প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ১৯ নভেম্বর, ২০২৬ : আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়ায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে।
এছাড়াও, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভাঙনকবলিত এলাকা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের মধ্যে ওই এলাকার অন্তত ৩০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে মাটি নদীগর্ভে বিলীন হয়ে বেড়িবাঁধটি সরু ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা শাহজালাল জানিয়েছেন, কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘর-বাড়ি, ফসল ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বাসসকে জানিয়েছেন, কুড়িকাহুনিয়ায় দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু না হলে বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বাসসকে জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুততম সময়ে বেড়িবাঁধ সংস্কার শুরুর প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে সেখানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে বেড়িবাঁধ ভাঙন রোধের চেষ্টা করেছিলেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন