ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। একই সময়ে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। তিনি জানতে চান, গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ২৯৭ জনকে অপহরণ করা হয়েছে, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য চট্টগ্রামে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংসেও অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হয়।

আরও পড়ুন: নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো এবং মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি উন্মোচন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে তাদের ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি পার্লামেন্টে হট্টগোল, নেতানিয়াহুকে প্রশ্নবাণে জর্জরিত করলেন বেনেট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোটির কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কয়লার নিচের অংশে তাপের কারণে আগুনের সৃষ্টি হওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশংকা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে দ্রুত কার্গো থেকে কয়লা খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ নয়জনকে আটক করেন বনরক্ষীরা। আটক কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা হয়েছিল। বুধবার সকালে ওই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের কয়লার স্তূপে ভেতরে তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশংকা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই মিনি কার্গোটি আটক করা হয়। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে নয় আসামি ও কয়লাবোঝাই কার্গোটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলাসবহুল ভ্রমণে সুস্থতার উদ্যোগ ও ঘুমের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


বিলাসবহুল ভ্রমণে সুস্থতার উদ্যোগ ও ঘুমের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে

এক সময় ছুটি কাটানোর মানে ছিল দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় দূরে গিয়ে বিশ্রাম নেওয়া। তবে বর্তমানে বিলাসবহুল ভ্রমণের ধরন পরিবর্তিত হচ্ছে। পর্যটকেরা শুধু ঘোরাঘুরি বা স্পা সেবায় সন্তুষ্ট থাকছেন না; বরং ঘুমের সমস্যা কমানো, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং শরীরের সুস্থতা ফিরিয়ে আনতে বিশেষায়িত আয়োজনের সন্ধান করছেন। ফলে বিলাসবহুল রিসোর্টগুলোতে ওয়েলনেস বা সুস্থতাকেন্দ্রিক ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠছে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে অনেক পর্যটক ভ্রমণের পূর্বেই সুস্থতাকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বুক করছেন। কেউ ঘুমের মান উন্নত করতে চাইছেন, আবার কেউ ক্লান্তি ও মানসিক চাপ কমানোর উপায় খুঁজছেন। এ ধরনের ভ্রমণে ব্যক্তিগত পরামর্শ, শরীরের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নানা কার্যক্রম অন্তর্ভুক্ত হচ্ছে।

ভ্রমণের মূল আকর্ষণ হয়ে উঠছে সুস্থতা

সান সিয়াম রিসোর্টসের বিপণন পরিচালক সারা সিয়ামের মতে, ওয়েলনেস এখন আর শুধুমাত্র স্পা বা ম্যাসাজের অতিরিক্ত সুবিধা নয়; বরং অনেক পর্যটকের কাছে রিসোর্ট বেছে নেওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালের তুলনায় প্রতিষ্ঠানটিতে অতিথিপ্রতি সুস্থতাসেবা খাতে ব্যয় বেড়েছে ১২ শতাংশ। বর্তমানে ৯ শতাংশ অতিথি আগেই এ ধরনের কর্মসূচি বুক করেন।

ইএলই|এনএর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হেইডি গ্রিমউড বলেন, গত কয়েক বছরে সুস্থতা সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তিত হয়েছে। এখন একে কেবল বিলাসিতা বা মাঝে মাঝে স্পা করার বিষয় হিসেবে দেখা হয় না; বরং এটি সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

শরীরের তথ্য সঙ্গে নিয়েই যাচ্ছেন পর্যটকেরা।

ওয়েলনেস রিট্রিটে আসা অনেক পর্যটকের সঙ্গে এখন থাকে স্মার্টওয়াচ, ওরা রিং বা গ্লুকোজ পর্যবেক্ষণের যন্ত্র। এসব ডিভাইসের মাধ্যমে তাঁরা ঘুম, হৃদ্‌স্পন্দনের পরিবর্তন, শরীরের বিপাকীয় কার্যক্রম ও দৈনিক শক্তি ব্যয়ের তথ্য সংগ্রহ করেন।

দ্য লীলা কুর্গ ফরেস্ট স্যাংচুয়ারির রাজেশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের সুস্থতাকেন্দ্রিক সেবার প্রায় অর্ধেক অতিথি ঘুম, হৃদ্‌স্পন্দনের পরিবর্তনশীলতা এবং বিপাকীয় বিভিন্ন পরিমাপ পর্যবেক্ষণ করেন। আয়ুরবে ওয়েলনেস সেন্টারের অতিথিদের মধ্যেও বিশেষ করে তরুণ পেশাজীবীদের মধ্যে এই ধরনের তথ্য সঙ্গে নিয়ে আসার প্রবণতা দেখা যাচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু যন্ত্রের তথ্য দেখেই শরীরের অবস্থা বোঝা যায় না। ব্যক্তির অনুভূতি, জীবনযাপন ও সামগ্রিক শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে এসব তথ্যের অর্থ বুঝতে হয়। প্রযুক্তি সুস্থতা পর্যবেক্ষণে সহায়ক হতে পারে, কিন্তু মানুষের সামগ্রিক যত্নের বিকল্প নয়।

