বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৮ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তাস খেলার আয়োজন করেছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার ও তার অনুসারীরা, এমন অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সামনে গোল হয়ে তাস খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
সালাহউদ্দিন আম্মারের তাস খেলার ছবি পোস্ট করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস মন্তব্য করেন, "যেই প্রতিষ্ঠানে পড়ে ডিগ্রি নিয়ে পরিচয় দিতে হবে, সেই প্রতিষ্ঠানের প্রশাসন ভবনে তাস / উনো খেলা কিংবা আড্ডাখানা বানালে - দাবি আদায় তো দূরের কথা, নিজেদেরকেই ছোট করা হয়।"
অন্যদিকে, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাইম তুহিনা লেখেন, "সাধারণ শিক্ষার্থীরা দলে দলে প্রশাসন ভবনের সামনে তাস খেলায় যোগ দিন। রাকসুর প্রায় দেড় কোটি টাকার হিসাব চেয়েছে প্রশাসন, কিন্তু হিসাব নেই। তাই আসুন, বোরিং সময়ে তাস খেলি।"
সামাজিক যোগাযোগমাধ্যমে তাস খেলার ছবি ছড়িয়ে পড়ার পর সালাহউদ্দিন আম্মার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে লেখেন, "উনো দিয়ে তাস খেলছে রাবি সংস্কার আন্দোলন, জুয়া খেলতেছিলো, অথেনটিক নিউজ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ১৯ নভেম্বর, ২০২৬ : আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়ায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে।
এছাড়াও, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভাঙনকবলিত এলাকা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের মধ্যে ওই এলাকার অন্তত ৩০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে মাটি নদীগর্ভে বিলীন হয়ে বেড়িবাঁধটি সরু ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা শাহজালাল জানিয়েছেন, কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘর-বাড়ি, ফসল ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বাসসকে জানিয়েছেন, কুড়িকাহুনিয়ায় দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু না হলে বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বাসসকে জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুততম সময়ে বেড়িবাঁধ সংস্কার শুরুর প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে সেখানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে বেড়িবাঁধ ভাঙন রোধের চেষ্টা করেছিলেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তর ইসরায়েলের দাহি গ্রামে গভীর রাতে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পাশাপাশি ভবনের গায়ে অবৈধ বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে উসকানিমূলক গ্রাফিতি লেখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুসল্লিরা ফজরের নামাজের জন্য মসজিদে এসে আগুন ও গ্রাফিতি দেখতে পান। ইসরায়েলি পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে এবং অভিযুক্তদের ধরার জন্য অভিযান শুরু করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দাহি গ্রামের ওই মসজিদের নিচতলার একটি জানালা ভেঙে ভিতরে আগুন লাগানো হয়। তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই মুসল্লি ও জরুরি সেবা কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং মসজিদটিতে সামান্য ক্ষতি হয়েছে।
পুলিশের মতে, মসজিদের আশপাশে লেখা গ্রাফিতিতে গত মার্চে পশ্চিম তীরে নিহত এক ইহুদি বসতি স্থাপনকারীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত রয়েছে। এছাড়া, পশ্চিম তীরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা চরমপন্থী বসতি স্থাপনকারীদের প্রসঙ্গ এবং পুরো ভূখণ্ডকে একটি 'ফ্রন্ট' বা রণাঙ্গন হিসেবে উল্লেখ করে স্লোগান লেখা হয়েছে।
মসজিদের ইমাম খালেদ জাবি জানান, তাঁদের গ্রামটি ছোট এবং সেখানে সবার মধ্যে সুসম্পর্ক বিদ্যমান; স্থানীয় বাসিন্দারা কোনো সংঘাত বা উসকানিতে জড়াতে চান না। উল্লেখ্য, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় মধ্য ইসরায়েলের আরব অধ্যুষিত শহর কাফর কাসেমে এক ইহুদি চালকের গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন বাসিন্দা আহত হন।
ঘটনার পর, আরব আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব সমাজের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন এবং সহিংসতায় মদদ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দল 'বি'য়াচাদ'-এর নেতা ইয়াইর ল্যাপিড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মসজিদে আগুন দেওয়ার ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এটি ইহুদি বা ইসরায়েলি আচরণ নয় এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ফরেনসিক ও জেলা গোয়েন্দা ইউনিটের মাধ্যমে তদন্ত চালাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই তদন্তে দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেটও যুক্ত রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর মুক্তর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের নবীনবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পরিবারের সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে। এরপর তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে সাংবাদিকের বৃদ্ধ মায়ের ভবনের গ্লাসও ভাঙচুর করা হয়। এ সময় তার মা ঘরের ভেতরে একা ছিলেন। পরে স্থানীয় লোকজন এসে দুর্বৃত্তদের ফিরিয়ে দেয়।
সাংবাদিকের মা হুরিয়া খানম জানান, বেশ কয়েকজন ব্যক্তি তার ও তার ছেলের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা এবং ভবনের গ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় তারা তার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার হুমকি দেয়।
সাংবাদিক একরামুল কবীর মুক্ত বলেন, দুর্বৃত্তরা ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