০৩:০৬ পি.এম
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে জলদস্যু ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। এ অভিযান রাতভর চলে। এই অভিযানে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া, গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোরে সুন্দরবনের মহেশ্বরীপুর সংলগ্ন গভীর বন এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নসংলগ্ন সুন্দরবনের গভীর এলাকা থেকে লাগাতার গুলির শব্দ শোনা যায়। পরে জানতে পারা যায়, জলদস্যু দুলাভাই বাহিনীর অবস্থানের লক্ষ্য করে কোস্ট গার্ড অভিযান চালাচ্ছে। এ অভিযানে রাতভর দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে, গুলিবিদ্ধ অবস্থায় দস্যু বাহিনীর প্রধান রবিউল ইসলামকে আটক করা হয়। শুক্রবার ভোরে তাক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
এদিকে, শুক্রবার সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ আনা হয়েছে। তবে, নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য, নাকি অন্য কোনো জেলে বা বাওয়ালী—তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আমীর হামজা বলেন, ‘বর্তমানে রবিউল নামে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ একজনের মরদেহ রাখা আছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’
অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। কোস্ট গার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, সুন্দরবনে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে এবং শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে সুন্দরবন সংলগ্ন মহেশ্বরীপুর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ৬০ জন স্তন ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা নারীদের নিয়ে মিলনমেলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন