১০:৩৩ এম
বাংলাদেশের একটি পরিবারে যখন কারও ক্যানসার ধরা পড়ে, তখন শুধু রোগীই নয়, পুরো পরিবার একটি কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়। চিকিৎসার জন্য কোথায় যেতে হবে, কোন হাসপাতালে যেতে হবে, খরচ কত হবে, চিকিৎসা শুরু করতে কত সময় লাগবে, এসব প্রশ্ন সামনে আসে। অনেক পরিবার চিকিৎসার খরচ মেটাতে জমিজমা বিক্রি করে এবং সঞ্চয় শেষ করে ফেলে। কিছু পরিবার অর্থের অভাবে চিকিৎসা মাঝপথে বন্ধ করতেও বাধ্য হয়।
যদিও সময়মতো রোগ শনাক্ত করা এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক ক্যানসার রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, তবে প্রশ্ন উঠছে, কেন আমরা এখনও দেশের সব মানুষের জন্য ক্যানসার চিকিৎসার একটি সহজ, সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারিনি?
এই বাস্তবতার প্রেক্ষিতে, বাংলাদেশে একটি জাতীয় ক্যানসার টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি।
আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
কেন এই উদ্যোগ জরুরি?
আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা GLOBOCAN ২০২২ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হন এবং বছরে প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে।
দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ আগের তুলনায় বেড়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ছে। কিন্তু দেশের সব অঞ্চলের মানুষ সমানভাবে এসব সুবিধা পাচ্ছেন না।
বিশেষায়িত চিকিৎসার একটি বড় অংশ এখনো ঢাকা ও কয়েকটি বড় শহরে সীমাবদ্ধ। ফলে দিনাজপুর, পঞ্চগড়, ভোলা কিংবা প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য বারবার ঢাকায় আসতে হয়। চিকিৎসার পাশাপাশি যাতায়াত, থাকা ও খাওয়ার খরচও বহন করতে হয়। অনেকের পক্ষে এই চাপ সামলানো সম্ভব হয় না।
আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা
সমস্যা শুধু হাসপাতাল বা চিকিৎসকের স্বল্পতা নয়। কোথায় কী সুবিধা আছে, কোথায় কী প্রয়োজন এবং কীভাবে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায়, এসব বিষয়েও জাতীয় পর্যায়ে সমন্বয়ের ঘাটতি রয়েছে।
জাতীয় ক্যানসার টাস্কফোর্স কী করবে?
এটি একটি জাতীয় বিশেষজ্ঞ দলের গঠন হবে, যার মূল কাজ হবে দেশের ক্যানসার চিকিৎসার সমস্যাগুলো চিহ্নিত করা, সমাধানের পরিকল্পনা তৈরি করা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এতে সরকারি ও বেসরকারি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ, স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নার্স, চিকিৎসা প্রযুক্তিবিদ, গবেষক, স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং রোগীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা জরুরি।
আরও পড়ুন: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো
তবে শুধুমাত্র একটি কমিটি গঠন করলেই হবে না। এই টাস্কফোর্সকে নির্দিষ্ট দায়িত্ব, কাজের সময়সীমা এবং বাস্তবায়ন পর্যবেক্ষণের ক্ষমতা দিতে হবে।
কোন কাজগুলো আগে করতে হবে?
প্রথমত, দেশের ক্যানসার চিকিৎসার একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করতে হবে। কোন জেলায় কী চিকিৎসা সুবিধা আছে, কোথায় বিশেষজ্ঞের অভাব, কোথায় রেডিওথেরাপির মেশিন প্রয়োজন, কোন হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও ব্যবহার হচ্ছে না, এসব তথ্য সংগ্রহ করতে হবে। সঠিক তথ্য ছাড়া সঠিক পরিকল্পনা করা সম্ভব নয়।
দ্বিতীয়ত, চিকিৎসাসেবা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে নিরাপদ কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা, প্রাথমিক পরীক্ষা এবং রোগীদের সঠিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গড়ে তুলতে হবে। সব জেলায় একসঙ্গে বড় ক্যানসার হাসপাতাল নির্মাণের প্রয়োজন নেই। যেখানে যে সেবার চাহিদা বেশি, সেখানে সেই সুবিধা আগে চালু করতে হবে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ আটক করেছে ২ জন
তৃতীয়ত, রেডিওথেরাপি ও রোগ নির্ণয়ের সুযোগ বাড়াতে হবে। অনেক ক্যানসার রোগীর চিকিৎসায় রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই সেবার সুযোগ সীমিত। নতুন মেশিন স্থাপনের পাশাপাশি সেগুলো চালানোর জন্য দক্ষ জনবল ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। একইভাবে ক্যানসার শনাক্তের জন্য মানসম্মত প্যাথলজি এবং প্রয়োজনীয় আধুনিক পরীক্ষার সুযোগ বাড়াতে হবে।
চতুর্থত, চিকিৎসার খরচ কমাতে হবে। ক্যানসার চিকিৎসায় সরকারি সহায়তা, স্বাস্থ্যবিমা এবং দরিদ্র রোগীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। অর্থের অভাবে কোনো রোগী যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
পঞ্চমত, দক্ষ জনবল তৈরি করতে হবে। শুধু ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক নয়, প্রশিক্ষিত নার্স, মেডিকেল ফিজিসিস্ট, রেডিওথেরাপি টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীও প্রয়োজন। তাঁদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
প্রতিরোধ ও গবেষণাকেও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সমস্যা তুলে ধরা
ক্যানসার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধেও গুরুত্ব দিতে হবে। তামাক নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তের ব্যবস্থা জোরদার করতে হবে।
দেশে ক্যানসার নিয়ে গবেষণার সুযোগও বাড়ানো জরুরি। কত মানুষ আক্রান্ত হচ্ছেন, কোন ধরনের ক্যানসার বেশি হচ্ছে, চিকিৎসায় কী ফল পাওয়া যাচ্ছে, এসব তথ্য নিয়মিত সংগ্রহ করতে হবে। দেশীয় গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো যেতে পারে।
প্রথম ১০০ দিনে কী করা সম্ভব?
টাস্কফোর্স গঠনের পর প্রথম ১০০ দিনের মধ্যে দেশের ক্যানসার চিকিৎসার বর্তমান অবস্থা ও প্রধান ঘাটতিগুলো চিহ্নিত করার কাজ শুরু করা সম্ভব। এরপর অগ্রাধিকার ঠিক করে তিন থেকে পাঁচ বছরের একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
আরও পড়ুন: মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
কোন কাজ কে করবে, কত অর্থ প্রয়োজন এবং কত দিনের মধ্যে কাজ শেষ হবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। পাশাপাশি নিয়মিত অগ্রগতি প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষও জানতে পারেন কী পরিবর্তন হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উদ্যোগ যেন সরকার পরিবর্তন বা প্রশাসনিক রদবদলের কারণে থেমে না যায়। ক্যানসার চিকিৎসার উন্নয়নকে একটি দীর্ঘমেয়াদি জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখতে হবে।
ক্যানসার চিকিৎসা পাওয়ার সুযোগ একজন মানুষের আর্থিক সামর্থ্য কিংবা তিনি কোন জেলায় বসবাস করেন, তার ওপর নির্ভর করা উচিত নয়।
বাংলাদেশে দক্ষ চিকিৎসক আছেন, চিকিৎসাপ্রতিষ্ঠান আছে, কাজ করার আগ্রহও আছে। এখন প্রয়োজন সবাইকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় নিয়ে আসা।
একটি কার্যকর জাতীয় ক্যানসার টাস্কফোর্স সেই কাজের সূচনা করতে পারে।
আমাদের লক্ষ্য হওয়া উচিত একটাই: ক্যানসার রোগীকে চিকিৎসার জন্য অসহায়ভাবে ঘুরতে হবে না। তিনি যেন নিজের দেশের মধ্যেই সময়মতো, মানসম্মত এবং সাশ্রয়ী চিকিৎসা পান।
সেই লক্ষ্য অর্জনের উদ্যোগ নেওয়ার সময় এখনই।
ডা. আরমান রেজা চৌধুরী
সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি
এভারকেয়ার হাসপাতাল ঢাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন