ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাথমিকের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন, সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে অগ্রগতি নেই


প্রাথমিকের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন, সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে অগ্রগতি নেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অবশেষে দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন। প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করার জন্য প্রায় ১০ মাস পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত বেতন নির্ধারণ পদ্ধতি কার্যকর করার নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ আদেশটি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা এ আদেশে স্বাক্ষর করেছেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: ‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর মৃত্যু

বকেয়া বেতন নিয়ে যা বলা হয়েছে

প্রধান শিক্ষকরা গত বছরের ডিসেম্বর মাস থেকে দশম গ্রেড অনুযায়ী বর্ধিত বেতন পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তবে নতুন আদেশে বকেয়া বেতন সম্পর্কিত স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।

আদেশ অনুযায়ী, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির তারিখের আগে কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা পাবেন না। অর্থাৎ জিও জারির পূর্ব থেকে দশম গ্রেড কার্যকর ধরে যে বেতন-ভাতা বকেয়া রয়েছে, তা পাওয়ার সুযোগ থাকছে না।

২০২৫ সালের ১৫ ডিসেম্বর আদালতের রায়ের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম করার প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এতদিন নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে আগামীকাল

নতুন বেতন স্কেল অনুযায়ী দশম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন ৩২ হাজার টাকা থেকে শুরু হবে। এ গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে দশম গ্রেডে মূল বেতন শুরু হতো ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপ ছিল ৩৮ হাজার ৬৪০ টাকা।

দশম গ্রেডে উন্নীত হওয়ার পূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ ছিল ১১তম ও ১২তম গ্রেডের মধ্যে। পুরোনো বেতন কাঠামো অনুযায়ী ১১তম গ্রেডে মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে।

নতুন বেতন স্কেলে ১১তম গ্রেডের মূল বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫৮ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক পেলেন দেশসেরা শিক্ষিকা ডলি রানী দেব

সহকারী শিক্ষকদের গ্রেড বাড়ানোর প্রস্তাবের বিষয়ে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। বর্তমানে তারা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে অবস্থান করছেন। নতুন বেতন স্কেলে এ গ্রেডে মূল বেতন ২৪ হাজার টাকা থেকে শুরু হয়।

অন্তর্বর্তী সরকারের সময় সহকারী শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতন গ্রেড ১৩তম থেকে ১১তম করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এ বিষয়ে বেতন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সংশ্লিষ্টদের মতে, এমন সিদ্ধান্ত নেওয়া কমিশনের কার্যপরিধির মধ্যে পড়ে না।

এছাড়া, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে ১১তম করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগেও পাঠানো হয়েছিল। প্রস্তাবটি বাস্তবায়িত হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে।

তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের ৩ দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক কর্মরত রয়েছেন। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৩ লাখ ৬৯ হাজারের কিছু বেশি। বর্তমানে কর্মরত আছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষক। এর বাইরে সম্প্রতি প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাদেরও আগামী ১১ অক্টোবর পদায়ন করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালের কারাদণ্ড

ঢাকার মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে তিনজন দালালকে আটক করা হয়েছে।

এই তিনজনের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযান চলাকালে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের ক্যাম্পাস থেকে তিনজন দালালকে আটক করা হয়। পরে তাদের মধ্যে মো. মিলনকে এক মাসের কারাদণ্ড এবং মো. রাজীবকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করা এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘এই প্রতারক চক্রটি বিআরটিএতে আগত সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত বলে আমাদের কাছে অসংখ্য অভিযোগ ছিল।’

তিনি আরও বলেন, ‘সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন ট্রাম্পের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো মার্কিন সেনাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন পেন্টাগন প্রদান করেছে। সাবেক মার্কিন মেজর ও চিকিৎসক নিডাল মালিক হাসানকে ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র মার্কিন সৈন্যকে হত্যা এবং ৩২ জনকে আহত করার অভিযোগে দণ্ডিত করা হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

দ্য প্রিন্টের প্রতিবেদনের ভিত্তিতে, গত সোমবার পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিডাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করার সুপারিশ করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সুপারিশে সম্মতি প্রদান করেছেন।

তবে, মৃত্যুদণ্ডের নির্দিষ্ট সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি। ৫৬ বছর বয়সী নিডাল হাসান ১৯৪৫ সালের পর যুক্তরাষ্ট্রে সামরিক ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হওয়া প্রথম ব্যক্তি হবেন। এটি ১৯৬১ সালের পর যেকোনো পদ্ধতিতে কার্যকর হওয়া প্রথম সামরিক মৃত্যুদণ্ডও হবে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন, সেনাবাহিনীর সচিব এই মৃত্যুদণ্ড কার্যকরের সময় ও স্থান নির্ধারণ করবেন। অবশেষে হাসানের বিচারের চূড়ান্ত দিন এসে গেছে।

মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত হাসান ২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড ঘাঁটির একটি চিকিৎসা কেন্দ্রে হামলা চালান। হামলার ফলে ১২ জন কর্মরত নিরস্ত্র সৈন্য এবং একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হন, এবং ৩২ জন আহত হন। টেক্সাসের ওই সামরিক ঘাঁটিতে লেজার-সাইটযুক্ত হ্যান্ডগান দিয়ে হামলার দায়ে ৪৫টি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য ২০১৩ সালে তিনি দোষী সাব্যস্ত হন।

এটি ছিল কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধছাড়া প্রাণঘাতী হামলা। সামরিক আইন অনুযায়ী, কোনো সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকরে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন। নিডাল হাসান মার্কিন সামরিক বাহিনীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন বন্দীর মধ্যে একজন।

যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মৃত্যুদণ্ড রাজ্য পর্যায়ে কার্যকর হলেও বর্তমানে ২৭টি রাজ্য, সামরিক বাহিনী এবং ফেডারেল সরকারের অধীনে মৃত্যুদণ্ডের বিধান বহাল রয়েছে। তবে, ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এক নির্বাহী আদেশের মাধ্যমে ফেডারেল মৃত্যুদণ্ডের বিধান পুনরুজ্জীবিত করেন, যা জো বাইডেন প্রশাসনের সময়ে স্থগিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনা জুটি সিনেমা ‘কিং’-এ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


১৫ বছর পর শাহরুখ-কারিনা জুটি সিনেমা ‘কিং’-এ

দীর্ঘ ১৫ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হবেন তারা। ২০১১ সালের ‘রা. ওয়ান’-এর পর ফের এই জুটিকে একসঙ্গে দেখার সুযোগ তৈরি হওয়ায় ভক্তদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, ‘কিং’-এ ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন শাহরুখ ও কারিনা। বড় আয়োজনের এই গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, চলতি অক্টোবরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিংয়ে অংশ নেবেন কারিনা। এ জন্য প্রায় পাঁচ দিনের সময় দিয়েছেন অভিনেত্রী। গানটির শুটিংও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এদিকে গানটি কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর কণ্ঠে শোনা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। এমনকি এড শিরানের নামও আলোচনায় এসেছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শাহরুখ ও কারিনা এর আগে ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এবার ‘কিং’-এর বিশেষ গানে তাদের নতুন রূপে দেখার সুযোগ ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বরকে ঘিরে ‘কিং’ সিনেমার প্রচারণা শুরুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওই সময় সিনেমাটির নতুন কোনো ঝলক প্রকাশ পেতে পারে। শাহরুখের পাশাপাশি সিনেমাটিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ আরও অনেকে অভিনয় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর মর্মান্তিকভাবে হত্যার অভিযোগে আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


বিয়ের প্রলোভনে ধর্ষণের পর মর্মান্তিকভাবে হত্যার অভিযোগে আসামির মৃত্যুদণ্ড

রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকা হাছিনা বেগম সুমীকে (২৮) ধর্ষণ ও পরে হত্যার ঘটনায় মো. মাহিবুর কামাল (২৩) ওরফে মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। এ ছাড়া, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক। এই হত্যাকাণ্ডটি ঘটেছিল ২০২২ সালের ১১ মার্চ, রাঙামাটির কাপ্তাইয়ের নতুনবাজার এলাকায়।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) প্রতীম রায় এবং আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম পনির, মোখতার আহম্মদ, শফিউল আলম মিয়া ও মো. মাসুম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মদন থানার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে মহিবুল্লাহ কাপ্তাই নতুনবাজারের একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। এ সূত্রে তার পরিচয় হয় হাছিনা বেগম সুমীর সঙ্গে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

হাছিনা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালীবাজার ফেরিঘাট কাজীপাড়ার মৃত আব্দুর রশিদ ও আমেনা বেগমের মেয়ে। তিনি পাশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দোভাষীবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার দিন হাছিনা কাপ্তাইয়ের নতুনবাজারে গেলে আর বাসায় ফেরেননি। পরে তার স্বজনরা তাকে খুঁজতে থাকেন। পরদিন ১২ মার্চ কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেট থেকে আগুনে পোড়া ও বিকৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার মা আমেনা বেগম লাশটি শনাক্ত করেন। পরে নেত্রকোনা থেকে মহিবুল্লাহকে গ্রেফতার করা হয়।

পুলিশের তদন্ত ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসে। তদন্তে জানা যায়, মহিবুল্লাহ বিয়ের প্রলোভন দেখিয়ে হাছিনার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করতেন। একপর্যায়ে হাছিনা তাকে বিয়ের জন্য চাপ দিলে মহিবুল্লাহ তা প্রত্যাখ্যান করেন। অন্য এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে বলেও হাছিনাকে জানান তিনি।

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে হাছিনাকে নিয়ে যান মহিবুল্লাহ। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মহিবুল্লাহ ইট দিয়ে হাছিনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হাছিনার মৃত্যু হয়। পরে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ গুমের উদ্দেশ্যে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

এ ঘটনায় নিহত হাছিনা বেগম সুমীর মা আমেনা বেগম বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতীম রায়। অন্যদিকে, আসামিকে নির্দোষ দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%