ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফর করবেন। এ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ উৎপাদন হয় বৃহত্তর ময়মনসিংহে। এই অঞ্চলের মৎস্য উৎপাদন, উদ্যোক্তা ও খামারিদের সম্ভাবনা তুলে ধরতেই কটিয়াদীকে জাতীয় আয়োজনের জন্য বেছে নেয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন টুকু আরো বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রতিবছর দেশের সেরা মৎস্য উদ্যোক্তা ও খামারিদের স্বর্ণপদক দেয়া হয়। এতদিন এই আয়োজন ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবার প্রধানমন্ত্রী একটি এমন এলাকায় অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন, যেখানে মৎস্য উৎপাদন ও মৎস্য উদ্যোক্তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। দেশের বিভিন্ন জেলা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে কিশোরগঞ্জের কটিয়াদীকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। একই সঙ্গে ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের মতো একটি জাতীয় আয়োজনও প্রথম। তিনি বলেন, 'বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়। তাই জাতীয় পর্যায়ে নির্বাচিত মৎস্য উদ্যোক্তা ও খামারিদের এ অঞ্চলের সম্ভাবনা ও সফলতা তুলে ধরতেই কিশোরগঞ্জকে এ আয়োজনের জন্য বেছে নেয়া হয়েছে।' প্রতিমন্ত্রী বলেন, 'এটি শুধু একটি অনুষ্ঠান নয়, কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ আয়োজন। জাতীয় পর্যায়ের এই কর্মসূচি কিশোরগঞ্জে অনুষ্ঠিত হওয়ায় জেলার ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে।' অনুষ্ঠানস্থল নির্ধারণের জন্য একাধিক স্থান পরিদর্শন করা হয়েছে জানিয়ে টুকু বলেন, সেখান থেকে একটি ভেন্যু প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় স্থানটি নির্বাচন করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নয়। জাতীয় মৎস্য পক্ষের মূল লক্ষ্য হল মৎস্য শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করা। তিনি বলেন, এ আয়োজন সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলার সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি কিশোরগঞ্জ সদরেও পৃথক কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ দিনের মধ্যে ১৭ দিনই বন্ধ ছিল নৌযান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


২৭ দিনের মধ্যে ১৭ দিনই বন্ধ ছিল নৌযান চলাচল

 

চট্টগ্রাম–সন্দ্বীপ নৌরুটের কুমিরা প্রান্ত। সম্প্রতি তোলা। ন্দ্বীপ চ্যানেলে টানা তিন দিনের জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফলস্বরূপ, চট্টগ্রাম–সন্দ্বীপ রুটে বিআইডাব্লিউটিসি পরিচালিত কোনো যাত্রীবাহী নৌযান চলছে না।

এদিকে, ফেরি, জাহাজ, স্পিডবোটসহ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকার কারণে জরুরি রোগী এবং পর্যটকসহ অনেক যাত্রী সন্দ্বীপ ও চট্টগ্রামে আটকা পড়েছে। এ ছাড়া, পণ্য পরিবহনে নিয়োজিত শতাধিক যানবাহনও আটকা পড়েছে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর গত শনিবার (২৫ জুলাই) থেকে এ অচলাবস্থা চলমান রয়েছে।

দ্বীপের বাসিন্দারা জানাচ্ছেন, চলতি জুলাই মাসজুড়ে তারা দুর্ভোগে রয়েছে। এর আগে গত ১৫ থেকে ১৯ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন এবং তারও আগে ২ থেকে ১০ জুলাই পর্যন্ত টানা ৯ দিন নৌচলাচল বন্ধ ছিল। অর্থাৎ, আজ ২৭ জুলাই পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে নৌযান চলাচল বন্ধ থাকার সংখ্যা ১৭ দিন।

প্রায় চার লাখ মানুষের বসবাসকারী দ্বীপ সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম হল নৌপথ।

সুতরাং, নৌচলাচল বন্ধ হয়ে গেলে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে রোগীদের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে অবৈধ বা অননুমোদিত কাঠের ট্রলারে চ্যানেল পার হতে বাধ্য হন যাত্রীরা।

গত ১৯ জুলাই উত্তাল ঢেউয়ের মাঝে চলমান কাঠের ট্রলার থেকে চ্যানেলে পড়ে যান দুই জন যাত্রী। ভাগ্যক্রমে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অতীতে পারাপারের সংকটে প্রসবজনিত কারণসহ বিভিন্ন রোগে চিকিৎসার অভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্র জানান, ২০০৮ সালে সন্দ্বীপবাসীর আন্দোলনের ফলে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় ৩ নম্বর সতর্ক সংকেতের সময় সদরঘাট–সন্দ্বীপ ও কুমিরা–গুপ্তছড়া রুটে জাহাজ চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল।

