০৭:০২ পি.এম
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা ১২টি অবৈধ স্থাপনা প্রশাসন উচ্ছেদ করেছে। রবিবার (৫ জুলাই) দুপুরে, কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়কৈর বাইপাস এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।
সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সংগঠিত অভিযানে পাকা, আধাপাকা এবং টিনশেড দোকানগুলো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সওজ সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। একাধিকবার মৌখিকভাবে দখলদারদের সতর্ক করার পরও তারা স্থাপনা সরাতে অস্বীকৃতি জানালে উচ্ছেদ অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দেয়।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, ২০১৪ সালে ফ্লাইওভার নির্মাণের উদ্দেশ্যে ওই জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পের কাজ শুরু হয়নি দীর্ঘ দিন যাবৎ। তাই তারা দোকানপাট স্থানান্তর করতে পারেননি। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভেকু দিয়ে দোকানগুলো ভেঙে দেওয়ায় তাদের মতে, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, তারা বহু বছর ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে অভিযান চালিয়ে তাদের চলমান ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই এলাকার আরও অনেক দোকান থাকলেও শুধুমাত্র কিছু দোকান উচ্ছেদ করার বিষয়েও তিনি অভিযোগ করেছেন।
সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী উপবিভাগের প্রকৌশলী আনোয়ার হোসেন খান বলেন, সড়ক প্রশস্তকরণের প্রকল্পের আওতায় সরকারি জমি দীর্ঘদিন দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইনগতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন