শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৮ এম
গোলাপ ফুলের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও অনেকেই গোলাপ গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে অবগত নন। অনেক সময় দেখা যায়, গোলাপ গাছ মাসের পর মাস ধরে লম্বা হয়ে বেড়ে উঠলেও তাতে ফুলের কুঁড়ি আসছে না। ফলে, শেষ পর্যন্ত ফুল না পেয়ে অনেকেই হাল ছেড়ে দেন। এই পরিস্থিতিতে, যদি কিছু বিশেষ পদ্ধতিতে গোলাপ গাছের যত্ন নেওয়া হয়, তাহলে যে কোনো গোলাপ গাছ ফুলের কুঁড়িতে ভরে উঠবে।
নিয়মিত ডালপালা ছাঁটাই
গোলাপ গাছে ভালো ফুল পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটি নিয়ম হলো ছাঁটাই। নির্দিষ্ট সময় অন্তর গোলাপ গাছের ডালপালা যত বেশি ছাঁটাই করা হবে, তত বেশি ফুল ফুটবে। তবে যদি দেখা যায়, গাছের ডাল অতিরিক্ত লম্বা হয়ে গেছে অথচ গাছে কুঁড়ি আসছে না, তাহলে এর অর্থ হলো গাছটি তার সব শক্তি ডালপালা লম্বা করার জন্যই ব্যয় করছে। তাই গোলাপ গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রথমেই গাছের ছাঁটাই করা প্রয়োজন। এজন্য একটি পরিষ্কার, ধারালো কাঁচি নিয়ে গাছের সমস্ত শুকনো কিংবা দুর্বল, অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে দিন। এই পদ্ধতিতে গাছে নতুন ডালপালা গজানোর পাশাপাশি প্রচুর কুঁড়িও আসবে। তবে ছাঁটাই করার সময় একসঙ্গে খুব বেশি ডাল কেটে ফেলবেন না।
পেঁয়াজের খোসা দিয়ে জৈব সার
পেঁয়াজের খোসা গোলাপ গাছের জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করে। তাই রান্নাঘরের ব্যবহৃত পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে, এবার থেকে গাছের জন্য সার তৈরির কাজে লাগান। এই সার তৈরি করতে ১ লিটার পানির মধ্যে দুই মুঠো পেঁয়াজের খোসা সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন ওই পানি ছেঁকে নিয়ে গোলাপ গাছের গোড়ায় দিন। এই মিশ্রণটি সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই গোলাপ গাছে খুব দ্রুত ফুল আসতে শুরু করবে।
সর্ষের খোল ভেজানো পানি
লম্বা হওয়ার পাশাপাশি, ফুল ফোটার জন্য গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই মাসে একবার গোলাপ গাছের মাটির হালকা পরিচর্যা করা প্রয়োজন। প্রতি মাসে অন্তত একবার গোলাপ গাছের গোড়ার মাটি কিছুটা সরিয়ে সেখানে পুরনো গোবর সার অথবা সর্ষের খোলের তরল সার দিতে হবে। এই জৈব সার গাছের শিকড়কে সরাসরি পুষ্টি জোগায়।
সূর্যের আলো
গাছের বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রয়োজনীয় সার ব্যবহার করার পাশাপাশি গোলাপ গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য সূর্যের আলোও অত্যন্ত জরুরি। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পেলে গোলাপ গাছে ফুল আসবে না। তাই নিয়মিত গোলাপ গাছের ডালপালা ছাঁটাই করা কিংবা পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করার পাশাপাশি গাছটিকে সূর্যের আলোয় রাখার ব্যবস্থা করতে হবে। গাছটি যেন সারাদিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টার জন্য সরাসরি সূর্যের আলো পায়, সেদিকে নজর দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একই খাবার বারবার ফ্রিজ থেকে বের করে গরম করা এবং পুনরায় ঠান্ডা করে রাখার অভ্যাস শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে কিছু খাবারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, সঠিকভাবে সংরক্ষণ না করলে খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা ফুড পয়জনিংয়ের ঝুঁকি সৃষ্টি করে।
১. ভাত
অনেক পরিবারে আগের দিনের ভাত ফ্রিজে রেখে পরের দিন গরম করে খাওয়ার অভ্যাস বিদ্যমান। তবে রান্না করা ভাত সঠিকভাবে সংরক্ষণ না করলে এতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়া ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। বিশেষ করে রান্নার পর দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ভাত রেখে দিলে ঝুঁকি বৃদ্ধি পায়। তাই ভাত রান্নার পর দ্রুত ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করা উচিত। খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে গরম করুন।
২. চিকেন কারি
চিকেনের তরকারি বা মাংসের ঝোল একাধিকবার গরম করা উচিত নয়। বারবার গরম ও ঠান্ডা করার ফলে খাবারের তাপমাত্রায় পরিবর্তন ঘটে। সঠিকভাবে সংরক্ষণ না হলে এই অবস্থায় ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই পুরো পাত্র বারবার গরম না করে ছোট ছোট পাত্রে খাবার ভাগ করে রাখুন। খাওয়ার আগে প্রয়োজন অনুযায়ী শুধু সেই অংশটুকুই গরম করুন।
৩. মাছ ও সামুদ্রিক খাবার
মাছ এবং সামুদ্রিক খাবার তুলনামূলকভাবে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই রান্না করা মাছ দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রাখা উচিত নয়। বারবার গরম ও ঠান্ডা করার ফলে খাবারের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যসুরক্ষার ঝুঁকি বৃদ্ধি পায়। রান্নার পর অবশিষ্ট মাছ দ্রুত ফ্রিজে সংরক্ষণ করুন। খাওয়ার আগে প্রয়োজন অনুযায়ী গরম করুন।
৪. ডিম
ডিমের অমলেট, স্ক্র্যাম্বলড এগ অথবা ডিমের কারি—যে কোনো পদ রান্নার পর দীর্ঘ সময় বাইরে ফেলে রাখা উচিত নয়। ডিমের তৈরি খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। তাই রান্নার পর দ্রুত ফ্রিজে রাখুন। খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে গরম করুন।
৫. ক্রিম বা দুধ দিয়ে তৈরি গ্রেভি
পনির বাটার মশলা, ক্রিমি পাস্তা অথবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন সস বারবার গরম করা উচিত নয়। দুগ্ধজাত উপাদান দিয়ে তৈরি খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় পড়ে থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এই ধরনের খাবার ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করুন। খাওয়ার আগে প্রয়োজনীয় অংশটুকু গরম করে নিন।
শুধু খাবার গরম করলেই তা নিরাপদ হয়ে যায় না। রান্নার পর খাবার দ্রুত ফ্রিজে রাখা, দীর্ঘ সময় বাইরে ফেলে না রাখা এবং বারবার পুরো পাত্র গরম না করাই উত্তম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাড়ির অন্দরমহলে শেষ কথা গৌরী খানেরই চলে। অন্তত শাহরুখ খান নিজে এভাবেই মন্তব্য করেছেন। স্ত্রী এবং সন্তানদের নিয়ে মজার অভিজ্ঞতার কথা তুলে ধরে ফের হাসির রোল তুলেছেন বলিউডের বাদশা।
১১ নভেম্বর দুবাইয়ে নিজের আবাসন প্রকল্প ‘শাহরুখজ বাই ডানিউব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এমন নানা কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। এই আবাসন প্রকল্পের অন্যতম আকর্ষণ গৌরীর নকশা করা বিলাসবহুল পেন্টহাউজ।
অনুষ্ঠানের মঞ্চে কর্ণ জানতে চান, নিজের বাড়িতে এমন কোনও কাজ আছে, যা করার অনুমতি শাহরুখ পান না? উত্তরে অভিনেতার অকপট স্বীকারোক্তি ছিল, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’ স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন দর্শক।
কথার সূত্র ধরেই গৌরীকে নিয়ে শাহরুখ বলেন, ‘বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনও কথা বলা চলে না। ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়ার অনুমতি নেই। বাড়ির রং, দেওয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফ্ট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা, কোনও কিছু নিয়েই মন্তব্য করা যায় না। আমাদের শুধু চুপচাপ বসে থাকতে হয়। আর বলতে হয়, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’
এখানেই থামেননি অভিনেতা। দুবাইয়ের নতুন প্রকল্পের পেন্টহাউজ নিয়েও মজার মন্তব্য করেন তিনি। বলেন, ‘এখানে পেন্টহাউজে এলেও আমাকে একই কথা বলতে হবে। বলতে হবে, ‘গৌরী, কী সুন্দর পেন্টহাউজ বানিয়েছ!’ বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনও স্বাধীনতা থাকে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