নিরাপদ যাত্রী আন্দোলনের সংগঠক খাদেমুল ইসলাম বলেছেন, ‘৩ নম্বর সতর্ক সংকেত জারি হলেই বিআইডাব্লিউটিসি নৌযান চলাচল বন্ধ করে দেয়। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে মানুষ তখন ঝুঁকি নিয়ে কাঠের ট্রলারে চ্যানেল পার হতে বাধ্য হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) সূত্রের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে সাগর সাধারণত উত্তাল থাকে। তার ওপর, লঘুচাপ বা নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হলে পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

বিআইডাব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন, ‘৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের সময় ফেরি বা জাহাজ চলাচলের অনুমোদন নেই। যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।’

এদিকে, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চের দিকে তরুণ প্রকৌশলীর জয়যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চের দিকে তরুণ প্রকৌশলীর জয়যাত্রা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় একের পর এক সাফল্য অর্জনের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার প্রস্তুতি নিচ্ছেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের (KYAU) শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'ন্যাশনাল সায়েন্স ফিকশন ফেয়ার'-এ চ্যাম্পিয়ন (NSFC) হওয়ার পর, সম্প্রতি তিনি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)-এ আয়োজিত জাতীয় ইভেন্টে সফলভাবে অংশ গ্রহণ করেন।

শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক মো. হাসিব খান সিরাজগঞ্জ পৌরসভার শাহেদ নগর মহল্লার মো. ওয়াহাব খানের ছেলে।

নিজের এই ধারাবাহিক সাফল্য নিয়ে তিনি বলেন:
"আলহামদুলিল্লাহ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নতুন পদক্ষেপ—পুরো যাত্রাটাই ছিল দারুণ এক অনুভূতি। মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি।"
তিনি আরও বলেন, "বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই 'রোবো টেক ভ্যালি' (Robo Tech Valley)-কে, যারা এই ইভেন্টটি স্পন্সর করে আমাদের সায়েন্স ফিকশন সেগমেন্টকে পুরো সমর্থন দিয়েছে।"
জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতা প্রমাণের পর এবার এই তরুণ প্রতিভার পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন। আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

এই রোবট কৃষিকাজে ক্ষেতে কীটনাশক প্রদান ও সার প্রদান করতে পারে যা মোবাইল ফোন থেকে যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং এটা নিজে থেকেই চলতে পারে। সৌরবিদ্যুত থেকে শক্তি সংগ্রহ করে চলতে পারে এটি। ক্যামেরা,বিভিন্ন সেন্সর, মাইক্রোচিপ ও আরো বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বানানো হয়েছে এই ভিশন বেইজড স্মার্ট অ্যার্গো রোবট।

ভবিষ্যতে দেশ ও প্রযুক্তির কল্যাণে আরও বড় কিছু করার প্রত্যয় নিয়ে তিনি আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তাই একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সবার কাছে সার্বিক সহযোগীতা ও দোয়া চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইস-রায়েলের অবস্থানের নিন্দা আইসিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইস-রায়েলের অবস্থানের নিন্দা আইসিসির

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্য এবং আদালতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মার্কিন প্রতিশ্রুতির তীব্র নিন্দা জানিয়েছেন।

গরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও নেতানিয়াহু ‘নির্লজ্জভাবে’ দাবি করেছেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বিরুদ্ধে আইসিসির নেয়া পদক্ষেপের বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহুর সমালোচনা করে গরিবাবাদি আরও বলেন, আইসিসি যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস দেখিয়েছে বলেই আদালটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলা হচ্ছে।

এর আগে নেতানিয়াহু এক্সে জানিয়েছিলেন, তিনি মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নেতানিয়াহু আইসিসিকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন, যা তার ভাষায়, ন্যায়বিচারকে ক্ষুণ্ন করে এবং গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ চালায়। তিনি দাবি করেন, হেগভিত্তিক আদালতের ‘জবাবদিহিহীন ও দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তাদের সিদ্ধান্তের কাছে এসব রাষ্ট্রের নিরাপত্তাকে অধীনস্থ করার চেষ্টা করা হচ্ছে। তথ্যসূত্র: তাসনিমনিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা ২৩ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা ২৩ সেপ্টেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবিরের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এদিন প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে বিচারক পরবর্তী ধাপে প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ১৮ জুলাই নাজমুল আহসান কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।

মামলার অভিযোগে দেখা যায়, আসামিরা যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন। তারা ৩০ কোটি টাকার বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়াই সম্পন্ন করেন।

ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জামানতের অর্থ এফডিআর হিসেবে ব্যাংকে রাখার পর সেই টাকা ঠিকাদারকে ঋণ হিসেবে প্রদানের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় সরকারের চার কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া, ঠিকাদারের সঙ্গে চুক্তিতে অগ্রিম অর্থ দেওয়ার কোনো আইন না থাকা সত্ত্বেও অগ্রিম বিল দেওয়া হয়েছে এবং অগ্রিম দেওয়া বিল সমন্বয়ের আগে বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিগুলো অবমুক্ত করা হয়েছে।

প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের দেওয়া ড্রইং বা ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতির বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিপিআর ২০০৮-এর বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগও রয়েছে।

মামলার অন্যান্য আসামি হলেন— বেরোবি’র সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%