ঘুমের সমস্যাই বড় উদ্বেগ

ওয়েলনেস ভ্রমণে ঘুমের গুরুত্ব ক্রমেই বাড়ছে। সারা সিয়ামের তথ্য অনুযায়ী, তাঁদের সুস্থতাকেন্দ্রিক কর্মসূচিতে অংশ নেওয়া অতিথিদের প্রায় ৬০ শতাংশের প্রধান লক্ষ্য থাকে ঘুমের উন্নতি বা ক্লান্তি কমানো। অনেকেই শারীরিকভাবে ক্লান্ত থাকলেও মানসিকভাবে অতিরিক্ত চাপে থাকেন। তাই তাঁরা শুধু ম্যাসাজ নয়, বরং বিশ্রাম ও মানসিক প্রশান্তি পাওয়ার উপায় খোঁজেন।

এ লক্ষ্য পূরণে বিভিন্ন রিসোর্টে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, শরীর ও মনের সমন্বিত চর্চা এবং প্রকৃতিনির্ভর প্রশান্তির আয়োজন করা হচ্ছে। দ্য লীলায় বিশ্রাম ও প্রশান্তি বাড়ানোর বিশেষ কর্মসূচিও রয়েছে।

এ ধরনের ভ্রমণের সময়ও বেড়েছে। সারা সিয়ামের ভাষ্য অনুযায়ী, সান সিয়াম রিসোর্টসে সুস্থতাকেন্দ্রিক কর্মসূচিতে অংশ নেওয়া অতিথিদের গড় অবস্থান ২০২৩-২৪ সালে দুই রাত থাকলেও এখন তা বেড়ে চার রাত হয়েছে। অন্যদিকে আয়ুরবে ওয়েলনেস সেন্টারে সপ্তাহান্তের সংক্ষিপ্ত আয়োজনের পাশাপাশি পাঁচ, সাত ও ১৪ দিনের কর্মসূচিও রয়েছে।

ট্রেন্ড নাকি কার্যকর সুস্থতা?

বরফজলে গোসল বা আইস বাথ, বিভিন্ন ধরনের সনা এবং প্রযুক্তিনির্ভর চিকিৎসা এখন ওয়েলনেস ভ্রমণের আলোচিত বিষয়। তবে সব আয়োজনের কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একমত নেই। ইএলই|এনএর হেইডি গ্রিমউডের মতে, আইস বাথ জনপ্রিয় হলেও সনার বিভিন্ন ধরন নিয়ে প্রচারণায় কখনো কখনো অতিরঞ্জন দেখা যায়।

আয়ুরবে ওয়েলনেস সেন্টারের বিশেষজ্ঞ অতুলের মতে, নতুন প্রযুক্তি বা জনপ্রিয় ট্রেন্ডের পেছনে না ছুটে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী সময়-পরীক্ষিত ও ব্যক্তিকেন্দ্রিক থেরাপিকে গুরুত্ব দেওয়া উচিত।

ওয়েলনেস সেবায় চিকিৎসকের ভূমিকা নিয়েও ভিন্নমত রয়েছে। কিছু প্রতিষ্ঠানে অতিথিদের কর্মসূচি শুরুর আগে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। তবে হেইডি মনে করেন, সাধারণ হোটেলের পরিবেশে চিকিৎসাসেবার সঙ্গে আতিথেয়তাকে অতিরিক্তভাবে মিশিয়ে ফেলা ঠিক নয়। চিকিৎসাভিত্তিক সুস্থতা কর্মসূচির জন্য প্রয়োজন বিশেষায়িত অবকাঠামো ও যথাযথ তত্ত্বাবধান।

ভ্রমণ শেষে অভ্যাস ধরে রাখার চেষ্টা

বিশেষজ্ঞদের মতে, কয়েক দিনের সুস্থতাকেন্দ্রিক ভ্রমণ শেষ হওয়ার পরও অর্জিত অভ্যাস ধরে রাখা জরুরি। সান সিয়াম রিসোর্টসে কর্মসূচির শেষে অতিথিদের দৈনন্দিন রুটিন, খাদ্যাভ্যাস ও সকালে পাঁচ মিনিটের কিছু অনুশীলনের পরামর্শ দেওয়া হয়। তাঁদের প্রায় ১০ শতাংশ অতিথি ভ্রমণ শেষে অনলাইনে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখেন। আর ২০ থেকে ৩০ শতাংশ অতিথি পরবর্তী সময়ে আরও গভীর কর্মসূচিতে অংশ নিতে ফিরে আসেন।

হেইডি গ্রিমউডের মতে, ভ্রমণ শেষে দৈনন্দিন জীবনে সুস্থতার অভ্যাস ধরে রাখাই এ ধরনের আয়োজনের বড় চ্যালেঞ্জ। কয়েক দিনের অভিজ্ঞতা তখনই দীর্ঘমেয়াদে কাজে আসে, যখন পর্যটকেরা বাড়ি ফিরে ঘুম, বিশ্রাম ও জীবনযাপনের ইতিবাচক পরিবর্তনগুলো বজায় রাখতে পারেন।

বিলাসবহুল ভ্রমণে এখন শুধু আরাম-আয়েশ নয়, শরীর ও মনের যত্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঘুমের উন্নতি, মানসিক চাপ কমানো এবং নিজের শরীর সম্পর্কে ভালোভাবে জানার আগ্রহ থেকেই ওয়েলনেস রিট্রিটের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়

সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থেকে চেয়ারম্যান শুক্র ও শনিবার ছুটির দিনে অফিসে যান। সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করার পর আবার ঢাকায় ফিরে যান। এর ফলে নিয়মিত নাগরিক সেবা নিতে আসা ইউনিয়নবাসী ভোগান্তিতে পড়ছেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানকে তার কক্ষে পাওয়া যায়নি। পরিষদের কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা জানান, চেয়ারম্যান সাধারণত ছুটির দিন শুক্র ও শনিবার অফিসে আসেন। আসার পর প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষ করে চলে যান।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া পরিষদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় না। এর ফলে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে আসা মানুষকে তার অপেক্ষায় থাকতে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে পরিষদে আসা ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিন জন্মনিবন্ধন অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য পরিষদে যান জাকিয়া আক্তার ও সেলিনা রহমান নামে দুই নারী। তারা জানান, প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছেন। কিন্তু চেয়ারম্যান না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। জরুরি প্রয়োজন থাকলেও এর আগে কাজ সম্পন্ন করার সুযোগ নেই।

পরিষদের আশপাশে বিভিন্ন সেবা নিতে আসা আরও কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেন, চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান হওয়ায় অধিকাংশ সময় পরিষদে আসেন না।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলামুন্ন নবী খোকন বলেন, চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসেন না। তিনি ছুটির দিনে এসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন।

পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন কাজী জানান, তিনি এক বছর আগে এই পরিষদে যোগদান করেছেন। পরিষদ এলাকায় ভাড়া বাসায় থেকে নিয়মিত নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি সরকারি ছুটির দিনে পরিষদে আসেন। ফলে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হয়। কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সপ্তাহের ছুটির দিনগুলোতে পরিষদে আসার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ছুটির দিনে পরিষদে আসবেন বলে জানান।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না -এমন তথ্য প্রশাসনের কাছে এসেছে। বিষয়টি যাচাই করতে কয়েকদিন আগে পূর্বঘোষণা ছাড়াই ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করা হয়। চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি কেন প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়নি, সে বিষয়ে তার কাছে জবাব চাওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, পরিষদের পরপর তিন মাসের মাসিক সভায় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না -এমন তথ্য উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দিতে প্রশাসনিক কর্মকর্তাকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনভোগান্তি নিরসনে প্রশাসক নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের জ্বালানি সহায়তায় ১ হাজার ৮৬ ডলার পাবে নিম্ন-মধ্যম আয়ের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


শীতের জ্বালানি সহায়তায় ১ হাজার ৮৬ ডলার পাবে নিম্ন-মধ্যম আয়ের পরিবার

শীত মৌসুমে বাড়ি গরম রাখার খরচ কমানোর জন্য নিউইয়র্কের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য পরিবারগুলো হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১ হাজার ৮৬ ডলার পর্যন্ত সহায়তা গ্রহণের সুযোগ পাবে।

২০২৬ সালের ২ নভেম্বর, গভর্নর ক্যাথি হোকুল ২০২৬-২৭ শীত মৌসুমের জন্য এই সহায়তা কর্মসূচির আবেদন শুরুর কথা ঘোষণা করেন। বিদ্যুৎ, গ্যাস, তেল, কেরোসিন ও প্রোপেনসহ বিভিন্ন জ্বালানির খরচ কমানোর জন্য এই সহায়তা প্রদান করা হবে।

পরিবারের সদস্যসংখ্যা, আয়, জ্বালানির ধরন এবং শিশু, প্রবীণ বা প্রতিবন্ধী সদস্যের উপস্থিতির ওপর ভিত্তি করে সহায়তার পরিমাণ নির্ধারিত হবে। তেল, কেরোসিন ও প্রোপেন ব্যবহারকারী যোগ্য পরিবার সর্বোচ্চ ৯৯০ ডলার এবং কাঠ বা কয়লা ব্যবহারকারী পরিবার সর্বোচ্চ ৭০০ ডলার সহায়তা পেতে সক্ষম হবে।

বাড়ির মালিকদের পাশাপাশি যোগ্য ভাড়াটিয়ারাও এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। অনুমোদিত সহায়তার অর্থ সাধারণত সরাসরি বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে।

নিউইয়র্ক নগরীর বাসিন্দারা অ্যাকসেস এইচআরএ ওয়েবসাইটের মাধ্যমে অথবা মুঠোফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া, ৭১৮-৫৫৭-১৩৯৯ নম্বরে ফোন করে আবেদনসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়া যাবে। বরাদ্দ সীমিত থাকায় যোগ্য পরিবারগুলোকে দ্রুত আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%