০৫:১৮ পি.এম
দেশের রপ্তানিপণ্যের বৈচিত্র্য তুলে ধরার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিসর বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এই এক্সপোর আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনে দেশি-বিদেশি ১৬১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। তাদের পণ্য ও সেবা প্রদর্শনের জন্য ২৪০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর এই এক্সপো অনুষ্ঠিত হবে। তৈরি পোশাক ও বস্ত্র খাতের বাইরে দেশের অন্যান্য রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরা, নতুন ক্রেতা ও বাজার খুঁজে বের করা এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের যোগাযোগ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসান আরিফ।
আরও পড়ুন: চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক মাছের বাণিজ্য শত কোটি টাকা
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের ১২টি রপ্তানি খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবে।
অংশগ্রহণকারী খাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।
বিটুবি বৈঠক ও চার সেমিনার
এই তিন দিনের আয়োজনে ২৪০টি স্টলের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, কারখানা পরিদর্শন, ব্যবসায়িক বৈঠক (বিটুবি), নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হবে। এতে বহুজাতিক কোম্পানি, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরা অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: বাংলাদেশে পাট ও ওষুধ আমদানি বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
এক্সপোর আনুষ্ঠানিক কর্মসূচি অনুযায়ী, সেমিনারগুলোতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) ও সরবরাহব্যবস্থা, টেকসই কাগজ ও প্যাকেজিং, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা এবং আন্তর্জাতিক টেকসই মানদণ্ড ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে আলোচনা করা হবে।
এর আগে ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে আবাসন ও বিমান ভাড়ায় বিশেষ ছাড় এবং অনলাইন বিটুবি ম্যাচমেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে দেশি উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি ক্রেতাদের আগেই যোগাযোগ ও ব্যবসায়িক বৈঠক আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব
ইপিবির ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ বলেন, এ এক্সপোর মাধ্যমে দেশের উৎপাদক ও রপ্তানিকারকেরা নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান পাবেন। একই সঙ্গে বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, দীর্ঘমেয়াদি চুক্তি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ
তিনি আরও বলেন, বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে প্রতিষ্ঠার পথ আরো সুগম হবে।
উল্লেখ্য, গত বছরের প্রথম আয়োজনের তুলনায় এবার রপ্তানি খাতের সংখ্যা আট থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত তৈরি পোশাকনির্ভর রপ্তানির বাইরে চামড়া, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, আসবাব, তথ্যপ্রযুক্তি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো সম্ভাবনাময় খাতকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, গ্লোবাল সোর্সিং এক্সপোর পরপরই ১৮ ও ১৯ নভেম্বর ঢাকায় বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপো (বিএটিএক্সপো) আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সফরে বিদেশি ক্রেতারা একাধিক খাতের প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পাবেন। এতে বিদেশি ক্রেতাদের বাংলাদেশ সফরে আগ্রহ বাড়বে এবং বিভিন্ন খাতের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।
আরও পড়ুন: সোনার দাম তিন দফা কমে ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন