০৫:২৬ পি.এম
রংপুরের পীরগঞ্জে বর্তমানে হিমাগারে আলুর ক্রেতা নেই। তবে খুচরা বাজারে সাধারণ ভোক্তাদের জন্য আলু কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। যদিও হিমাগারে কম দামে আলু বিক্রি হচ্ছে, খুচরা বাজারে এর দাম কমার কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে সাধারণ ক্রেতারা বাড়তি দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এই অবস্থায় লাভবান হচ্ছেন।
পীরগঞ্জ উপজেলার ৪ টি হিমাগার পরিদর্শন করে জানা গেছে, বর্তমানে স্টিক আলু প্রতি কেজি ৯ টাকা, ডায়মন্ড ১০ টাকা, বার্মা ১২ টাকা, পাকরি ২০ টাকা এবং জাম আলু ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। হিমাগারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও ক্রেতার অভাবে বেচাকেনা স্থবির হয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) হিমাগারে গিয়ে আলুচাষি আমজাদ, রবিউল ইসলাম ও হারুন অর রশিদের সাথে কথা হয়। তাঁরা জানান, বীজ, সার ও কীটনাশক কিনে আলু চাষ করতে হয় বাড়তি দামে। উৎপাদন মৌসুমে কিছু আলু জমি থেকে বিক্রি করে বাকি অংশ লাভের আশায় স্থানীয় হিমাগারে সংরক্ষণ করেন। কিন্তু বাজারে চাহিদা না থাকায় সংরক্ষিত আলু কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না।
আরও পড়ুন: দিনাজপুরে আনারকলি ফল চাষে সফল যুবক রায়হান আহমেদ রিপন
চাষিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হিমাগারে তাঁদের আলু ও বস্তা পড়ে রয়েছে। ব্যবসায়ীরা কম দামে আলু কিনে বাজারে নিয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন। ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। আলু উৎপাদন ও সংরক্ষণের ঝুঁকি কৃষকের, অথচ লাভের বড় অংশ চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। কৃষকের এই দুরবস্থা দেখার যেন কেউ নেই।
অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, তাঁরা বড় পাইকারদের কাছ থেকে আলু কিনে থাকেন। এরপর পরিবহন, বাজারের খাজনা ও শ্রমিকের খরচ বহন করতে হয়। অনেক সময় বস্তার মধ্যে পচা ও নষ্ট আলু পাওয়া যায়। এসব খরচ ও লোকসান বিবেচনায় নিয়ে কিছুটা বেশি দামে আলু বিক্রি করতে হয় বলে তাঁদের দাবি।
উপজেলার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, হিমাগারে প্রতি কেজি ৯ টাকা দরের স্টিক আলু খুচরা বাজারে প্রায় ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ হিমাগারের দামের তুলনায় খুচরা বাজারে আলুর দাম দ্বিগুণেরও বেশি। অন্যান্য জাতের আলুও তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতারা বলেন, হিমাগারে আলুর দাম কম হলেও খুচরা বাজারে তার কোনো প্রতিফলন নেই। কৃষক কম দামে আলু বিক্রি করছেন, আবার ভোক্তাদের বেশি দামে কিনতে হচ্ছে। এতে কৃষক ও ক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের সংসার খরচে বাড়তি চাপ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
ক্রেতাদের অভিযোগ, বাজারে আলুর সরবরাহ ও দামের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। হিমাগার থেকে কম দামে আলু বের হলেও খুচরা বাজারে এসে দাম বেড়ে যাচ্ছে। মাঝখানে একাধিক হাত বদলের কারণে সাধারণ মানুষের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, হিমাগার থেকে খুচরা বাজার পর্যন্ত আলুর সরবরাহ ও মূল্য নির্ধারণ ব্যবস্থায় সমন্বয়ের অভাব রয়েছে। এ সুযোগে মধ্যস্বত্বভোগীদের লাভের পরিমাণ বাড়ছে। কৃষক যাতে উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পান এবং ভোক্তারা যাতে যৌক্তিক দামে আলু কিনতে পারেন, সে জন্য বাজার তদারকি ও নজরদারি জোরদার করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন