ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা ক্যাম্পে একাধিক গোপন পথের সন্ধান


রোহিঙ্গা ক্যাম্পে একাধিক গোপন পথের সন্ধান

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষার জন্য স্থাপিত কাঁটাতারের বেড়া কেটে একের পর এক অবৈধ চলাচলের পথ তৈরির বিষয়ে অভিযোগ উঠেছে। এই সব পথ ব্যবহার করে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে স্বাধীনভাবে যাতায়াত করছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, কাঁটাতারের কাটানো অংশ এখন শুধু যাতায়াতের জন্য পথ নয়, বরং ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত অপরাধীদের জন্য একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে। কালবেলার একটি প্রতিবেদনে এসবের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সরেজমিনে কুতুপালং ও বালুখালী ক্যাম্পসংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে, একাধিক স্থানে কাঁটাতারের বেড়া কেটে এমন কিছু পথ তৈরি করা হয়েছে যা মানুষের চলাচলের উপযোগী। কোথাও বেড়ার নিচের অংশ কেটে ফেলা হয়েছে, আবার কোথাও পুরো অংশ সরিয়ে মুক্ত যাতায়াতের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্থানীয় সূত্র মতে, দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও এসব পথ ব্যবহার করে রোহিঙ্গারা ক্যাম্পে প্রবেশ ও বের হচ্ছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়, ইয়াবা পাচার, অস্ত্র বহন, চুরি, ডাকাতি এবং শিশু নিখোঁজের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

স্থানীয়রা আরও জানান, অপরাধ সংঘটনের পর অনেক দুর্বৃত্ত কাঁটাতারের কাটা অংশ ব্যবহার করে দ্রুত ক্যাম্পে ঢুকে পড়ে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা বেশ কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানিয়েছেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কাটা অংশ দিয়ে প্রতিদিনই যাতায়াত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এসব পথ বন্ধ না হলে স্থানীয় জনগণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেছেন, ক্যাম্পের নিরাপত্তা শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য নয়, বরং পুরো উখিয়া-টেকনাফের জনগণের নিরাপত্তার সঙ্গে জড়িত। কাঁটাতারের বেড়া কেটে যারা অবৈধ পথ তৈরি করছে, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

একই সাথে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার এবং যৌথ টহল জোরদার করা জরুরি।

উখিয়া অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন, স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, ক্যাম্পের বাইরের রোহিঙ্গাদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কাঁটাতারের বেড়া কেটে যাওয়ার ফলে ইয়াবা পাচার, অপহরণের মতো নানা অপরাধ দমন করা কঠিন হয়ে পড়বে। শুধু বেড়া নির্মাণই যথেষ্ট নয়, কার্যকর রক্ষণাবেক্ষণ ও পাহারার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেছেন, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। কিন্তু সে বেড়া যদি কেটে অবৈধ চলাচলের পথ তৈরি হয়, তাহলে সম্পূর্ণ নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়বে। বিষয়টি কেবল স্থানীয় নিরাপত্তার নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। অবিলম্বে কাটা অংশ মেরামত ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমনে পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছে। কাঁটাতারের বেড়া কেটে অবৈধ চলাচল বা অপরাধ সংঘটনের কোনো তথ্য পেলে তা গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্প ও আশপাশের এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজা পড়ানো আয়াতুল্লাহ জাফর সোবহানী কে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫১ এম


খামেনির জানাজা পড়ানো আয়াতুল্লাহ জাফর সোবহানী কে?

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারে চার সদস্যের প্রথম জানাজা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় গতকাল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) এই জানাজায় বিশ্বের প্রায় ১০০ দেশের প্রতিনিধির উপস্থিতিতে দুই কোটি মানুষের সমাগম ঘটেছে বলে দাবি করেছে তেহরান। জানাজার নামাজে বিশেষ ইমামতির দায়িত্ব পালন করেছেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানী।

গ্র্যান্ড আয়াতুল্লাহ সোবহানী ইরানে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার বয়স বর্তমানে ৯৭ বছর। তিনি কোম সেমিনারির মুজতাহিদদের কাউন্সিলের একজন শীর্ষ সদস্য। কোম সেমিনারি দ্বাদশী শিয়া মতবাদের শিক্ষা ও গবেষণার দুটি প্রধান কেন্দ্রের একটি।

গ্র্যান্ড আয়াতুল্লাহ সোবহানী ইরানের ইমাম সাদিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। এর আগে তিনি কোমের সোসাইটি অব সেমিনারি টিচার্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসলামী জ্ঞানের প্রায় সকল শাখায় তার গবেষণা ও অবদান ব্যাপকভাবে পরিচিত। তার কাজ সমালোচনামূলকভাবে মূল্যায়িত হয়ে থাকে, এবং তিনি একজন অত্যন্ত প্রাজ্ঞ লেখক। তিনি ৩০০টিরও বেশি গবেষণাধর্মী গ্রন্থ এবং প্রবন্ধ প্রকাশ করেছেন।

এদিকে, রোববারের এই জানাজার নামাজে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকাহত মানুষ এবং অন্যান্য দেশ থেকে আসা সমর্থকরাও উপস্থিত ছিলেন।

শনিবার শুরু হওয়া দুই দিনের গণবিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পর সোমবার (৬ জুলাই) তেহরানে খামেনির জানাজার শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে। এতে তেহরানের বিপুলসংখ্যক মানুষ এবং ইরানের বিভিন্ন অঞ্চল ও অন্যান্য দেশ থেকে আসা সমর্থকদের অংশগ্রহণের কথা রয়েছে।

এরপর মঙ্গলবার খামেনির মরদেহ বিদায় অনুষ্ঠান ও জানাজার জন্য কোম শহরে নেয়া হবে।

এছাড়া, ইরাকি কর্মকর্তাদের অনুরোধে বুধবার ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাফে খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার শিয়াদের পবিত্র শহর মাশহাদে তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।

মনে রাখবেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্য—ড. মেসবাহ আল-হোদা (মেয়ে জামাতা), সাইয়্যেদেহ বুশরা হোসেইনি খামেনি (কন্যা), জাহরা হাদ্দাদ আদেল (পুত্রবধূ) এবং জাহরা মোহাম্মদি গোলপায়েগানি (নাতনি) নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে: গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ এম


কুমিল্লায় ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লায় ৫০০ বা ১ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

শনিবার (৪ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লার উন্নয়ন অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেছেন।

তিনি এই সময় উল্লেখ করেন, বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন স্থাপনের প্রস্তাব পাস করা হয়েছে। কুমিল্লায় ৫০০ বা ১ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলমান রয়েছে। এসব বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনি বলেছেন, কুমিল্লার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কুমিল্লার উন্নয়ন ত্বরান্বিত হয়। এবারও উন্নয়ন কার্যক্রম ভিত্তিক একটি চিত্রও ফুটে উঠবে। একটি বিভাগীয় শহরে যেসব সুযোগ-সুবিধা থাকে, কুমিল্লায় তার চেয়ে বেশি উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটার ‘পায়রা রেস্টুরেন্ট’ যেন পর্যটক ঠকানোর ফাঁদ! সাধারণ খাবারেও আকাশছোঁয়া বিলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক বরিশাল

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ এম


কুয়াকাটার ‘পায়রা রেস্টুরেন্ট’ যেন পর্যটক ঠকানোর ফাঁদ! সাধারণ খাবারেও আকাশছোঁয়া বিলের অভিযোগ

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার ‘পায়রা রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে খাবারের অতিরিক্ত মূল্য বা ‘গলাকাটা’ দাম রাখার গুরুতর অভিযোগ উঠেছে। খাবারের মান নিয়ে প্রশ্ন থাকার পাশাপাশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ পর্যটকদের সাথে চরম দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। ফলে নতুন আসা পর্যটকরা এখানে খেতে বসে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন।
ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, এই রেস্টুরেন্টে এক প্লেট সাধারণ ভাতের দামই রাখা হচ্ছে ৪০ টাকা, যা বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, খাবারের মানও অত্যন্ত নিম্নমানের।
সম্প্রতি কুয়াকাটায় ঘুরতে এসে চরম হেনস্তার শিকার হয়েছেন সোহান নামের এক পর্যটক। তিনি জানান, "আমরা গত শুক্রবার সকালে কুয়াকাটায় ঘুরতে আসি। রাতে চারজন মিলে পায়রা রেস্টুরেন্টে খেতে বসি। আমাদের খাবারের মেন্যুতে ছিল মাত্র ডিম ভাজা, শুঁটকি ভর্তা আর পাতলা ডাল। খাওয়া শেষে বিল দেখে আমাদের চোখ কপালে ওঠে। সামান্য এই খাবারের বিল আসে ৯০০ টাকা!"
সোহান আরও অভিযোগ করেন, "একটি সাধারণ খাবারের এত টাকা বিল কীভাবে আসলো—তা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা আমাদের সাথে অত্যন্ত খারাপ ও অমার্জিত আচরণ করে। কুয়াকাটার মতো একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে এমন নৈরাজ্য চলতে পারে না। এখানে প্রশাসনের কঠোর নজরদারি দেওয়া উচিত।"
এদিকে, খাবারের অতিরিক্ত দাম রাখার বিষয়ে পায়রা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো অনুতপ্ততা প্রকাশ না করে উল্টো উগ্র ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। রেস্টুরেন্ট প্রতিনিধি দামের বিষয়টি স্বীকার করে এক প্রকার হুমকি ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আমরা দীর্ঘ ছয় বছর ধরে এভাবেই বিল রাখছি। আপনারা পারলে কিছু করেন।" তাদের এমন ‘ঠেড ব্লক’ বা খামখেয়ালিপূর্ণ কথাবার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সাধারণ পর্যটকরা।
কুয়াকাটার পর্যটন শিল্পের ভাবমূর্তি রক্ষায় এবং সাধারণ মানুষকে এমন প্রকাশ্য পকেট কাটা থেকে বাঁচাতে স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিটের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিটের উদ্বোধন

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাক টিকেট উদ্বোধন করেছেন।

আজ রবিবার, সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকেটের উদ্বোধনটি অনুষ্ঠিত হয়। ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেটের সাথে একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান।

৬ জুলাই 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%