ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাস্থ্য ও জনসেবাসহ প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা জরুরি, বিভাগীয় কমিশনার


স্বাস্থ্য ও জনসেবাসহ প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা জরুরি, বিভাগীয় কমিশনার

পণ্যের গুণগত মান ও সঠিক ওজন নিশ্চিত করার পাশাপাশি সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবাসহ প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা জরুরি।

বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিভাগীয় কমিশনার বলেন, কেনাবেচা ও লেনদেনে ওজন ও পরিমাপে কম দেওয়া থেকে বিরত থাকা এবং পরস্পরের অধিকার রক্ষা করা ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। উৎপাদিত খাদ্যের ১৫ থেকে ২০ শতাংশ ইঁদুর ও পোকামাকড়ের কারণে নষ্ট হয়। রান্না ও পরিবেশনের পর্যায়েও প্রায় ১০ শতাংশ খাবার অপচয় হয়। বিশেষ করে বড় অনুষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত খাবার নেওয়ার প্রবণতা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ সেবন থেকে বিরত থাকা এবং নগর এলাকায় পয়োনিষ্কাশন, অগ্নিনিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা

রপ্তানিপণ্যে অসাধু উপায়ে সাময়িক লাভের চেষ্টা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে উল্লেখ করে তিনি বলেন, এতে পুরো ব্যবসায়ী সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে।

বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী। 

আলোচনা সভার আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।#

আরও পড়ুন: সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


যবিপ্রবির কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান খেলাধুলা, চড়ুইভাতি এবং বিদায় সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কুষ্টিয়া জেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কড়ইতলা প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পিলো পাসিং, হাঁড়িভাঙা, বাস্কেটে বল নিক্ষেপ ও গোলপোস্টে বল নিক্ষেপের মতো বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খাদ্য প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলফাজ হোসেন আরবি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাহেদুর রহমান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. শারমিন সুরাইয়া, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ এবং ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক তানভীর আহমেদ মন্তব্য করেন, "একটি সংগঠনের প্রকৃত শক্তি হলো সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন, ভালোবাসা ও ঐক্য।" তিনি সিনিয়রদের প্রতি জুনিয়রদের আন্তরিক হওয়ার এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। সিনিয়র-জুনিয়র সম্পর্ককে পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পারিবারিক বন্ধনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, "পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা বজায় থাকলে কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।"

সহকারী অধ্যাপক ড. শারমিন সুরাইয়া বলেন, "বিশ্ববিদ্যালয়জীবনে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনা ও ভালো ফলাফলের প্রতি গুরুত্ব দিতে হবে।" তিনি প্রত্যেক শিক্ষার্থীকে তাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহীদের আইইএলটিএসসহ প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেন। দেশে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সরকারি চাকরির পরীক্ষার জন্য পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, "কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।" তিনি জুনিয়রদের সংগঠনের প্রতি আন্তরিক থাকার পাশাপাশি সিনিয়রদের কাছ থেকে শেখার গুরুত্ব তুলে ধরেন। পড়াশোনার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে সংগঠনের ঐতিহ্য ও সুনাম ধরে রাখার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টায় অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনালী ব্যাংকের সব লেনদেন দুই দিন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


সোনালী ব্যাংকের সব লেনদেন দুই দিন বন্ধ

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজের জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক আগামী দুই দিন সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা, এটিএম কার্ডসহ, বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির আবেদন ও তথ্যের ভিত্তিতে এই ডাউনটাইমের অনুমতি প্রদান করেছে।

কেন্দ্রীয় ব্যাংক বুধবার (১৪ অক্টোবর) এক সার্কুলারে এ বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী, কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়ন কাজের জন্য সোনালী ব্যাংককে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছে।

এই নির্ধারিত সময়ে ব্যাংকটির অনলাইন কার্যক্রম, এটিএম বুথ সেবা, ডিজিটাল ব্যাংকিং এবং কার্ড সার্ভিসসহ সব ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে আপগ্রেডেশনের কাজের জন্য কোনো ধরনের কারিগরি জটিলতা সৃষ্টি না হলে, শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির স্বাভাবিক শাখা লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে।

এছাড়া, সম্প্রতি জারিকৃত অন্য এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ প্রয়োজনের কারণে আগামী শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশ রয়েছে।

একই কারণে, অর্থাৎ কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমোদন পেয়েছে এক্সিম/স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। ব্যাংকটির আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যাবতীয় লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে জ্বালানি ও বিনিয়োগের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে জ্বালানি ও বিনিয়োগের গুরুত্ব

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। এই সফরের সময় দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করা, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ১৭ থেকে ২২ অক্টোবর ভারত ও উজবেকিস্তান সফর করবেন। খবরটি ব্লুমবার্গ এবং টাইমস অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সফরের অংশ হিসেবে রুবিও ভারতের মুম্বাই ও জামনগর এবং উজবেকিস্তানের সমরকন্দে যাবেন। চলতি বছরে এটি তার দ্বিতীয় আনুষ্ঠানিক ভারত সফর হবে।

ভারত সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং দুই দেশের কৌশলগত অংশীদারি আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া, জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় থাকবে।

এছাড়া, রুবিও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ খুঁজবেন।

ভারত সফরের আগে, তিনি উজবেকিস্তানে সি৫+১ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। এই ফোরামের আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্য এশিয়ার পাঁচটি দেশের—উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সেখানে অংশগ্রহণকারী দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন রুবিও।

উজবেকিস্তান সফরের সময় যুক্তরাষ্ট্রের ২০০ জনের বেশি ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধিদলও উপস্থিত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য।

এদিকে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সোমবার জানিয়েছেন, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সার্জিও গোর প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া এবং রাজস্থানে প্রথমবারের মতো মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধ সরবরাহে ভারতের ভূমিকার বিষয়টি তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। উল্লেখ্য, এর আগে গত ২৩ থেকে ২৬ মে ভারত সফর করেছিলেন মার্কো রুবিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৈঠকে আলোচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন, উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা, গণতান্ত্রিক ধারা জোরদারকরণ এবং সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে ইউএনডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশটির উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি বলেন, ইউএনডিপি তাদের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের মাধ্যমে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

স্পিকার বলেন, বিগত সময়কালের শাসনব্যবস্থা ও বর্তমান গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। তবে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বলেও তিনি জানান।

রোহিঙ্গাদের প্রসঙ্গে স্পিকার বলেন, প্রায় ১৫ লাখ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ চরম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে এদেশে অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউএনডিপির কার্যকর সহায়তা কামনা করেন তিনি।

ইউনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, সময়ের পরিক্রমায় বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির সম্পর্ক আরও সুদৃঢ় ও বিকশিত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপি সমন্বিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমান সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য বিভিন্ন ওরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি সর্বদাই প্রস্তুত। বিশেষ করে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে লিঙ্গ-সমতা নীতি বাস্তবায়ন এবং একটি আধুনিক ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে ইউএনডিপি বিশেষভাবে আগ্রহী।

বৈঠকে প্রতিনিধিদল বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মসূচি এবং জ্বালানি নিরাপত্তা ইস্যু নিয়ে ফলপ্রসূ মত বিনিময় করেন।

স্পিকার জানান, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং প্রতিটি বিলের আলোচনায় তাদের স্বাধীন মতামত প্রকাশ করছে। তিনি নারী সংসদ সদস্যদের প্রশংসা করে বলেন, বর্তমান সংসদের নারী সংসদ সদস্যরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং সংসদীয় কার্যক্রমে তাদের ভূমিকা প্রশংসনীয়।

স্পিকার একটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা উল্লেখ করে জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে আগামী চার বছরের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যপদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সৌজন্য বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%