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে থেকে স্কুল ছুটির পর প্লে-শ্রেণির ছাত্র সাইমকে অপহরণ করা হয়। এরপর তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা মো. নাছির উদ্দিন আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্বাবধানে এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. আনোয়ার হোসেন পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

একপর্যায়ে তদন্তে পাওয়া তথ্যের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান ময়মনসিংহে শনাক্ত করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের গফরগাঁও থানার নেওকা এলাকার মৃত গফুর মৃধার ছেলে মো. নাদিম ওরফে হৃদয় (৩৩) এবং তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার (৩১)কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের হেফাজত থেকে অপহৃত শিশু সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের এই অভিযানে স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। তবে স্কুলগেট থেকে একটি শিশুকে অপহরণ করে অন্য জেলায় আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে পুরো চক্রের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের ৩ নারীকে জুতার মালা পরিয়ে নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের ৩ নারীকে জুতার মালা পরিয়ে নির্যাতন

নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের তিন নারীকে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা দাবি করেছেন, লোকলজ্জা ও প্রতিপক্ষের প্রভাবের কারণে থানায় অভিযোগ দিতেও ভয় পাচ্ছেন।

গতকাল সোমবার (৫ অক্টোবর) বিকেলে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়িষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই তিন নারীকে একটি বাড়িতে আটকে রেখে মারধর করা হয় এবং সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

ভুক্তভোগী তিন নারীর বাড়ি পাশের চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকায়। পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্বরোচিত এ ঘটনার অভিযোগ উঠেছে আকবর আলীর ছেলে জিয়ারুল হক ও তার বড়ভাইয়ের জামাই রাতুলের পরিবারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের তাড়াশিয়াপাড়া মহল্লায় প্রবাসী পিন্টু মিয়ার বাড়ি। তার মেয়ে তৃষা খাতুনের সঙ্গে প্রতিবেশী মজনু মিয়ার ছেলে রাতুল ইসলাম বিয়ের প্রস্তাব দেন। কিন্তু পিন্টু তার মেয়ে তৃষাকে শিকারপুর গ্রামে বিয়ে দেন। এর ফলে রাতুলের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিছুদিন পর রাতুল গারিষাপাড়া মহল্লার ইয়ারুলের মেয়ে ঐশির সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পর থেকে ঐশি অসুস্থ হয়ে পড়ে। ঐশির পরিবারের ধারণা, তাকে বারবার জাদুটোনা করে বান মারা হচ্ছে। এই ধারণা থেকে তারা প্রবাসী পিন্টুর মেয়ে তৃষা খাতুন, স্ত্রী বুলবুলি খাতুন ও শাশুড়ি জুলেখা খাতুনকে ঘটনার দিন মারধর করে ইয়ারুল ও তার ভাই জিয়ারুল ধরে আনেন। এরপর তাদের গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ১০ লাখ টাকা দিলে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না মর্মে সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও নেন দুই ভাই ইয়ারুল-জিয়ারুল। এ সময় গায়ের গহনাও ছিনিয়ে নেন এবং থানায় পুলিশে যাওয়ার জন্য হুমকি দেন তারা।

প্রবাসী পিন্টুর স্ত্রী বুলবুলি এসব ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় মূর্ছা যান। তিনি অভিযোগ করেন, জিয়ারুল-ইয়ারুলের সঙ্গে রাতুল ও তার পরিবারের লোকজন মিথ্যা নাটক সাজিয়ে তাদের বেদম প্রহার করেছেন। এ ঘটনার কিছুদিন আগে স্থানীয় কবিরাজ আমিরুল ইসলামকেও মারধর করার অভিযোগ রয়েছে জিয়ারুল-ইয়ারুলের বিরুদ্ধে।

স্থানীয় প্রতিবেশী মোবারক আলী ও হাবিল উদ্দিন জানান, প্রবাসী পিন্টুর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে। তারা সতর্ক করেছেন যে, এর কঠোর বিচার না হলে অপরাধ প্রবণতা আরো বৃদ্ধি পাবে। ভীতসন্ত্রস্ত ভুক্তভোগীরা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে থানার পুলিশের সহযোগিতা চেয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইয়ারুল হক দাবি করেন, তার মেয়েকে বান মারা হয়েছে। এ জন্য তাদের গ্রামের মানুষ ডেকে আনে এবং জুতার মালা পরিয়ে ঘোরায়। তবে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%